Editorial

শাসকের গুন্ডারা আইনের ঊর্ধ্বে

সম্পাদকীয় বিভাগ

এবিভিপি তথা আরএসএস’র মতাদর্শগত অ্যাজেন্ডার অন্যতম যে বইয়ের বিরুদ্ধাচরণ, শিক্ষা-জ্ঞানচর্চা-চেতনার পথ অবরুদ্ধ করা এবং বই কেনা, বিক্রি ও পড়ার বিরুদ্ধে বেপরোয়া আগ্রাসন তা গত কয়েক মাসে তাদের কর্মকাণ্ডে বাংলার বুকে প্রতিষ্ঠিত করে দিয়েছে। বইয়ে যাদের ঘোর আতঙ্ক, ভয় তাদের নাম বিদ্যার্থী হওয়া হাস্যকর বিষয়। অনেকটা কানা ছেলের নাম পদ্মলোচনের মতো। পড়াশুনা, বই যদি শত্রু হতে থাকে তাহলে এবিভিপি তাদের নাম থেকে বিদ্যার্থী শব্দটা বাতিল করে দেওয়াই বাস্তবসমম্মত হবে। অবশ্য এসব যুক্তি-তর্ক, ঠিক-বেঠিক, বাস্তব-অবাস্তবোধ তাদের আছে কিনা সংশয় আছে। যদি থাকত আর যাই হোক গেরুয়া ফেট্টি, গেরুয়া গাছা গলায় ঝুলিয়ে বইকে লক্ষ্য করে বোমা ছুঁড়তো না এবং বোমাবাজির পর স্লোগানে উদ্বাহু নৃত্য করতো না। বঙ্গ সংস্কৃতিকে এমন কুৎসিত ও নিকৃষ্টমানের উন্মাদনা কোনোকালে ছিল না। সনাতনী সংস্কৃতির ধুয়ো তুলে ইদানীং আমদানি করা হচ্ছে। এমন অসভ্যতা, কদর্যতা, নিশ্চিতভাবেই বাংলায় বহিরাগত অনুপ্রবেশকারী।
কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এসএফআই-র উদ্যোগে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা গত কয়েক বছর ধরে নভেম্বর মাসে তিন-চারদিনের জন্য বুক স্টল করে। এবারও পৌরসভার অনুমতি নিয়ে পুলিশকে আগাম চিঠি দিয়েস্টল করতে গেছে। আগের দিন রাত থেকেই পুলিশ বাধা দেয় হুজ্জুতি করে। স্টল বানাতে না দেওয়ায় টেবিল পেতে স্টল চালু করতে গেলেও বাধা দেয় পুলিশ। শেষে ছাত্র-ছাত্রীদের সঙ্গে চূড়ান্ত অসভ্যতার মধ্যে গ্রেপ্তার করে লাল বাজারে বন্দি রাখে। ছাড়া পেয়ে ফের একই জায়গায় টেবিল পেতে স্টল চালু করে পরদিন সকালে। এসএফআই’র সঙ্গে দীর্ঘ বিরোধে পুলিশ হাল ছেড়ে স্টলের অনুমোদন দিলেও স্টল ভাঙতে নামানো হয় গেরুয়া ঝান্ডাধারী ভাড়াটে গুন্ডাদের এবিভিপি’র ঝান্ডা হাতে দিয়ে। যারা কেউই প্রায় ছাত্র নয়, বইয়ের সঙ্গে সম্পর্কহীন সেই বহিরাগত দুষ্কৃতীরা পালটা বুক স্টল করার ছুতোয় জড়ো হয়ে অশ্রাব্য গালিগালাজ করে। বুক স্টলে জলের বোতল, চায়ের কাপ, ইট-পাথর ডিস ছুঁড়ে তাদের সনাতনী শিক্ষা ও সংস্কৃতির প্রদর্শণ করতে থাকে। তাতেও যখন নিজেদের প্রকৃত হিন্দুত্ববাদী ও সনাতনী বলে তৃপ্তিবোধ হচ্ছিল না তখন তারা বই নষ্ট করতে এবং স্টল পোড়াতে বোমা ছুঁড়তে শুরু করে। ইতিহাসে বাংলা প্রথম প্রত্যক্ষ করলো বই ধ্বংস করতে বোমা মারার মতো মানুষরূপী কিছু জীব এরাজ্যে আছেন।
এখন প্রশ্ন হলো শুভেন্দুর রাজত্বে প্রকাশ্য রাজপথে বোমা মারার উল্লাস কি আইনিভাবে বৈধ? যদি না হয় তাহলে পুলিশ দাঁডিয়ে মজা না দেখে তাদের গ্রেপ্তার করল না কেন? মুখ্যমন্ত্রী বারবার বলেছেন গুন্ডামি করলে কাউকে ছাড়া হবে না। সকালে জমা করে বিকেলে খরচ করা হবে। তাহলে পুলিশকে কি বলে দেওয়া হয়েছে শাসক দলের আশ্রিত গুন্ডাদের স্পর্শ করা যাবে না। সহজ কথায় গেরুয়া ঝান্ডা নিয়ে গুন্ডামি করলে তাকে আইনিভাবে বৈধ ধরে নেওয়া হবে। কলেজ স্টিটে তাই গেরুয়া ঝান্ডা নিয়ে গুন্ডামি করলেও পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বরং নিরাপত্তা দিয়েছে যাতে আরও বেশি গুন্ডামি করতে পারে। শুভেন্দুর সরকারের আইন বিরোধীদের জন্য কার্যকর। শাসকের জন্য নয়। শাসক আইনের ঊর্ধ্বে। তারা যা খুশি তাই করতে পারে।

Comments :0

Login to leave a comment