Dhaka Workers Movement

বাংলাদেশে ফের শ্রমিক অসন্তোষে ৪০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের আন্দোলন ও কর্মবিরতির মুখে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার  সকালে বিভিন্ন কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। কাজে যোগ দিতে এসে অনেক শ্রমিক কারখানা বন্ধের নোটিশ দেখে ফিরে যান। কয়েকটি কারখানায় শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজে অংশ নিতে অস্বীকৃতি জানান।
শ্রমিকদের অন্যতম দাবি, বর্তমান ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণ করা। পাশাপাশি বকেয়া বেতন পরিশোধ, কর্মপরিবেশের উন্নয়ন, অতিরিক্ত কাজের চাপ কমানো এবং শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার বন্ধের দাবিও রয়েছে।  
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ মোড়, কারখানার প্রবেশপথ এবং সম্ভাব্য সংঘাতপ্রবণ এলাকায় অতিরিক্ত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং কারখানার শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতেও নজরদারি বাড়ানো হয়েছে। 
শ্রমিক প্রতিনিধিদের মতে, দীর্ঘদিনের অসন্তোষ ও বিভিন্ন কারখানায় বিদ্যমান সমস্যা আন্দোলনকে উসকে দিচ্ছে।
এদিকে শিল্প পুলিশ, জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবির সদস্যরা নিরাপত্তা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। 
কারখানা কর্তৃপক্ষের দাবি, শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি ও নিরাপত্তা ঝুঁকির কারণে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম চালুর বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে শ্রমিক নেতা সাদেক আলি শ্রমিক অসন্তোষের কারণ ভিন্ন বলে দাবি করেছেন। তিনি এসব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব এবং বন্ধের অজুহাতে কোনো শ্রমিককে চাকরিচ্যুত না করার ও শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তিনি।

Comments :0

Login to leave a comment