এসআইআর বাতিল না করা পর্যন্ত চলবে বিক্ষোভ। মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে সরাতেই হবে জ্ঞানেশ কুমারকে। দেশজুড়ে বিক্ষোভে শামিল রয়েছে সিপিআই(এম)। ভোটার তালিকায় ফেরাতেই হবে প্রকৃত ভোটদাতাদের নাম।
শনিবার, ১০ অক্টোবর, সন্ধ্যায় দিল্লিতে তুমুল বিক্ষোভের পর এই ঘোষণা করেছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি। সব অংশকে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এদিন সকাল দিল্লির সর্বত্র উর্দিধারীরা বিক্ষোভ আটকানোর চেষ্টা চালিয়েছে। প্রায় চার হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। দিল্লিতে ‘লকডাউন’ পরিস্থিতি চলছে। রাত পর্যন্ত মেট্রো বন্ধ ৪৫ স্টেশনে।
বেবিকেও এদিন আটক করা হয়। তিনি সোশাল মিডিয়া পোস্টে বলেছেন, বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের কয়েকশো নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। আটক করা হয়েছে সমাজকর্মী, ছাত্র-যুব প্রতিবাদীদের। সিপিআই(এম)’র প্রায় গোটা নেতৃত্বকে আটক করা হয়েছে। অনেককে ধাক্কা দিয়ে তোলা হয়েছে গাড়িতে। আহত হয়েছেন অনেকে। পলিট ব্যুরো সদস্য তপন সেন এবং সিপিআই(এম) সাংসদ ভি শিবদাসন চোট পেয়েছেন।
দিনভর বাহিনী নামিয়ে বিক্ষোভ ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানোর পর বিজেপি বলেছে ‘ফ্লপ শো’। দলের অন্যতম মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, নৈরাজ্য তৈরির চেষ্টা চলছিল। পুলিশ তার মোকাবিলা করেছে।
সোশাল মিডিয়ায় একাধিক ভিডিও-তে দেখা গিয়েছে কারা দিল্লিজুড়ে অরাজকতা চালিয়েছে। একটি ভিডিও-তে দেখা গিয়েছে ছাত্রী এবং অন্য প্রতিবাদীদের পুলিশের সামনে মারধর করছে একদল দুষ্কৃতী। মহিলা সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে হেনস্তা করতে দেখা গিয়েছে। হয়েছে পালটা প্রতিরোধও। এমনও ভিডিও ছড়িয়েছে যেখানে ময়লা আবর্জনা ফেলতে দেখা গিয়েছে দিল্লির রাস্তায়।
এদিন কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকেও আটক করে পুলিশ।
আরেকদিকে আটক করা হয়েছে ককরোচ জনতা পার্টির নেতৃত্বকে।
এসএফআই জানিয়েছে যে সংগঠনের ৫০০ নেতা ও কর্মীকে আটক করা হয়েছে। এসএফআই সর্বভারতীয় সভাপতি আদর্শ ওম সাজি, যুগ্ম সম্পাদক ঐশী ঘোষ, সহ সভাপতি শিল্পা সুরেন্দ্রনও রয়েছেন তাঁদের মধ্যে।
এদিন দেশের বিভিন্ন প্রান্তে হয়েছে বিক্ষোভ। মুম্বাইয়ে আটক করা হয়েছে অভিনেতা ইমরান খানকে। চল্লিশের বেশি মেট্রো স্টেশন বন্ধ করা হয়েছে। সকাল থেকে আটক করা হয়েছে বহু প্রতিবাদীকে।
M A Baby
এসআইআর বাতিল, নাম না ফেরানো পর্যন্ত চলবে লড়াই: বেবি
পুলিশের হেনস্তায় আহত সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য তপন সেন।
×
Comments :0