GDP growth

রেকর্ড’ জিডিপি’! অঙ্কের গোঁজামিলে

স্পটলাইট

জিডিপি বৃদ্ধির হার ৭.৮ শতাংশ। ‘রেকর্ড’—  জোরদার এমনই প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি’ও প্রচার করছে দেশ খুব এগোচ্ছে। কিন্তু বাস্তব বলছে বিজেপি গোঁজামিল দিয়ে দেশের মানুষকে ভুল বোঝাচ্ছে।
দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন হলো জিডিপি। ২০২০-২১-কে ভিত্তিবর্ষ ধরে ২০২৫-২৬ সালের প্রথম ত্রৈমাসিকে কেন্দ্রীয় সরকার জিডিপি ধরেছিল হয়েছিল ৮৬.০৫ লক্ষ কোটি টাকা। পরে ভিত্তিবর্ষই বদলে দেওয়া হলো। ধরা হলো ২০২২-২৩-কে। তার ভিত্তিতে দেখানো হলো ২০২৫-২৬-এ জিডিপি ৮০ লক্ষ কোটি টাকা। অর্থাৎ ভিত্তিবর্ষ বদলে ৬ লক্ষ কোটি টাকা কমিয়ে দেওয়া হলো। কিন্তু এই বৃদ্ধির হার কমানোর কোনো ব্যাখ্যা আজও কেন্দ্রের তরফ থেকে দেওয়া হয়নি। ২০২৬-২৭ সালের প্রথম ত্রৈমাসিক(এপ্রিল থেকে জুন) জিডিপি বাড়িয়ে ৭.৮ শতাংশ দেখাচ্ছে কেন্দ্রীয় সরকার। তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তার মধ্যে অন্যতম মোদী সরকারের প্রাক্তন অর্থসচিব সুভাষ চন্দ্র গর্গ। তিনি বলেছেন,‘‘পরিসংখ্যানে ব্যবধান কমিয়ে আনার মূল উদ্দেশ্য হলো চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে অর্থনীতি এক ধাক্কায় দারুণ উন্নতি করেছে বলে দেখানো। এবার প্রকৃত জিডিপি বৃদ্ধির হার (চলতি মূল্যে বা কারেন্ট প্রাইসে) খুব বেশি হলে ২.৬ শতাংশ হয়েছে। আর মূল্যবৃদ্ধির সাথে পণ্য ও পরিষেবার মূল্য মেলালে প্রকৃত ক্ষেত্রে জিডিপি বৃদ্ধির হার প্রায় শূন্য বললেও ভুল হবে না।’’
বিশেষজ্ঞদের মতে গত আগস্ট মাসে ভারতের উৎপাদন খাতের পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন ৫২.৮-এ নেমে এসেছে। জিডিপি বাড়লে এটি হওয়া সম্ভব নয়।
ভারতের রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর, অর্থনীতিবিদ রঘুরাম রাজনও প্রশ্ন তুলেছেন যে, ‘‘আমরা যদি এত দ্রুত উন্নতি করি, তাহলে আরও বেশি কর্মসংস্থান তৈরি করছি না কেন? আরও ভালো চাকরি কোথায়? আর বিনিয়োগই বা হচ্ছে না কেন? আমাদের শিল্পপতিরা বিনিয়োগ করতে এত অনিচ্ছুক কেন? বড় আকারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) কেন আসছে না?ছোট ও মাঝারি শিল্পপতিরা নতুন বিনিয়োগে কেন এগিয়ে এলেন না? বড় শিল্পপতিরাই বা ভারতে নতুন শিল্প তৈরিতে উৎসাহ দেখাচ্ছেন না কেন?’’ 
বিশেষজ্ঞদের অনেকের মতে, ভারতের জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ অসংগঠিত ক্ষেত্রে নিযুক্ত, যা এখনও স্থবির মজুরি, নিম্নমানের কর্মপরিবেশ ও সুযোগ-সুবিধার অভাবের মতো নানা সমস্যায় জর্জরিত। জিডিপি বৃদ্ধি থেকে অসংগঠিত ক্ষেত্র সামান্যই লাভবান হচ্ছে। তাই ভারতের উৎপাদন ও আয় বৃদ্ধি না হলে এই অর্থনৈতিক অগ্রগতি বৃহত্তর সমৃদ্ধিতে রূপান্তরিত হবে না।
বিশ্ব অর্থনীতিতে ইরান যুদ্ধের দীর্ঘমেয়াদি পরিণাম যে ভালো নয়, তা সম্প্রতি স্পষ্ট জানিয়েছে বিশ্বব্যাঙ্ক। এই যুদ্ধের প্রভাব পড়ছে ভারতের অর্থনীতিতেও। সেই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের প্রশ্ন—  জিডিপি বাড়ছে? অস্বাভাবিক দাবি।

Comments :0

Login to leave a comment