ব্রাজিলের বিরুদ্ধে নামার আগের দিন অনুশীলনেই কী রণকৌশল ফাঁস করে দিলেন খালিদ জামিল? উইং ধরেই কি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের রক্ষণে আঘাত হানতে চাইছে ভারত?
ফেডারেশন জানিয়েছিল, শুক্রবার সকাল সাড়ে ন’টায় যুবভারতীর মেইন গ্রাউন্ডে অনুশীলন করবে ভারত। নির্ধারিত সময়ের আগেই মাঠে পৌঁছে যায় দল। শুরুতে নিজেদের মধ্যে পাসিং অনুশীলন। কিন্তু তাতেও ম্যাচের আঁচ। কিছুক্ষণ পরই দুই প্রান্ত ধরে আক্রমণের মহড়া। বামদিক থেকে আশিক কুরুনিয়ানের ক্রস, ডানদিক থেকে বিক্রম প্রতাপ সিংয়ের বল বাড়ানো। একের পর এক মাইনাস ঢুকছে বক্সে। গোলের মহড়ায় ব্যস্ত মনবীর সিং, রায়ান উইলিয়ামস, এডমুন্ড লালরিনডিকা, রহিম আলিরা।
তেকাঠির নিচে কখনও গুরপ্রীত সিং সান্ধু, কখনও প্রভসুখন গিল। তবে অনুশীলনের সবচেয়ে সফল রায়ান। পানামার বিরুদ্ধে গোল করা ভারতীয় বংশোদ্ভূত এই ফরোয়ার্ড এদিনও একের পর এক দুরন্ত ফিনিশ করলেন। জালে বল জড়ানোর প্রতিযোগিতায় পিছনে ফেললেন মনবীর-রহিমদের। ব্রাজিলের জালেও কী বল জড়াবেন রায়ান?
সেন্টার লাইনের কাছে হাতে কোণ নিয়ে দাঁড়িয়ে পুরো অনুশীলনে নজর রাখছিলেন খালিদ। স্বভাবতই মিতভাষী ভারতীয় কোচ। কিন্তু এদিন তাঁকেই দেখা গেল, গলা চড়িয়ে ফুটবলারদের নির্দেশ দিতে। ব্রাজিল ম্যাচ তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ, তাতেই যেন স্পষ্ট। পানামা ম্যাচের পর খালিদ নিজেই বলেছিলেন, কোচিং জীবনের সবচেয়ে বড় ম্যাচ হতে চলেছে এটি।
এরপর সাংবাদিক সম্মেলনেও অন্য ছবি। বাইপাসের ধারে সাততারা হোটেলে ভারত-ব্রাজিল ম্যাচের সাংবাদিক বৈঠক। ব্রাজিল কোচ কার্লো কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে। মিনিট কুড়ি পর ভারতের সাংবাদিক সম্মেলন। সময়ের আগেই পৌঁছে গিয়েছিলেন খালিদ। ঢোকার মুখে নিরাপত্তারক্ষী তাঁকে চিনতে পারেননি। পরিচয় দিয়ে ভিতরে ঢুকে একপাশে দাঁড়িয়ে মন দিয়ে শুনলেন আনচেলত্তির কথা। বৈঠক শেষ হতেই আনচেলত্তির সঙ্গে সৌহার্দ্য বিনিময় তাঁর। দু’জনে ছবিও তুললেন। কী কথা হল? রাখঢাক না রেখে খালিদের উত্তর, ‘‘আমাকে শুভেচ্ছা জানালেন!”
দু’দলের দক্ষতায় কয়েক যোজন ফারাক। ফিফার ক্রমতালিকায় চোখ রাখলেই সেটা বোঝা যায়। ব্রাজিলের থেকে ১৩৩ ধাপ পিছিয়ে ভারত। তাই, এই ম্যাচ হারলে তাঁকে বা ফুটবলারদের কেউ দোষ দেবে না। ড্র হলে মিলবে বীরের সম্মান। কিন্তু খালিদ-আনোয়ারদের লক্ষ্য লড়াই করা। পানামার বিরুদ্ধে ভারতের ফুটবল ইতিমধ্যেই আশা জাগিয়েছে। ব্রাজিলের বিরুদ্ধেও সেই সাহসটাই দেখতে চাইছে ফুটবলপ্রেমীরা। যা খবর, পানামা ম্যাচের একাদশই ব্রাজিল ম্যাচে নামাতে পারেন খালিদ। শেষ মুহূর্তে নাটকীয় বদল না হয়!
বাড়তি চাপ অনুভব করছেন? রাতে ঘুম হচ্ছে? প্রশ্ন শুনে প্রথমে খানিকটা থমকালেন খালিদ। তারপর টেনিস কিংবদন্তি বিলি জিন কিংয়ের কথা টেনে বললেন, ‘‘প্রেশার ইজ প্রিভিলেজ। চাপ থাকা ভালো। আমরা জানি এই ম্যাচের গুরুত্ব কতটা। ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। নিজেদের সেরাটা দিতে হবে। ফলাফল আমাদের হাতে নেই।’’
ব্রাজিলের বিরুদ্ধে কৌশল নিয়ে অবশ্য বেশি কিছু বলতে চাননি। খালিদের কথায়, ‘‘পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে সহজ এবং কার্যকর ফুটবল খেলাই গুরুত্বপূর্ণ।’’ ব্রাজিলের গভীরতা নিয়েও সতর্ক তিনি। বললেন, ‘‘ওরা বিশ্বের অন্যতম সেরা দল। শুধু একজন বা দু’জনের উপর নির্ভরশীল নয়। আগে থেকে সব কিছু অনুমান করা কঠিন।’’
আর অনূর্ধ্ব-১৭ দলে আর্জেন্টিনার বিরুদ্ধে ফ্রি-কিক থেকে গোল করে ভারতকে জেতানো আনোয়ার আলির সামনে এবার ব্রাজিল। লক্ষ্য? সোজাসাপটা উত্তর, ‘‘সুযোগ পেলে অবশ্যই গোল করার চেষ্টা করব। আমাদের দলে ফ্রি-কিক নেওয়ার জন্য আরও কয়েকজন আছে, যারা আমার চেয়ে ভালো। তবে সুযোগ এলে গোল করার চেষ্টা করব।’’
Brazil India Friendly
‘প্রেশার ইজ প্রিভিলেজ’, বললেন খালিদ, প্রান্তিক আক্রমণে ব্রাজিলের রক্ষণ ভাঙার পরিকল্পনা ভারতের
×
Comments :0