Left Front PURBA MEDINIPUR

ভোটারদের বাদ দিয়ে ভোট হবেনা, নিমতৌড়িতে দৃপ্ত মিছিল বামফ্রন্টের

জেলা

নিমতৌড়িতে জেলাশাসকের দপ্তর অভিমুখে মিছিল। রয়েছেন সুজন চক্রবর্তী, নিরঞ্জন সিহি সহ অন্যান্য নেতৃবৃন্দ। ছবি: রামশঙ্কর চক্রবর্ত্তী।

জীবিত ভোটার তার নাম বাতিল! পূর্ব মেদিনীপুর জেলায় বাতিল ভোটারদের মধ্যে নব্বই শতাংশই জীবিত। জেলায় বাতিল ও বিচারাধীন ভোটারদের সংখ্যা প্রায় নব্বই হাজার। স্পষ্ট দাবি, ভোটারদের বাদ দিয়ে ভোট হবেনা। এমন পরিস্থিতিতে জেলাশাসক সহ বিডিও অফিস চত্বরে ভুক্তভোগীদের ভিড় প্রায় প্রতিদিনই। নির্বাচন কমিশনের সঠিক নির্দেশিকা না থাকায় বিপর্যস্ত মানুষজন কী করবেন বুঝে উঠতে পারছেন না।

জেলায় বাতিল তালিকায় এমনও ব্যক্তি রয়েছেন যাদের পারিবারিক ইতিহাস প্রায় চারশো বছরের প্রাচীন। এই পরিবারের সতেরো তম প্রজন্মর নাম বাতিল হয়েছে। অথচ সেই ব্যক্তি জীবিত রয়েছেন। তেমনই চন্ডিপুরে একটি বুথে ১৭জন জীবিত ব্যক্তির নাম বাতিল রয়েছে। এমন পরিস্থিতিতে ভোটাধিকার বাঁচাও, গণতন্ত্র বাঁচাও, বাংলা বাঁচাও এই দাবিতে সেই সঙ্গে বিজেপি তৃনমূলের রাজনৈতিক স্বার্থ পূরণের লক্ষে নির্বাচন কমিশনের চক্রান্তে বিচারাধীন ও বাতিলের তালিকায় লক্ষ লক্ষ যোগ্য ভোটারের নাম রেখে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলা বামফ্রন্টের ডাকে মিছিল হল শুক্রবার। 
এদিন নিমতৌড়ির চক থেকে জেলাশাসকের দপ্তর পর্যন্ত মিছিল হওয়ার পর নির্দিষ্ট দাবিতে জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। সেই সাথে অবস্থান বিক্ষোভ সভা হয়। বক্তব্য রাখেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, সিপিআই(এম) পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, হিমাংশু দাস, ইব্রাহিম আলি সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ ডেপুটেশনের মাধ্যমে জেলায় প্রকৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত তুলে ধরেন। সুজন চক্রবর্তী তাঁর বক্তব্যে বলেন, "ভোটারদের বাদ দিয়ে ভোট হবেনা। তৃণমূল বিজেপি আর নির্বাচন কমিশনের চক্রান্ত রুখতে হবেই। প্রকৃত ভোটারদের নাম বাতিল অথবা বিচারাধীন করে দিয়েছে। যারা জন্ম থেকে এদেশের বাসিন্দা তাদের নাগরিকত্ব কেড়ে নিতে চাইছে। তালিকায় কে নেই? বিএলও, সাংবাদিক, সরকারি কর্মচারী সহ নানান জনের নাম বাদ দিয়েছে। অবিলম্বে প্রকৃত ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। কোনও প্রকৃত ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়া চলবেনা।"

 

Comments :0

Login to leave a comment