ডাঃ পুলিনবিহারী বাস্কে
১৮৭৫ সালে ১৫ নভেম্বর বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের খুঁটি জেলার অলিহাতু গ্রামে জন্মগ্রহণ করেন ‘ধারতি আবা’ বিরসা মুণ্ডা। তাঁর বাবার নাম শুগনা মুণ্ডা, মায়ের নাম কারমিহাতু। বাবা-মা বিরসা মুণ্ডার শিক্ষার জন্য খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। কিন্তু পরে বিরসা মুণ্ডা ধর্ম পরিবর্তন নিয়ে বিরোধিতা করেন। তাঁর একটাই প্রশ্ন, শিক্ষার জন্য নিজের ধর্ম কেন পরিবর্তন করতে হবে? তিনি বুঝেছিলেন আদিবাসী পরিচিতিকে শেষ করার জন্য তাদের ধর্ম এবং সংস্কৃতিকে বিকৃত করা হচ্ছে। তিনি স্কুল ছেড়ে ক্রিশ্চান ধর্মকে ত্যাগ করে, নিজের ধর্মে ফিরে আসেন এবং গ্রামে আদিবাসীদের মাঝে চলে যান।
ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নিজস্ব অধিকার রক্ষার জন্য তিনি আদিবাসী মুণ্ডা সমাজকে একত্রিত করেন এবং তির ধনুক নিয়ে বিদ্রোহে শামিল হন। ব্রিটিশের বিরুদ্ধে ও ধর্মান্তরকরণের বিরুদ্ধে মুণ্ডা সমাজকে রক্ষা করার জন্য বিদ্রোহ করেন। এই বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশ সরকার বিরুদ্ধে বিরসা মুণ্ডাকে কয়েকবার কারারুদ্ধ করে এবং তাঁর শিষ্যদের উপর অত্যাচার তীব্র করে তবুও বিদ্রোহ থামাতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত, তাঁর কিছু সঙ্গীকে প্রলুব্ধ করে বিরসাকে গ্রেপ্তার করা হয়। ১৯০০ সালে ৯জুন, মাত্র ২৫ বছর বয়সে রাঁচির এক কারাগারে তাঁকে হত্যা করা হয়।
তিনি ছিলেন একজন আদিবাসী স্বাধীনতা সংগ্রামী, সমাজ সংস্কারক এবং ধর্মীয় নেতা। তিনি আদিবাসীদের শোষণের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং তাদের অধিকার ও সংস্কৃতি রক্ষার জন্য সংগ্রাম করেছিলেন। মুণ্ডা সমাজের উন্নতি ও সমাজ, সংস্কৃতি, ভাষা রক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি বুঝেছিলেন ধর্ম ও সংস্কৃতির উপর আঘাত চিরস্থায়ী বন্দোবস্তের কুফল, শোষণের মাত্রা বৃদ্ধির ফলে মুণ্ডা সমাজের বড় ক্ষতি হচ্ছে। তিনি বলেছিলেন-‘আ বোয়া দিশম আ বোয়া রাজ’। যার অর্থ আমাদের দেশ, আমাদের শাসন।
এর ফলে সবচেয়ে বড় প্রাপ্তি ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট (সিএনটি)। ১৯০৮ সালে সিএনটি চালু করতে বাধ্য হয়। ছোট নাগপুর টেনেন্সি অ্যাক্ট, ছিল ব্রিটিশদের দ্বারা ১৯০৮ সালে প্রণীত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমি আইন। এটি মূলত ছোট নাগপুর মালভূমি অঞ্চলে, যা বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যের একটি বড় অংশ, আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার রক্ষার জন্য তৈরি করা হয়েছিল। এই আইনটির প্রধান বৈশিষ্ট্য ও উদ্দেশ্যগুলি ছিল-তফসিলি উপজাতি বা আদিবাসীদের জমি অ-আদিবাসীর কাছে হস্তান্তর (বিক্রি বা অন্য কোনও উপায়) করা যাবে না। এর মূল লক্ষ্য ছিল জমিদার, মহাজন এবং বহিরাগতদের (যারা ‘দিকু’ নামে পরিচিত) দ্বারা আদিবাসীদের জমির শোষণ ও দখল করা থেকে রক্ষা করা।
বিরসা মুণ্ডা ভারতের স্বাধীনতা সংগ্রামে একজন গুরুত্বপূর্ণ আদিবাসী নেতা এবং জাতীয় নায়ক হিসাবে স্বীকৃতি সংসদ ভবনের সেন্ট্রাল হলে আদিবাসী বীর হিসাবে তাঁর ছবি রয়েছে। স্কুল, বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর ইত্যাদি বিরসা মুণ্ডার নামে নামকরণ করা হয়েছে। তাঁর জন্মদিবস এই কারণেই জনজাতি গৌরব দিবস হিসাবে পালিত হয়। প্রতিবছর ১৫নভেম্বর, ‘ধারতি আবা’ বিরসা মুণ্ডার জন্মজয়ন্তী পালিত হয়। সরকারের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিরসা মুণ্ডার জন্মদিন পালিত হয়। তাছাড়া মুণ্ডা সমাজের, ভারতীয় ভূমিজ মুণ্ডা সমাজ, আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চ উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সাথে এই দিনটি উদ্যাপিত হয়। সেই সঙ্গে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ, সারা ভারত কৃষকসভা, সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়ন, আদিবাসী লোকশিল্পী সঙ্ঘের উদ্যোগে বিভিন্ন জেলায় এবং এলাকায় আদিবাসী ক্লাবের সহযোগিতায় যথাযোগ্য সম্মান ও শ্রদ্ধার সঙ্গে বিভিন্ন ধরনের মুণ্ডারী নৃত্য, গান আবৃত্তি, প্রতিযোগিতা সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ বছর তাঁর ১৫১তম জন্মজয়ন্তীও মর্যাদার সঙ্গে সর্বত্র পালিত হবে।
বর্তমান বিজেপি-আরএসএস দ্বারা পরিচালিত কেন্দ্রীয় সরকার যে নীতি নিয়ে শাসন পরিচালিত করছে, তা ব্রিটিশদের শাসনের কথা মনে করিয়ে দিচ্ছে। ব্রিটিশ শাসন আমলেও আদিবাসী-দলিত, উঁচু-নিচু, সাদা-কালোদের তাদের ইচ্ছামত অত্যাচার চালানো হতো। আজও দেশের সরকার ধর্মের নামে রাজনীতি করছে, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, নারীদের উপর নির্মম নির্যাতন করা হচ্ছে। আর যখন এই কাজে তারা সংবিধানের কাছে বাধাপ্রাপ্ত হচ্ছে, তখন তারা সেটাও ধ্বংস করতে চায়। এদের মূল উদ্দেশ্য ভারতে হিন্দুরাষ্ট্র প্রতিষ্ঠা করা, মনুবাদী ব্যবস্থা কায়েম করা। নয়া উদারবাদী আর্থিক নীতি গ্রহণ করার ফলে ভারতের আদিবাসী জনগণ ব্যাপক সমস্যার সম্মুখীন।
ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে আদিবাসীদের ভূমিকা স্মরণীয় হয়ে আছে। যেমন সাঁওতাল বিদ্রোহ, বাবা তিলকা মাঝি বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহ, কোল বিদ্রোহ, ভিল বিদ্রোহ, নাগা বিদ্রোহ, ওরলি আদিবাসী বিদ্রোহ ইত্যাদি অসংখ্য বিদ্রোহ রয়েছে। অতএব, সংবিধানে আদিবাসীদের জন্য একটি পৃথক স্থান রয়েছে। তারা সমাজের সবচেয়ে শোষিত এবং পিছিয়ে পড়া শ্রেণি তাই তাদের পৃথক অধিকার দেওয়া হয়েছে। আদিবাসী মুণ্ডা সম্প্রদায়ের মানুষ ঝাড়খণ্ড, সহ ওডিশা, পশ্চিমবঙ্গ, আসাম সহ বিভিন্ন রাজ্যে রয়েছে। ধর্মীয় ও সামাজিক রীতিনীতি রক্ষা করার ক্ষেত্রে সঙ্কটের মধ্যে রয়েছে। শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে প্রশ্নে অবহেলিত।
ভারতের আদিবাসী এলাকা বন, জঙ্গল, পাহাড় ও খনিজ সম্পদে ভরপুর। কেন্দ্রীয় সরকার কর্পোরেট স্বার্থবাহী নীতি গ্রহণ করার ফলে এই সমস্ত অঞ্চল থেকে আদিবাসীদের উচ্ছেদ করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বনাঞ্চল ও সম্পদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। আমাদের রাজ্যে বীরভূম জেলায় দেওচা-পাঁচামী পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, তিলাবনি পাহাড় বিক্রি করার প্রক্রিয়া চলছে, নিতুরিয়া কয়লা খনি ইত্যাদি উদাহরণ রয়েছে।
বিজেপি আরএসএস’র বিভাজনের রাজনীতির ফলে গরিব শ্রমজীবী মানুষের মধ্যে চরম বিভ্রান্তি সৃষ্টি করেছে। কখনো জাত, ধর্ম, সম্প্রদায়, ভাষা, সংস্কৃতি, রীতিনীতি, পরিচিতি সত্তাকে নিয়ে রাজনীতি করছে। ফলে শ্রেণি ঐক্য বিনষ্ট হচ্ছে। ২০২৬ সালে রাজ্যের নতুন বিজেপি সরকার ৯আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন না করার জন্য ঘোষণা করল। আদিবাসীদের স্বীকৃত কোনও ধর্ম নেই। বর্তমানে তা নিয়েও রাজনীতি অব্যাহত রয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকার জাত গণনার কলামে হিন্দু, ইসলাম, ক্রিশ্চান, শিখ, বৌদ্ধ, জৈন ধর্ম উল্লেখ থাকলেও আদিবাসীদের কোনও ধর্ম কলাম উল্লেখ নেই। আদিবাসীদের দাবি, প্রকৃতি পূজারী ও আদিবাসী বিশ্বাস ধর্ম কলামে উল্লেখ করা প্রয়োজন।
ধারতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান ২০২৪ সালের অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই প্রকল্প শুরু হয়েছে। দেশের ৬৩ হাজার আদিবাসী গ্রাম চিহ্নিত করা হয়েছে, পাঁচ কোটি জনজাতি চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রীয় সরকার ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল। বিভিন্ন আর্থিক ও সামাজিক উন্নতির জন্য, পরিকাঠামো উন্নয়নের জন্য, প্রশিক্ষণ সহ শিক্ষা ও স্বাস্থ্য উন্নতির জন্য বরাদ্দ ছিল কিন্তু ২ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও বাস্তবে তা সঠিকভাবে রূপায়িত হয়নি।
বিরসা মুণ্ডার জন্মদিবসকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী, জমিদার মহাজন বিরোধী দিবস চিহ্নিতকরণ করতে হবে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আদিবাসী লড়াই সংগ্রামের ইতিহাসকে বিকৃত করা চলবে না। মুণ্ডারী ভাষাকে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করতে হবে। জল, জঙ্গল, জমিনের অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত বন্ধ করতে হবে। ২০০৬ বনাধিকার আইনকে কার্যকরী করতে হবে, গ্রাম সভাকে স্বীকৃতি দিতে হবে, আদিবাসীদের উচ্ছেদ করা চলবে না। রাজ্যে ব্যাপকভাবে অ-আদিবাসীদের জাল আদিবাসী শংসাপত্র বিতরণ করা হচ্ছে অসৎ উপায়ে। রাজ্য সরকারের দুর্নীতি করার বড় ক্ষেত্র তৈরি হয়েছে। ব্যাপক আকারে জাল এসটি সার্টিফিকেট বাতিলের জন্য তদন্ত কমিশন গঠন করতে হবে। আদিবাসী মহিলাদের ধর্ষণ, খুন এবং শ্লীলতাহানি বন্ধ করতে হবে। আদিবাসী এলাকায় বন্ধ থাকা একলব্য মডেল স্কুল, স্কুল হস্টেলগুলো চালু করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে উপযুক্ত শিক্ষক নিয়োগ করতে হবে। ল্যাম্পস্গুলিকে গণতান্ত্রিক পদ্ধতিতে চালু সহ অর্থ বরাদ্দ বৃদ্ধি করতে হবে। ভিবিজি-রামজি প্রকল্প বাতিল করতে হবে এবং এমজিএনআরইজিএএস ১০০দিনের কাজকে ২০০দিন করতে হবে এবং ৬০০ টাকা মজুরি দিতে হবে। আদিবাসী জনসংখ্যার অনুপাতে অর্থাৎ ৮.৬ শতাংশ হারে কেন্দ্রীয় সরকারকে অর্থ বরাদ্দ করতে হবে এবং রাজ্য সরকারগুলিকেও আদিবাসী জনসংখ্যার অনুপাতে অর্থ বরাদ্দ করতে হবে।
বর্তমান সময়ে এই আরএসএস-বিজেপি সাম্রাজ্যবাদী, আদিবাসী বিরোধী শাসককে পরাস্ত করতে সংগঠিত আন্দোলন ছাড়া, বিকল্প কোনও রাস্তা নেই। তাই এই সমাজের ধারতি আবা বিরসা মুণ্ডাকে স্মরণ করতে হয় এবং শপথ গ্রহণ করে সেই পথ অনুসরণ করতে হয়। এই মূহুর্তে আদিবাসীদের সামনে যে জ্বলন্ত দাবিগুলি রয়েছে, সেগুলি নিয়ে আদিবাসীদের ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে হবে।
Birsa Munda
আদিবাসী বিরোধী বিজেপি সরকারকে পরাস্ত করতে হবে
×
Comments :0