Municipal Recruitment Scam

পৌর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর শ্যালককে সিবিআইয়ের তলব

রাজ্য

পৌর নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর শ্যালককে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। সুজিত বসুকে ঘিরে অভিযোগের পাহাড়। অভিযোগের মূল কেন্দ্র দক্ষিণ দমদম পৌরসভা। সেখানে দায়িত্বে থাকার সময় মোটা টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, এই অভিযোগের ভিত্তিতেই শুরু হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি। ২০২৫ সালের অক্টোবরে কলকাতার ছ’টি জায়গায় একযোগে তল্লাশি চালায়, যার মধ্যে ছিল সুজিত বসুর বাড়ি ও অফিস। সেই তল্লাশিতে নগদ ৪৫ লক্ষ টাকা নগদ উদ্ধার এবং গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত হয়। আর্থিক বেনিয়মের হিসাব খতিয়ে দেখতে গিয়েই তদন্তে জড়িয়েছে তাঁর পরিবারে। এর জেরে প্রাক্ত মন্ত্রীর স্ত্রী থেকে ছেলে সবাই জেরার সমন পেয়েছেন। বাদ পড়েনি সুজিত বসু’র মেয়েও। তাঁদের প্রত্যেকের নামেই নাকি মিলেছে উল্লেখযোগ্য সম্পত্তি। এবার পৌর নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর শ্যালককে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্তকারীদের দাবি, বেআইনি কারবারে শ্যালককে কাজে লাগিয়েছিলেন সুজিত বসু। অভিযোগ তাঁকে চাকরিও দেওয়া হয়েছিল। আর্থিক দিক থেকে তিনি আর কী কী সুবিধা পেয়েছেন এবং দুর্নীতির চক্র কীভাবে কাজ করেছে, তা জানতেই সুজিত বসুর শ্যালককে সিবিআই’র তলব।
গত মে মাসে রাজ্যে পালাবদলের পরই সুজিত বসু সহ তৃণমূলের একাধিক বিধায়ক, মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়। তার আগেই অবশ্য পৌরসভা ও শিক্ষক নিয়োগের মতো গুরুতর মামলার দায়িত্বভার পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। তদন্ত চলাকালীন তাঁর বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতি, ছেলের রেস্তোরাঁয় একাধিক বেআইনি কাজের অভিযোগ ওঠে। পৌর নিয়োগ দুর্নীতি মামলায় গত ১২ মে গ্রেপ্তার করা হয় প্রাক্তন মন্ত্রী ও বিধাননগরের প্রাক্তন বিধায়ক সুজিত বসুকে। সেই থেকে তিনি জেলবন্দি। কয়েকদিন আগে জেলে গিয়ে সুজিতকে জেরা করেছে সিবিআই। এবার তাঁর শ্যালককে তলব।

Comments :0

Login to leave a comment