Pregnant Woman Tortured in Coochbehar

ডিজের আওয়াজ কমাতে বলায় অন্তঃসত্ত্বার পেটে লাথি,কোচবিহারে এবারও অভিযুক্ত বিজেপি কর্মীরা

জেলা

 ডিজে’র আওয়াজ  কমাতে বলেছিলেন বিজেপি’র এক কর্মী। সেই ‘অপারাধে’ তাঁকে, তাঁর মাকে বেধড়ক মারধরই শুধু করা হয়নি, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটেও লাথি মারা হয়েছে। অভিযোগ উঠেছে কয়েকজন স্থানীয় বিজেপি কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, ওই মহিলার সন্তানসম্ভবা জানা সত্ত্বেও তাঁকে লাথি মারা হয়। তিনজনেরই চিকিৎসা হয়েছে হাসপাতালে। ঘটনার পরে সাত দিন পেরিয়ে গেলেও পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেনি বলে অভিযোগ। কোচবিহারেই পরপর তিনটি হামলার ঘটনায় অন্তঃসত্ত্বা মহিলাদের আক্রান্ত হওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। 
প্রসেনজিৎ রায়ের অভিযোগ, ‘‘আমি একা নই, আমার পরিবারের সকলেই বিজেপি’র কর্মী। আমরা ভোটও দিয়েছি বিজেপি-কে। গত ১৫ নভেম্বর আমার বাড়ির পাশে বিকট শব্দে ডিজে বাজিয়ে হুল্লোড় করছিল এলাকার কিছু ছেলে। তারাও বিজেপি’রই কর্মী। আমি গিয়ে ডিজের সাউন্ড কমাতে বলেছিলাম।’’ তারপর যা হয়েছে তা ভয়ঙ্কর। ‘কেন সাউন্ড কমাবো, তোর কথায় কমাবো’ বলে প্রসেনজিতের উপর ঝাঁপিয়ে পড়ে ৬-৭জন বিজেপি কর্মী। প্রসেনজিৎ রায়ের অভিযোগ, ‘‘গুরুদাস রায়, উজ্জল দাস, অভিজিৎ রায় সহ ৬-৭ জন আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। তীক্ষ্ণ লোহার একটি ফলা দিয়ে পেটে আঘাত করে। আমি মাটিতে পড়ে ছটফট করছি দেখে আমার মা বীণা রায় এগিয়ে এলে ওই যুবকেরা মাকে মাটিতে ফেলে মারধর করে। মায়ের শাড়ি ব্লাউজ ছিঁড়ে গেলেও ওরা মাকে রেহাই দেয়নি। এরপর আমার স্ত্রী শিবানী রায় আমাকে এবং মাকে বাঁচাতে এগিয়ে এলে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। ওরা সবাই জানতো আমার স্ত্রী সন্তানসম্ভবা। স্ত্রীর পেট লক্ষ্য করে চলে লাথিও। আমরা তিনজনেই হাসপাতালে যাই চিকিৎসা করাতে।’’ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ ব্যবস্থা নেয়নি বলে দাবি প্রসেনজিতের। এখন তাঁরা খুনের হুমকিও পাচ্ছেন বলে অভিযোগ।
এর আগে ২৮ অক্টোবর দিনহাটার বড়শাকদল পঞ্চায়েতের কুচনি গ্রামে বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে গৃহশিক্ষক দেবজিৎ বর্মণ ও তাঁর আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী প্রিয়া পালের উপর হামলার অভিযোগ ওঠে। পরদিন মৃত সন্তানের জন্ম দেন প্রিয়া।
গত ৬ নভেম্বর দিনহাটার ভল্কা গ্রামে আর এক ঘটনায় বিজেপি’র পঞ্চায়েত সদস্য ভবসিন্ধু বর্মণ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মৃণাল বর্মণ, তাঁর চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী অনামিকা এবং মা মায়া বর্মণকে মারধরের অভিযোগ ওঠে। অসুস্থ হয়ে পড়ায় অনামিকাকে হাসপাতালে ভর্তি করতে হয়।
তিনটি ঘটনাতেই অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিজেপি কর্মী বা নেতাদের। অভিযোগগুলির বিষয়ে পুলিশের পদক্ষেপের বিস্তারিত কিছুই খবর নেই।

Comments :0

Login to leave a comment