ব্যবস্থা যে প্রতিশ্রুতি দিয়েছিল, যেভাবে জেনেছিল নতুন প্রজন্ম, প্রতিদিন সেই ধারণাই ভেঙে যাচ্ছে। নতুন প্রজন্ম তার ক্ষোভ নিয়ে রাস্তায় নেমেছে। সে বিকল্প চাইছে। দিল্লির যন্তর-মন্তরে গড়ে ওঠা ‘জেন জি’ আন্দোলন দেখিয়েছে সেই চাহিদাকে। সে তার ভাষাও তৈরি করেছে, জুড়ে নিয়েছে এমন বহু অংশকে যে আগে রাস্তায় নামেনি।
রবিবার কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে নতুন প্রজন্মের আন্দোলন নিয়েই ছিল আলোচনা সভা। সীতারাম ইয়েচুরি ফাউন্ডেশন এবং জ্যোতি বসু সমাজচর্চা ও গবেষণা কেন্দ্রের যৌথ উদ্যোগে হয়েছে আলোচনা। সীতারাম ইয়েচুরি ফাউন্ডেশনের পক্ষে সঞ্চালনা করেছেন বরিষ্ঠ সাংবাদিক এবং ‘দ্যা ওয়্যার’-র সম্পাদক সীমা চিস্তি। আর যন্তর মন্তরে আন্দোলনের টাটকা অভিজ্ঞতা হাজির করেছেন, বিশ্লেষণ করেছেন এসএফআই নেত্রী ঐশী ঘোষ, সখী। অংশ নিয়েছেন এসএফআই’র সদস্য প্রাক্তন নেত্রী দীপ্সিতা ধরও।
চিস্তি বলেই নিয়েছিলেন যে গত কয়েকমাসের অভিজ্ঞতা নিশ্চয় আলাদা। নতুন প্রজন্মের আন্দোলন দেখেছি আমরা। তিনি ছুঁড়ে দিয়েছেন প্রশ্ন। ব্যাখ্যা করেছেন ঐশী, সখী, দীপ্সিতারা।
রবিবার, ২২ নভেম্বর, সকালেই শুরু হয় আলোচনা চক্র। সীতারাম ইয়েচুরি ফাউন্ডেশন আজকের সময়ে সাম্রাজ্যবাদ সংক্রান্ত গবেষণাপত্র আহ্বান করেছিল। সারা দেশ থেকেই জমা পড়েছে পত্র। জমা দিয়েছেন স্নাতক বা স্নতাকোত্তরের ছাত্রছাত্রীরাই। তার মধ্যে ৯ জন এদিন গবেষণা পত্র পেশ করেছেন।
পরের পর্বে হয়েছে ‘জেন-জি’ সংক্রান্ত আলোচনা। এর পর রয়েছে সাম্রাজ্যবাদ সংক্রান্ত আলোচনা। সভাপতিত্ব করবেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি। অংশ নেবেন অধ্যাপিকা মালিনী ভট্টাচার্য, অধ্যাপক প্রভাত পট্টনায়েক। রাখা হবে প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারির বার্তা।
ঐশী বলেছেন, যন্তর-মন্তরের আন্দোলন দেখিয়েছে সমাজতন্ত্রই ভবিষ্যৎ। আমাদের মিডিয়া বারবার বলতে চেয়েছে পুঁজিবাদই সেরা। অথচ পুঁজিবাদ বারবার ব্যর্থ হয়েছে। আমরা সমাজতন্ত্রের কথা বললে বলা হয়েছে এই ব্যবস্থা আমাদের আশা পূরণ করতে পারবে না। কিন্তু আমার কাছে যন্তর মন্তরের আন্দোলন দেখিয়েছে যে সব ধরনের বৈষম্য, লিঙ্গ বৈষম্যও পড়ে তার মধ্যে, একমাত্র সমাজতন্ত্রই এই বৈষম্য অবসানের পক্ষে একমাত্র বিকল্প। এই ভরসা পেয়েছি আন্দোলন থেকে।
ঐশী বলেছেন, আরএসএস-বিজেপি চাইছে দেশকে ভাঙতে। আসলে সাম্রাজ্যবাদের পক্ষের ধারণাকেই চাপিয়ে দিতে চাইছে। সে কারণে গণতন্ত্রের ওপর আক্রমণ করছে। শিক্ষা প্রতিষ্ঠানের স্বশাসনের পরিসর ধ্বংস করছে।
আন্দোলনের ভাষায় জোর দিয়েছেন ঐশী এবং দীপ্সিতা। তাঁরা বলেছেন আমরা দেখলাম যে
ব্যঙ্গ এবং মিম কিভাবে ঝুঁকিয়ে দিতে পারে বলশালীকে। দীপ্সিতা বলেছেন, আমরা দেখেছি, এই প্রথম, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও মিছিলের পোস্টারে। দিল্লিতে দেখেছি স্পাইডারম্যান প্রতীক হয়েছে প্রতিবাদী জমায়েতে। আসলে এটি একটি প্রজন্মের ভাষা। আমাদের প্রজন্মে ভাষা ছিল ক্ষোভের প্রকাশ। এবার দেখা গেল ব্যঙ্গ এবং রসিকতা, ছোট ছোট মিম। এই প্রজন্ম আন্দোলনের নতুন ভাষা শিখিয়েছে। ককরোচ জনতা পার্টি এই নামই একটি ব্যঙ্গ। নতুন প্রজন্মকে ককরোচ বলা হয়েছিল, তার প্রতিক্রিয়ায় এমন নামকরণ।
দীপ্সিতা বলেছেন, এই আন্দোলন দেখিয়েছে তথাকঠিত উদার গণতন্ত্রের প্রতিশ্রুতি কতটা ফাঁপা। তিনি বলেছেন, আমাদের বুঝতে হবে যে আমাদের মতোই রাজনীতি সচেতন বড় অংশ আছে। তাদেরও আমাদের মতোই ক্ষোভ রয়েছে এই ব্যবস্থার ওপর। কিন্তু তারা কোনও রাজনীতিতে সংগঠিত নয়। তাদের কাছে পৌঁছানোর ভাষা গুরুত্বপূর্ণ, যা সকলে টেনে আনতে পারে। তিনি বলেছেন, যখন রাজনীতি দেশের নতুন প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারণ করছে তখন নতুন প্রজন্মের দায়িত্ব তার রাজনীতি নির্ধারণ করার। নতুন ভাষ্য তৈরি করছে তারা।
সখীর জন্মই নতুন সহস্রাব্দে। তিনি ছোট ছোট অভিজ্ঞতায় বলেছেন নব্বইয়ের দশক থেকে বেসরকারি শিক্ষা বা স্বাস্থ্য নিয়ে তৈরি মিথ কিভাবে ভেঙে পড়ছে। এই প্রসঙ্গেই ঐশী মনে করিয়েছেন যে দিল্লির বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কেবল স্নাতক স্তরে ডিগ্রি পেতে ৩৪ লক্ষ টাকা খরচ করতে হচ্ছে।
সখী বলেছেন কিভাবে সরকারি পরিকাঠামোকে দ্বস্ত করে দেওয়া হচ্ছে। তিনি বলেছেন, ইউজিসি বলছে অন্তত ৬০ শতাংশ ছাত্রছাত্রীকে হস্টেলের ব্যবস্থা দিতে হবে। কিন্তু দিল্লি বিশ্ববিদ্যালয়ের মাত্র ২ শতাংশের জন্য হস্টেল রয়েছে। পানীয় জল থেকে অন্য ব্যবস্থার বেহাল দশা।
সখী বলেছেন, আমরা বেসরকারিকরণের বিরুদ্ধে আন্দোলন করতে পারব। আসলে যে গণতন্ত্রের কথা আমাদের পড়ানো হয়েছে বেসরকারিকরণ সেই ধারণাকে ভেঙে দিচ্ছে। আমরা দেখেছি এসআইআর বিরোধী আন্দোলনে এসএফআই’র ডাকে শয়ে শয়ে ছাত্রছাত্রী রাস্তায় নেমেছে। কারণ যে গণতন্ত্র সম্পর্কে তাঁরা পড়েছে তার সঙ্গে বাস্তব মিলছে না। আরএসএস-বিজেপি গঙ্গাকে ‘মা’ বানিয়েছে, কিন্তু গঙ্গার অবস্থা আমরা দেখছি। এরা গণতন্ত্রকে ‘মা’ বানিয়েছে, তাকেও ধ্বস্ত করছে প্রতিদিন। ‘মা’ বানানোর দরকার নেই, গণতন্ত্র অনুশীলনের বিষয়, সেটিই নেই।
নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা জানিয়ে তিনি বলেছেন, এমন দেশ চাই যেখানে শিক্ষা মেলে, স্বাস্থ্য মেলে। আর মেলে গুনগত মানে উন্নত রোজগারের সুযোগ। বাস্তব হলো যে কাজে দশ বছর আগে চল্লিশ হাজার টাকা মিলত এখন কমে অর্ধেক হয়ে গিয়েছে।
ঐশী এবং দীপ্সিতা মনে করিয়েছেন যে গত কয়েক বছর আমরা বারবার বড় আন্দোলন দেখেছি। তাঁরা বলেছেন, সিএএ-এনআরসি বিরোধী আন্দোলন দেখেছি। আমরা টানা এক বছর কৃষক আন্দোলন দেখেছি। যা দেখিয়েছিল যে মানুষ একজোট হলে বদলানো যায়, মোদী সরকারের তিন কৃষি আইনকে বাতিল করানো যায়। ৭০০ কৃষক প্রাণ দিয়েছেন কিন্তু আন্দোন জয়ী হয়েছে। মহারাষ্ট্রে কৃষকদের লঙ মার্চ দেখেছি। ফলে গত মে-জুলাই আন্দোলন থেকে চেষ্টা করেছি সরকার মানতে বাধ্য হয় এমন আন্দোলন গড়ে তুলতে।
Comments :0