কবিতা
মুক্তধারা
চলো ভাই চলো মিছিলেই চলো...
স্বপন পাল
২০২৬ ফেব্রুয়ারি ২ | বর্ষ ৩
মিছিল মানেই - মহতী প্রাণের একসাথে পথ হাঁটা
মিছিল মানেই - মাদল বলে জীবন জয়ের জাঠা।
মিছিল মানেই - শহীদস্মৃতি মুক্তির রণতূর্য
মিছিল মানেই - মহাকাব্য রক্তস্নাত সূর্য।
শেকল ছেঁড়ার মিছিল আজও পথে, দুঃসময়ের দিনে
সতর্ক চোখে শত্রু-মিত্র নির্ভয়ে নেয় চিনে।
মিছিল মানেই - দামাল হাওয়া তুমুল তুফান-ঝড়
শত্রুর বুকে কাঁপন ধরানো মিলিত কণ্ঠস্বর। ...
মিছিল মানেই-আঁকা-বাঁকা পথ, কক্ষনো সোজা নয়,
পায়ে-পায়ে পথ আরও পেরিয়ে ভোরের সূর্যোদয়।
মিছিল আমার কালজয়ী স্রোত প্রবাহ দুর্বার,
নিষেধের বেড়া ভেঙে আজও হয় দুর্গম পথ পার।
মিছিল কখনও নিয়ম ভাঙার, নির্ভিক-নির্ঘোষ,
যুগান্তরের মিলিত প্রাণের জমানো ক্ষোভের রোষ।
মিছিল মানেই - প্রতিবাদী মুখ অকুতোভয় প্রাণ-
মিছিল মানেই - সীমানা ছাড়ানো লাল পলাশের গান।
সময় হাঁকে... পথের বাঁকে থমকে দাঁড়ানো নয়
চলো ভাই চলো মিছিলেই চলো... মিছিলে স্বপ্ন জয়।
Comments :0