India Bangladesh Relationship

ঢাকার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় আগ্রহী, কূটনৈতিক বৈঠক স্থগিতের পর বলল বিদেশ মন্ত্রক

আন্তর্জাতিক

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে টানপোড়েনের মাঝে ‘ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী’ সম্পর্কের কথা বলল ভারতের বিদেশ মন্ত্রক। 
শুক্রবার নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, ‘‘বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত। সেই লক্ষ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে এবং চালু ব্যবস্থাপনা অনুযায়ী বৈঠক হয়েছে বাণিজ্য, রেল যোগাযোগ, জল সম্পদ এবং সীমান্ত রক্ষণাবেক্ষণের মতো বিষয়গুলি নিয়ে।’’ 
কূটনৈতিক মহলের বক্তব্য, গত ৫ আগস্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ ঘিরে দু‘দেশের সম্পর্ক ঘিরে প্রশ্ন দেখা দিয়েছে। হাসিনার প্রত্যর্পন চেয়ে ঢাকা। ভারত যদিও সরকারিভাবে জানিয়েছে যে হাসিনার ভাষণের সঙ্গে আনুষ্ঠানিক কোনও যোগ নেই। নয়াদিল্লি এ বিষয়ে কোনও ভূমিকাই নেয়নি। হাসিনার ভাষণকে অনুমোদনও করা হচ্ছে না। 
২০২৪’র ৫ আগস্ট বাংলাদেশে প্রবল টালমাটালের জেরে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন হাসিনা। সরকার বিরোধী বিক্ষোভের জেরে তাঁকে উড়ে আসতে হয় দিল্লিতে।  
এদিকে ঢাকা থেকে সংবাদদাতা জানাচ্ছেন যে বাংলাদেশের প্রত্যাশা সীমান্ত হত্যা বন্ধ, ভিসা স্বাভাবিকীকরণ, পুশ-ইন বন্ধ, সঙ্গত জল বণ্টন এবং প্রত্যর্পণের মতো বিষয়ে অগ্রগতি। 
দুই দেশের মধ্যে ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় পঞ্চম কনস্যুলার মতবিনিময় হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়েছে। দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সীমান্ত হত্যা, পুশ-ইন, ভিসা জটিলতা, আটক নাগরিক ও জেলেদের প্রত্যাবাসন, পারস্পরিক আইনি সহযোগিতা এবং শেখ হাসিনার প্রত্যর্পণ সব মিলিয়ে ঢাকা-দিল্লি সম্পর্ক এখন জটিল কূটনৈতিক বাস্তবতার মুখোমুখি।
এদিকে দিল্লিতে জয়সোয়াল বলেছেন চালু দ্বিপাক্ষিক বন্দোবস্ত অনুযায়ী বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়গুলিতে আলোচনায় আগ্রহী ভারত। 
এদিকে সরকারিভাবে বাংলাদেশের বক্তব্য, শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সঙ্গে নভেম্বরের তৃতীয় সপ্তাহে নির্ধারিত দ্বিপাক্ষিক বৈঠক বাতিলের সম্পর্ক নেই। 
বাংলাদেশের পক্ষ থেকে অক্টোবরের শেষ দিকে বৈঠকের প্রস্তাব দেওয়া হলেও দুর্গাপূজার কারণে ভারত নভেম্বরের মাঝামাঝি সময় প্রস্তাব করে। সে অনুযায়ী ১৭-১৮ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়। বাংলাদেশের বিদেশ মন্ত্রক এই বৈঠক সামনে রেখে গত ৩ নভেম্বর সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রকের প্রস্তুতি বৈঠকও করে। কিন্তু শেষ পর্যন্ত দ্বিপাক্ষিক মতবিনিময় বৈঠকটি হচ্ছে না।
মতবিনিময় স্থগিতের বিষয়টি সামনে আসার পর শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন নিয়ে প্রশ্ন ওঠে। 
তবে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন জমা দেওয়ার অন্তত চার দিন আগেই সংলাপ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ফলে এ দুটি ঘটনাকে সরাসরি সম্পর্কিত করার সুযোগ নেই বলে বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে।

Comments :0

Login to leave a comment