Weather

২৮ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের আশঙ্কা

রাজ্য

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর জেরে আগামী ২৮ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার ভারতীয় আবহাওয়া দফতরের (আইএমডি) তরফে এই সতর্কবার্তা জারি করা হয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আগামী ২৬ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর সেটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই আবহাওয়া ব্যবস্থার প্রভাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও কমতে পারে। বিশেষ করে রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আগামী ২৮ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতাতেও ২৮ অক্টোবর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনের জেরে উপকূলবর্তী এলাকায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে আগামী ২৬ অক্টোবর থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। সমুদ্রে থাকা মৎস্যজীবীদেরও আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বঙ্গোপসাগরে নিম্নচাপের গতিপ্রকৃতির উপর নজর রাখছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েক দিনে এই নিম্নচাপের শক্তি ও গতিপথের পরিবর্তনের উপর নির্ভর করবে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির তীব্রতা। সম্ভাব্য দুর্যোগের মোকাবিলায় উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সতর্ক থাকা প্রয়োজন।

Comments :0

Login to leave a comment