SIR Protest CITU

কাল দেশজুড়ে ভোটাধিকারের বিক্ষোভে শ্রমজীবীর সব অংশকে যোগ দেওয়ার আহ্বান সিআইটিইউ’র

জাতীয়

ভোটাধিকারের সঙ্গে সঙ্গে বিপুল অংশের শ্রমজীবী মানুষের সামাজিক সুরক্ষার অধিকারও কেড়ে নিচ্ছে এসআইআর। প্রকৃত নাগরিকদের নাম ফেরাতে হবে ভোটার তালিকায়। এসআইআর বিরোধী মঞ্চের প্রতিবাদ কর্মসূচিতে ব্যাপক সংখ্যায় যোগ দেওয়ার আহ্বান জানিয়ে একথা বলেছে সিআইটিইউ।  
আগামী ২৩ অক্টোবর, শুক্রবার, দেশজুড়ে এসআইআর বাতিলের দাবিতে প্রতিবাদের ডাক দিয়েছে এসআইআর বিরোধী মঞ্চ ‘পিপলস এগেইন্সট এসআইআর’। এই মঞ্চে শামিল রয়েছে কৃষক, শ্রমিক, খেতমজুর, মহিলা, যুব, ছাত্র, আদিবাসী, সংখ্যালঘু দলিত এবং বিশেষভাবে সক্ষমদের বিভিন্ন সংগঠন। রয়েছে নাগরিক অধিকারের পক্ষে বিভিন্ন সামাজিক সংগঠনও। 
বুধবার, সিআইটিইউ সাধারণ সম্পাদক এলামরাম করিম বলেছেন, ১৩ কোটি মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বেশিরভাগই পরিযায়ী শ্রমিক অথবা অসংগঠিত ক্ষেত্রে কর্মরত। দিনমজুরি করে জীবিকা অর্জন করেন, এমন বহু মানুষকে নাম তোলার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াতে হচ্ছে। 
করিম বলেছেন, এর পাশাপাশি শ্রম কোড চালু করা হয়েছে। বিশেষ সমস্যা হচ্ছে সামাজিক সুরক্ষা সংক্রান্ত কোড আইনের জন্য। এই আইনে বলা হয়েছে সামাজিক সুরক্ষার জন্য সরকারি পরিচয় পত্র থাকতে হবে। ভোটার তালিকায় নাম বাদ পড়ায় সামাজিক সুরক্ষা পেতে বিশেষ সমস্যায় পড়তে হচ্ছে শ্রমজীবীদের। এসআইআর শ্রমিকদের অধিকারও কেড়ে নিচ্ছে।
সিআইটিইউ বলেছে, প্রকৃত নাগরিকদের ভোটাধিকার অন্যায়ভাবে কেড়ে নেওয়া হচ্ছে। ভোটার তালিকায় তাঁদের নাম না ফেরানো পর্যন্ত চলবে লড়াই।  
শুক্রবারদেশের বিভিন্ন প্রান্তেই মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হবে। দাবি উঠবে ফের, নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ করতে হবে। নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হবে। বাতিল করতে হবে মোদী সরকারের সময়ে পাশ ২০২৩’র আইন। যে আইনে নির্বাচন কমিশনার বাছাই কমিটিতে সরকার পক্ষের গরিষ্ঠতা নিশ্চিত করা হয়েছে। ফলে সরকারে আসীন রাজনৈতিক দলের পছন্দমতো নির্বাচন কমিশনার বাছাই করার ব্যবস্থা করা হয়েছে।

Comments :0

Login to leave a comment