কয়েক বছরের মধ্যে ফ্রান্সের ভয়াবহতম দাঙ্গার পর নতুন করে অশান্তি ঠেকাতে রাজধানী প্যারিসের দুটি এলাকায় রাতের কারফিউ জারি করল পুলিশ। সোমবার এই নির্দেশ জারি করা হয়েছে। শনিবারের দাঙ্গায় সরকারি ভবন, পুরসভা এবং দেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার ব্যবসায়িক প্রতিষ্ঠান আক্রান্ত হয়।
প্যারিস পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, হিংসা ও লুটপাট থেকে মানুষ এবং সম্পত্তি রক্ষা করতেই এই পদক্ষেপ। কারফিউর আওতায় রয়েছে দাঙ্গার ঘটনা ঘটা প্লাস দ্য লা রিপাবলিক চত্বর এবং লুটপাটের শিকার বিপণি এলাকা লে আল।
সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত এই দুই এলাকায় কারফিউ জারি থাকবে। পাশাপাশি রাত ৮টা থেকে জমায়েত ও বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।
এর আগে সোমবার ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু সীমিত এলাকা জুড়ে কারফিউ জারির পক্ষে সওয়াল করেন। দেশের উত্তরাঞ্চলের লিল-সহ কয়েকটি শহরে ১৮ বছরের কম বয়সিদের জন্য রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। ফরাসি রিভিয়েরার নিস শহরেও নাবালকদের জন্য রাত ৯টা থেকে কারফিউ জারি হয়েছে।
দাঙ্গা মোকাবিলায় পুলিশের ভূমিকার পক্ষে সওয়াল করে লেকর্নু বলেন, ব্যাপক হিংসা ও সম্পত্তির ক্ষয়ক্ষতি সত্ত্বেও কারও মৃত্যু হয়নি, যা তাঁর কথায়, ‘একটি অলৌকিক ঘটনা’।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং অন্যান্য অর্থনৈতিক দাবিকে ঘিরে দেশজুড়ে বিক্ষোভ চলছে। ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের আহ্বানে শুরু হওয়া প্রতিবাদে যোগ দিয়েছেন পড়ুয়া, শিক্ষক, শ্রমিক, কৃষক, শ্রমিক সংগঠনের সদস্য এবং অবসরপ্রাপ্তরা। শনিবারের হিংসা ২০২৩ সালে পুলিশের গুলিতে এক কিশোরের মৃত্যুর পর ছড়িয়ে পড়া দাঙ্গার স্মৃতি ফিরিয়ে এনেছে। ২০১৮ সালে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনেও বিক্ষোভের একাংশ হিংসাত্মক হয়ে উঠেছিল।
Paris Curfew
ফ্রান্সে অশান্তি ঠেকাতে প্যারিসের দুই এলাকায় রাতে কারফিউ
×
Comments :0