Dhupguri

নালা থেকে উদ্ধার সদ্যোজাত, চাঞ্চল্য ধূপগুড়িতে

জেলা

দশমীর সন্ধ্যায় রাস্তার ধারের একটি শুকনো নালা থেকে জীবিত অবস্থায় এক সদ্যজাত শিশু উদ্ধার। ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খয়েরবাড়ির কলোনি পাড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জন্মের পর শিশুটিকে নালার মধ্যে ফেলে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। উদ্ধার হওয়ার পর শিশুটিকে প্রথমে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন পথচারী দশমীর সন্ধ্যায় রাস্তার ধারের নালা থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। শব্দের উৎস খুঁজতে গিয়ে নালার মধ্যে পলিথিন ও আবর্জনার পাশে সদ্যজাতকে পড়ে থাকতে দেখেন। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমান। তাঁরাই সতর্কতার সঙ্গে শিশুটিকে উদ্ধার করেন।
এরপর এলাকার এক স্বাস্থ্যকর্মীকে খবর দেওয়া হয়। তিনি বিষয়টি ধূপগুড়ির ব্লক স্বাস্থ্য আধিকারিককে জানান এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
স্থানীয় বাসিন্দা উকিল রায় জানান, নালার মধ্যে শিশুটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। পরে পুলিশের সহায়তায় তাকে হাসপাতালে পাঠানো হয়। এলাকার বাসিন্দারা সদ্যজাতকে এভাবে ফেলে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।
কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে রেখে গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ধূপগুড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শিশুটির পরিচয় এবং তাকে ফেলে যাওয়ার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

Comments :0

Login to leave a comment