CPI-M Visits Door To Door With Books

কোচবিহার থেকে কাকদ্বীপ ঘরে ঘরে বই- গণশক্তি পত্রিকা সিপিআই(এম)’র

রাজ্য জেলা

শারদীয়া উৎসবের দিনগুলিতে মার্কসীয় ও প্রগতিশীল বুকস্টলের উপর চরম আক্রমণ নামিয়ে এনেছিল বিজেপি’র দুষ্কৃতীরা। কলকাতা সহ সারা রাজ্য জুড়ে বুকস্টলে আগুন, স্টল ভাঙা, বই পুড়িয়ে দেওয়া ও রাষ্ট্রীয় মদতে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয় বইয়ের সটল। দুর্গাপূজা থেকে কালিপুজা অসংখ্য বুক ষ্টল ভেঙেছে বিজেপির দুস্কৃতীরা। কিন্তু মানুষের বই কেনাকে আটকাতে পারেনি। সিপিআই(এম) সহ বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দলের বুক স্টলে হামলা ও বাধার প্রতিবাদের পাশাপাশি মানুষের কাছে বই পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সিপিআই(এম) রাজ্য কমিটির আহ্বানে রবিবার কোচবিহার থেকে কাকদ্বীপের গ্রামে-গঞ্জে, প্রত্যন্ত জনপদে, প্রান্তিক মানুষের দুয়ারে দুয়ারে বই নিয়ে পৌঁছে গেলেন সিপিআই(এম) কর্মী সমর্থকরা। আলিপুরদুয়ারের গ্রামে-গঞ্জে মানুষের হাতে তুলে দিলেন মনন, মনীষা, ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান ও সংগ্রামের বই।

রবিবার কোচবিহার শহর দক্ষিণ এরিয়া কমিটির উদ্যোগে ভ্রাম্যমান বুক স্টল পৌঁছে যায় কোচবিহার শহরের নাগরিকদের বাড়িতে বাড়িতে। এদিন বই কেনার ব্যাপক আগ্রহ চোখে পড়ে কোচবিহার শহরের নাগরিকদের মধ্যে।
এদিন সকাল থেকে জলপাইগুড়ি জেলা সিপিআই(এম)’র উদ্যোগে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে শুরু করে ছোট চা বাগান গ্রামীণ এলাকা শহর গঞ্জের বিভিন্ন বাজার কৃষি প্রধান এলাকা থেকে শুরু করে তিস্তা সহ বিভিন্ন নদীর চরে কৃষকদের মধ্যেও পৌঁছে যায় ভ্রাম্যমাণ বুক স্টল সঙ্গে গণশক্তি পত্রিকার বিশেষ সংখ্যা। জেলা সম্পাদক পীযুষ মিশ্র জানান জলপাইগুড়ি জেলা জুড়ে রবিবার ঘরে ঘরে বুক স্টল কি কর্মসূচির সূচনা পর্বে ৬৫০০ গণশক্তির বিশেষ সংখ্যা বিক্রি করেছেন পার্টি কর্মী নেতৃবৃন্দ ও সমর্থকরা।

রবিবার শিলিগুড়িতে সিপিআই(এম)'র বিভিন্ন এরিয়া কমিটিগুলির উদ্যোগে পৃথক পৃথকভাবে ভ্রাম্যমাণ বুক স্টল  কর্মসূচির সূচনা হয়েছে। কর্মসূচিকে ঘিরে শহর জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। সিপিআই(এম) শিলিগুড়ি ২ নং এরিয়া কমিটির উদ্যোগে ঘরে ঘরে বই (ভ্রাম্যমাণ বুক স্টল) কর্মসূচীর মধ্য দিয়ে আশ্রমপাড়া, হাকিমপাড়া সহ বিস্তীর্ন অঞ্চলে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্য বিক্রয় করা হয়।

পশ্চিম বর্ধমান জেলা জুড়ে উৎসাহ এবং সাফল্যের সঙ্গে ‘ ঘরে ঘরে বুক স্টল’ কর্মসূচী পালিত হয়। দুর্গাপুর বেনাচিতি শ্রীনগরপল্লি, সুভাষপল্লি, অরবিন্দপল্লি, বিদ্যাসাগরপল্লি, সগড়ভাঙা সহ দুর্গাপুর পূর্ব ও পশ্চিম এরিয়া কমিটির অন্তর্গত বিভিন্ন এলাকায় ঘরে ঘরে বই নিয়ে পৌঁছে গিয়েছিলেন সিপিআই (এম) নেতা ও কর্মীরা। আানসোলের শ্রীপল্লিসহ এরিয়া কমিটির বহু জায়গায় কর্মসূচী হয়। খনি অঞ্চল উখড়ার খান্দরা, চনচনি কোলিয়ারি সহ বিভিন্ন এলাকায় সাড়া জাগানো কর্মসূচী হয়।
ঘরে ঘরে বই বিক্রয় কর্মসূচিতে সিপিআই(এম)রায়না পশ্চিম এরিয়া কমিটির অন্তরগত স্যামদাসবাটি হাটে বুক স্টলে কর্মসূচি করা হয়েছে। এলাকার সাধারণ মানুষ বুক স্টলে এসেছেন, বই কিনেছেন এবং জানিয়েছেন, এটা ভালো উদ্যোগ। এদিন বইয়ের প্রতি মানুষের ভালোবাসা, অসাধারণ সাড়া পাওয়া গিয়েছে হাওড়া শহর জুড়ে। রবিবার হাওড়া জেলার সর্বত্র পার্টি কর্মী থেকে শুরু করে ছাত্র, যুব, মহিলা কর্মীরা ট্রলি ভ্যান, সাইকেল, কাঁধের ব্যাগে বই ভর্তি করে বাড়ি বাড়ি বিক্রয় করেন। বালি, বেলুড়, লিলুয়া, বেলগাছিয়া, সালকিয়া, কদমতলা, রামরাজাতলা, বি গার্ডেন, সাঁকরাইল, জগৎবল্লভপুর, ডোমজুড়, শলপ এলাকায় বাড়ি বাড়ি ঘুরে বই বিক্রয় করেন। 
ঘরে ঘরে বুকস্টল কর্মসূচী পালিত হয় হুগলী জেলা জুড়ে।  ধনিয়াখালির বেলমুড়ি অঞ্চলের কনুইবাকা গ্রামে এই কর্মসূচি হয়। ছিলেন জেলা সম্পাদকমন্ডলীর সদস্য আব্দুল হাই, এরিয়া সম্পাদক সুনীল বাগ সহ অন্যান্যরা।  এছাড়া বৈদ্যবাটি, চুঁচুড়া, হুগলী , আঁইয়া  সহ বিভিন্ন জায়গায় এই কর্মসূচি  পার্টি কর্মীদের উদ্যোগে হয়।
রবিবার সকাল থেকে লাল ঝান্ডা কাঁধে নিয়ে বই বিক্রি করলেন সিপিআই(এম) কর্মীরা। সাড়া দিলেন সাধারণ মানুষ। তাঁরা ক্রয় করলেন বই। যাদবপুর, পাটুলি, হালতু, সোনারপুর, চম্পাহাটি, পোলঘাট, মাহিনগর, বারুইপুর, বিষ্ণুপর, বাখরাহাট, বজবজ, মহেশতলা, বাটা, মগরাহাট, ধামুয়া, কুলপি, কাকদ্বীপ, পাথরপ্রতিমাসহ দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন জায়গায় বই বিক্রি করা হয়। সিপিআই(এম)’র আহ্বানে এদিনের বই বিক্রি কর্মসুচিতে পার্টি কর্মী ছাড়াও ছাত্র, যুব, মহিলাসহ বিভিন্ন গণসংগঠনের কর্মীরাও অংশগ্রহণ করেন।

Comments :0

Login to leave a comment