JNU Attack

জেএনইউ: রক্তাক্ত হয়েও ২৬ ফেব্রুয়ারি ফের প্রতিবাদে নামছেন ছাত্ররা

জাতীয়

উপাচার্যের জাতবিদ্বষী মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিল ছাত্র সংসদ। জেএনইউ-তে চলছিল ‘সমতা পদযাত্রা’। তার ওপরই হামলা চালিয়েছে সঙ্ঘ পরিবারের অনুগত ছাত্র সংগঠন এবিভিপি। লাঠি, রড নিয়ে সশস্ত্র হামলা মনে করিয়েছে ছ’বছর আগের স্মৃতিকে। আহত হয়েছেন একাধিক ছাত্রছাত্রী। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। বারবারই কর্তৃপক্ষের রোষের মুখে পড়ছে বামপন্থী এবং প্রগতিশীল ছাত্র আন্দোলন।
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বিবৃতিতে উপাচার্য এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তীব্র নিন্দা করেছে। অধ্যাপকদের মঞ্চ থেকেও বলা হয়েছে যে ‘ছাত্রছাত্রীদের স্বর দমন করতে লাঠি, রড হাতে হামলায় মদত দিয়েছেন উপাচার্য শান্তশ্রী ধুলিপুড়ি পণ্ডিত। তিনি একটি পডকাস্টে তফসিলি জাতি, আদিবাসী এবং ওবিসি-দের উদ্দেশ্য করে ওই মন্তব্য করেন। তিনি বলেছিলেন ‘কোনও সম্প্রদায় নিজেদেরকে দুর্বল দেখিয়ে অনুগ্রহ পাওয়ার চেষ্টা করে এগতে পারে না।‘ 


অধ্যাপকদের বিবৃতিতে মনে করানো হয়েছে যে অতীতে ইউজিসি’র কাছে এই উপাচার্যই সহকারী অধ্যাপক পদ সংরক্ষিত রাখার বিরোধিতা করেছিলেন। যুক্তি দিয়েছিলেন ‘যোগ্য’ প্রার্থীরা সুযোগ পাচ্ছে না! 
গত রবিবার রাত প্রায় দেড়টায় পরিস্থিতি হিংসাত্মক হয়ে ওঠে জেএনইউ-তে। এই বিশ্ববিদ্যালয়ে বারবার চেষ্টা করেও বিজেপি এবং সঙ্ঘ পরিবার ছাত্র সংসদের দখল বামপন্থী ছাত্রদের থেকে নিতে পারেনি। 
ছাত্রদের ‘সমতা পদযাত্রা’ থেকে উপাচার্যের উদ্দেশ্যে দাবি করা হয়েছিল যে জাতবিদ্বেষী মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। এর আগে প্রতিবাদী ছাত্রদের বহিষ্কারও করেছিলেন উপাচার্য। সেই নির্দেশ বাতিলেরও দাবি ওঠে। 
জেএনইউ ছাত্র সংসদ বলেছে, কর্তৃপক্ষ আলোচনায় বসতে চায়নি। তার বদলে লেলিয়ে দেওয়া হয়েছে উগ্র দক্ষিণপন্থী এবিভিপি-কে। 
একাধিক ভিডিও-তে দেখা গিয়েছে যে মুখ কাপড়ে ঢেকে একদল পাথর ছুঁড়ছে। হামলা করছে লাঠি হাতে। 


এর আগে ২০২০’র জানুয়ারিতে, প্রাক্তন উপাচার্য এম জগদীশ কুমারের মেয়াদে, এভাবেই হামলা হয়েছিল। একাধিক ছাত্রছাত্রী আহত হন। কিন্তু কারও শাস্তি হয়নি। বিজেপি কেন্দ্রে সরকারের আসার পর থেকে এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শাসানি, হুমকির মুখে পড়ছেন ছাত্রছাত্রীরা। 
ছাত্র সংসদের বিবৃতিতে হামলায় নাম করে দায়ী করা হয়েছে এবিভিপি’র একাধিক সদস্যকে। বলা হয়েছে, উপাচার্যের পদত্যাগের দাবিতে ২৬ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রকের দপ্তর পর্যন্ত জেএনইউ থেকে ‘লঙ মার্চ’ হবে।

Comments :0

Login to leave a comment