মুক্তধারা
উৎসব ১৪৩৩
অন্যকথা
কর্পোরেট কোজাগরী : সৌরভ দত্ত
২৬ অক্টোবর ২০২৬ - ৪র্থ বর্ষ
মৃত্যুর কথা হচ্ছিল—খুশখুশে কাশি, জ্বরের মধ্যে আছি আপাতত।শরৎ চলে যাচ্ছে চুপি চুপি... হেমন্ত এসে বসবে চেয়ারে।পূবের মাঠের ধারে ধানের শিষে শিশির জমেছে । সকাল থেকে অনেকটা বেলা গড়িয়ে গেল—সুতরাং, বিছানা ছেড়ে দুর্বল হাতে উঠে আসতে আসতে একটা কবিতা লিখতে চেয়েছিলাম। নিরন্ধ্র রাত্রে হারিয়ে ফেলেছি যে; জীবনানন্দীয় দুধশাদা চাঁদটিকে.… ছাতিমের অদ্ভুত গন্ধ মগজ ফুঁড়ে, ঢুকে যাচ্ছিল — চতুর্দিকে ক্ষয়... রক্ত-মাংস ধোয়া জল: লক্ষ্মীপেঁচা উড়ে গিয়ে বসেছিল বুড়ো নিমগাছে— আমার কিছুই মনে নেই, ধর্ম হাসছে, শকুনেরা বসে আছে চারপাশে রৌদ্রেও ভাসেমনখারাপের গান — ভয় খেলছে সময়ের সাথে মানুষের অসহায় আর্তনাদ বাজারে কর্পোরেট মুখ — পুড়ে যাচ্ছে সরস্বতী দাউদাউ পুড়ে চলেছে... রামমোহন , বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ …তবুও, আটচালার নিচে সাদা আলাপনা এঁকেছে গদাই নাকে নোলক পরে লক্ষ্মী এসে পিঁড়িতে বসবে রেললাইনের পাশে — ওদের ঘুপচি ঘরের ভাঙা জানলা দিয়ে চুপ করে ঢুকে যাবে সম্মোহিত জ্যোৎস্না...সে জানতেও পারবে না।
Comments :0