প্রয়াত প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী। রবিবার সকাল পৌনে এগারোটা নাগাদ বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৭। হাসপাতালে সূত্রে খবর, এক বছরেরও বেশি সময় ধরে তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। সম্প্রতি মূত্রনালির সংক্রমণও ধরা পড়ে। হাসপাতালে ভর্তি ছিলেন।
যোগেন চৌধুরী তাঁর নিজস্ব ঘরানার 'অবিচ্ছিন্ন রেখা' এবং কালি ও প্যাস্টেল রঙের অনন্য ব্যবহারের জন্য পরিচিত ছিলেন। ১৯৩৯ সালের ১৯ ফেব্রুয়ারি ফরিদপুরে জন্মগ্রহণ করেন যোগেন চৌধুরী। ছোটবেলা থেকেই শিল্পচর্চার পরিবেশে বড় হয়ে ওঠেন যোগেন চৌধুরী। তাঁর বাবা প্রমথনাথ চৌধুরী ছিলেন একজন শিল্পী। দেশভাগের পর তিনি কলকাতায় চলে আসেন। তিনি ১৯৫৫ থেকে ১৯৬০ সাল পর্যন্ত কলকাতার গভর্নমেন্ট কলেজ অফ আর্টস অ্যান্ড ক্রাফটসে পড়াশোনা করেন। কর্মজীবনের শুরু থেকেই যোগেন চৌধুরী আত্মবিশ্বাসী, অভিব্যক্তিপূর্ণ চিত্রকলার শৈলীতে কাজ করতেন। ১৯৬২ সালে কলকাতার হ্যান্ডলুম বোর্ডে ডিজাইনার হিসেবে যোগ দেন। পরবর্তীকালে মাদ্রাজেও টেক্সটাইল ডিজাইনার হিসেবে কাজ করেন। ১৯৬৫ সালে তিনি প্যারিসে যান, যেখানে তিনি ফরাসি সরকারের বৃত্তি নিয়ে পড়াশোনা করেন। চিত্রকলায় অসামান্য ও বিশিষ্ট অবদানের জন্য মধ্যপ্রদেশ সরকার ২০০১ সালে যোগেন চৌধুরীকে কালিদাস সম্মানে ভূষিত করে। ১৯৮৬ সালে কিউবার দ্বিতীয় হাভানা বাইয়েনাল-এও তাঁকে সম্মানিত করা হয়েছিল। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
Jogen Chowdhury
প্রয়াত বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরী
×
Comments :0