দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হলে নাম হবে ‘অর্ণব’। নামটি দিয়েছে বাংলাদেশ। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের অভিমুখ উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওডিশার দিকে হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান আবহাওয়াবিদদের। এর প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল হওয়ার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে সতর্কতা। অন্ধ্রপ্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রবিবার ঘোষণা করেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ২৭ অক্টোবরের মধ্যে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই পরিপ্রেক্ষিতে, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে পুরী প্রশাসন। ঘূর্ণিঝড় থেকে সুরক্ষা নিশ্চিত করতে চিলিকা হ্রদে চার দিনের জন্য নৌকা চলাচল সম্পূর্ণভাবে স্থগিত করা হয়েছে। জারি করা নির্দেশ বলা হয়েছে ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত হ্রদে সমস্ত নৌকা চলাচল নিষিদ্ধ থাকবে। সেই সঙ্গে যাত্রীবাহী, পর্যটকবাহী এবং পণ্যবাহী নৌকা চলাচল নিষিদ্ধ থাকবে। জেলা প্রশাসনের জারি করা নির্দেশ অনুযায়ী, এই চার দিন চিলিকা হ্রদে যাত্রী, পণ্য বা পর্যটকবাহী কোনো নৌকা চলাচল করতে দেওয়া হবে না। এছাড়াও, যেকোনো দুর্ঘটনা এড়াতে এই সময়ে ভাসমান জেটির কাজ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। পুলিশ ও স্থানীয় প্রশাসন ওপর কড়া নজর রাখবে বলে জানানো হয়েছে। বলা হয়েছে চিলিকার সমস্ত প্রধান ঘাটে স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনী মোতায়েন করা হবে। সংশ্লিষ্ট বিডিও এই নিষেধাজ্ঞার বিষয়ে সাধারণজনগণ ও মৎসজীবীদের হ্রদে প্রবেশ করে কেউ যেন জীবন বিপন্ন না করে, সেজন্য একটি ব্যাপক সচেতনতামূলক প্রচার অভিযান শুরু করার নির্দেশ দিয়েছে। জানানো হয়ছে এই নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুরী জেলা শাসক স্পষ্ট সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন, নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটিকে একটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হবে। প্রশাসন আরও স্পষ্ট করেছে, আবহাওয়ার পরিস্থিতি ও পর্যালোচনার ভিত্তিতে প্রয়োজনে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হতে পারে। জেলা প্রশাসন সাধারণ মানুষ, পর্যটক এবং স্থানীয়দের আবহাওয়া বিভাগ ও প্রশাসনের জারি করা নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার জন্য আবেদন জানিয়েছে।
আইএমডি বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ সম্পর্কে সতর্কতা জারি করেছে। আবহাওয়া বিভাগের মতে, ২৭ অক্টোবরের মধ্যে একটি অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর ফলে, ২৭ থেকে ২৯ অক্টোবরের মধ্যে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপকূলীয় অঞ্চলে অতি ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আবহাওয়া বিভাগ অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশার উপকূলের জন্য একটি প্রাক-ঘূর্ণিঝড় সতর্কতাও জারি করেছে। আবহাওয়া বিভাগের মতে নিম্নচাপটি ঘণ্টায় ৫ কিলোমিটার গতিতে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। রবিবার সকাল সাড়ে পাঁচটায় এটি পূর্ব-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর কেন্দ্রীভূত ছিল। এটি আন্দামান দ্বীপপুঞ্জের শ্রীবিজয়পুরম থেকে প্রায় ৪৪০ কিমি উত্তর-উত্তর-পশ্চিমে, বিশাখাপত্তনম থেকে ৮৮০ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্বে, কাকিনাদা থেকে ৯৮০ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্বে, মছিলিপত্তনম থেকে ১ হাজার ৮০ কিমি পূর্বে এবং বাপাতলা থেকে ১ হাজার ১৫০ কিমি পূর্বে অবস্থিত ছিল। সোমবার সকাল থেকে পূর্ব মধ্য ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ওই নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। মঙ্গলবার সকালে পশ্চিম- মধ্যে ওই ঘূর্ণিঝড় তীব্র হয়ে উঠতে পারে। ক্রমশ উত্তর পশ্চিমে এগিয়ে যেতে যেতে ঘূর্ণিঝড় তীব্রতর হয়ে উঠতে পারে। বুধবার সকালে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল পেরনোর সময়েই ঘূর্ণিঝড় অতি তীব্র আকার ধারণ করতে পারে।
আবহাওয়া বিভাগের পূর্বাভাস রয়েছে, স্থলভাগে প্রবেশের পর ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার। সর্বোচ্চ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
Cyclone Arnab
ঘূর্ণিঝড় ‘অর্ণব, সতর্কতা জারি অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে
×
Comments :0