left students organization

দেশের উত্তর থেকে দক্ষিণে ছাত্রদের রায়ে জয়ী এসএফআই

জাতীয়

হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এসএফআই, এএসএ, এআইএসএ , ডিএসইউ, বিএসএফ জোট প্রার্থীরা জয়ের নিশান উড়িয়েছেন। ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন দিলশাদা রাইহান। আরএসএস’র অনুগামী ছাত্র সংগঠন এবিভিপি জোটকে হারিয়ে জয়ী হয়েছে এসএফআই নেতৃত্বাধীন ছাত্র সংগঠন গুলির জোট।
উত্তর ভারতে দেরাদুন ডিএভি কলেজের দিবা বিভাগে সহ সভাপতি পদে জয়ী হয়েছেন শৈলেন্দ্র সিং। 
আসামের মারিয়ানি কলেজে সাধারণ সম্পাদক সহ ছাত্র সংসদের একাধিক আসনে জয়ী হয়েছেন এসএফআই প্রার্থীরা।
ক্ষমতাসীন এবিভিপিকে হারিয়ে হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বড় জয় পেয়েছে এসএফআই নেতৃত্বাধীন বাম ছাত্র ঐক্য। সোমবার ভোটদানের পর মঙ্গলবার সন্ধ্যা থেকে ছাত্র সংসদ নির্বাচনের গণনা পর্ব শুরু হয়েছে। প্রথম থেকেই বেশির ভাগ আসনে বাম প্রার্থীরা এগিয়ে ছিলেন। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত মূল চার পদেই এগিয়ে আছেন বাম প্রার্থীরা। সভাপতি ও যুগ্ম সম্পাদক পদে গণনা শেষ হয়েছে। 
সভাপতি পদে বাম ছাত্র ঐক্যের এসএফআই প্রার্থী দিলশাদা রাইহান পেয়েছেন ২১৭৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিভিপি প্রার্থীর থেকে তিনি ৪৫১ ভোটে এগিয়ে। ৩০তম রাউন্ড পর্যন্ত সহ সভাপতি পদে বাম ঐক্যের ‘ট্রাইবাল স্টুডেন্টস্‌ ফেডারেশন’ (টিএসএফ) প্রার্থী কোর্‌রা নিতিন চৌহান পেয়েছেন ১২০৪ ভোট। এবিভিপি প্রার্থীর থেকে তিনি ৬১ ভোটে এগিয়ে। ৩০তম রাউন্ড পর্যন্ত সাধারণ সম্পাদক পদে বাম ঐক্যের ‘আম্বেদকর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ (এএসএ) প্রার্থী প্রতীক পেয়েছেন ১০৪০ ভোট। এবিভিপি প্রার্থীর থেকে তিনি ১৪১ ভোটে এগিয়ে। যুগ্ম সম্পাদক পদে বাম জোটের আইসা প্রার্থী সিদ্ধান্ত পেয়েছেন ২০৫৬ ভোট। প্রার্থীর থেকে তিনি ৩৯৯ ভোটে এগিয়ে। মোট ৫৫ রাউন্ড গণনা হয়ে বুধবার চূড়ান্ত ফলপ্রকাশ হবে। 
মূল চার পদ বাদেও জিএসক্যাশ (অভ্যন্তরীণ কমিটি)-র তিনটি পদের মধ্যে ২টিতে জিতেছে বাম ছাত্র ঐক্যের এসএফআই প্রার্থী নাফি ও টিএসএফ প্রার্থী বায়াগিরি। একটি পদে জিতেছে এবিভিপি জোটের প্রার্থী। এছাড়া ক্রীড়া সম্পাদক ও সংস্কৃতি সম্পাদক পদে অল্প ব্যবধানে বাম প্রার্থীরা পিছিয়ে রয়েছেন। তবে এখনও প্রায় ৩৫ রাউন্ড গণনা বাকি।  এছাড়া ৫৭টি বিভাগীয় প্রতিনিধি পদের মধ্যে ৩৪টিতে বাম প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। বেশ কয়েকটি পদে জিতেছে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই নেতৃত্বাধীন জোট। বহু পিছিয়ে এবিভিপি। 
গত বছর এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে আরএসএস’র ছাত্র সংগঠন এবিভিপি, সেবালাল বিদ্যার্থী দল (এসএলভিডি) ও ওবিসি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের জোট জেতে। ছাত্র সংসদের দায়িত্ব পেয়েও প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে এবিভিপি। নতুন হস্টেল তৈরি, ক্যাম্পাসে পানীয় জলের ব্যবস্থা, ক্যান্টিনে ন্যায্য দামে খাবার এবং স্কলারশিপ-ফেলোশিপের বর্ধিত সুযোগ তৈরির আশ্বাস দিলেও তা পূরণে ব্যর্থ হয়েছে এবিভিপি। ব্যর্থতা ঢাকতে প্রচারে মিথ্যার আশ্রয় নিচ্ছে আরএসএস’র ছাত্র সংগঠন, বলছেন পড়ুয়াদের বড় অংশ।

Comments :0

Login to leave a comment