INDIA Alliance

বৈঠকে ইন্ডিয়া, রয়েছেন বেবি সহ অন্য দলের শীর্ষ নেতৃত্ব

জাতীয়

দিল্লির কনস্টিটিশন ক্লাবে বৈঠকে বসেছে ইন্ডিয়া। জ্ঞানেশ কুমারকে নিয়ে বিতর্কের মাঝে বিরোধী মঞ্চের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
সম্প্রতি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ মাসে নির্বাচন কমিশনের দুই সদস্য সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী এসআইআর এবং ভোটার-তালিকা সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে অন্তত ১৪ বার নথিভুক্ত আপত্তি জানিয়েছিলেন।
ওই প্রতিবেদন প্রকাশের পরেই বিরোধী দলগুলির পক্ষ থেকে নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ কাজকর্ম নিয়ে নতুন করে প্রশ্ন তোলা হয়। সিপিআই(এম), সিপিআই এবং সিপিআই(এমএল)-লিবারেশন জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে।
সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি সব বিরোধী দলকে এই বিষয় চিঠি দেন। তারপরই বিরোধী মঞ্চের পক্ষ থেকে ডাকা হয় বৈঠক। এদিন বৈঠকের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মল্লিকার্জুন খাড়গে বলেন, ব্যালট ফিরিয়ে আনার দাবি তারা জানাবেন।
বৈঠকে উপস্থিত আছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ও কে সি বেণুগোপাল। এছাড়াও সমাজবাদী পার্টি, সিপিআই, এনসিপি (এসপি), শিবসেনা (ইউবিটি) সহ একাধিক বিরোধী দলের নেতারা বৈঠকে যোগ দিয়েছেন।
বৈঠক শুরুর পর সমাজমাধ্যমে একটি পোস্টে জয়রাম রমেশ জানান, কংগ্রেস, সমাজবাদী পার্টি, এনসিপি (এসপি), শিবসেনা (ইউবিটি), আরজেডি, সিপিআই(এম), সিপিআই, জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স, জম্মু-কাশ্মীর পিপলস ডেমোক্র্যাটিক পার্টি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, সিপিআই-এমএল, আইইউএমএল, কেরল কংগ্রেস (এম), এমডিএমকে, ভিসিকে, আরএসপি, কেরল কংগ্রেস (জ্যাকব), মমতা তৃণমূল এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক-সহ একাধিক দল বৈঠকে অংশ নিয়েছে।
রমেশের অভিযোগ, মোদী সরকারের ‘বারবার সংবিধানের উপর আঘাত’-এর বিরুদ্ধে বিরোধীরা ঐক্যবদ্ধ। তাঁর দাবি, ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বাচন কমিশনের মাধ্যমে যে ‘ভোট চুরি’র পরিকল্পনা চলছে, তার বিরুদ্ধেও বিরোধীরা একজোট।
সূত্রের খবর, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে লোকসভা ও রাজ্যসভায় ফের প্রস্তাব আনার জন্য খসড়া নোটিশ তৈরি রয়েছে। বৈঠকে সেই নোটিশ নিয়ে আলোচনা করে অনুমোদন দেওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে বুধবারের বৈঠকে ডিএমকে এবং আম আদমি পার্টি যোগ দেয়নি। উত্তরপ্রদেশে রাজ্যসভা নির্বাচনের মনোনয়ন সংক্রান্ত কাজে ব্যস্ত থাকায় বৈঠকে উপস্থিত নেই সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও।

Comments :0

Login to leave a comment