AIKS

এমএসপি আইন, ঋণ মকুবের দাবি আদায়ে লড়তে হয়ে ভোট চুরির বিরুদ্ধেও, আহ্বান নালগোন্ডার কৃষক সমাবেশে

জাতীয়

এমএসপি আইন, কৃষি ঋণ মকুব এবং দেশের বড় অংশের খরায় পীড়িত কৃষকদের সহায়তার দাবিতে তীব্র করতে হবে সংগ্রাম। সারা ভারত কিষান সভা ৩৬ তম সম্মেলনে সংগ্রামের এই পর্যায়ের রূপরেখা স্থির করবে। রবিবার ১৫ নভেম্বর তেলেঙ্গানার নালগোন্ডায় সম্মেলনের শুরুতে বিশাল সমাবেশে এই লক্ষ্য জানিয়েছেন নেতৃবৃন্দ। বক্তব্য রেখেছেন সারা ভারত কিষান সভার সর্বভারতীয় সভাপতি অশোক ধাওলে, সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণান। বক্তব্য রাখেন দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রবীণ নেত্রী বৃন্দা কারাত সহ তেলেঙ্গানা ও দেশের কৃষক আন্দোলনের নেতৃবৃন্দ। 
বক্তারা বলেন, "তেলেঙ্গানার সশস্ত্র কৃষক বিদ্রোহ ছিল নিজাম এবং রাজাকারদের বিরুদ্ধে। সেই লড়াইয়ের লক্ষ্য ছিল ভুস্বামীদের হাত থেকে কৃষকের হাতে জমি বন্টনের। সেই লড়াই থেকে ১০ লক্ষ একর জমি কৃষকদের মধ্যে বিলি হয়েছিল।"
আরএসএস এবং বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে নেতৃবৃন্দ বলেন, "তেলেঙ্গানার লড়াইয়ে সাম্প্রদায়িক রঙ দেওয়ার চেষ্টা করবেন না। সাম্প্রদায়িক রাজনীতি আনার চেষ্টা করবেন না। লড়াই ছিল ভূস্বামীদের বিরুদ্ধে জমির জন্য এমনকি সেনার সঙ্গে লড়াই করতে হয়েছে। সেই লড়াইয়ে কোনও ধর্মের ভেদাভেদ ছিল না। যে রাজা-মহারাজা, রাজাকাররাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল তাদেরকেই মদত দেয় আরএসএস-বিজেপি।"

নালগোন্ডা থেকে স্বাধীনতার পর দেশের প্রথম সাধারণ নির্বাচনে অবিভক্ত কমিউনিস্ট পার্টির নেতা রবি নারায়ন রেড্ডি জয়ী হয়েছিলেন। সেই ইতিহাস স্মরণ করিয়ে অশোক ধাওলে বলেন, "উত্তরপ্রদেশের ফুলপুর কেন্দ্র থেকে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু যত ভোট পেয়েছিলেন তার থেকে বেশি মানুষের সমর্থন পেয়েছিলেন এই কেন্দ্রে কমিউনিস্ট পার্টির প্রার্থী। তা সম্ভব হয়েছিল তেলেঙ্গানার সশস্ত্র কৃষক বিদ্রোহের কারণে। সেই সংগ্রামের নেতা ছিলেন পি সুন্দরআইয়া, বাসবপুন্নাইয়া, রাজেশ্বর রাও। শহীদ হয়েছিলেন কৃষক মজুর খেতমজুর সহ সংগ্রামী বহু সেনানি। তাদের স্মরণ করেই কৃষাণ সভা আজকের আন্দোলন পরিচালনা করবে।" 
ধাওলে বলেছেন, "মনে রাখতে হবে যে শ্রমজীবী মানুষের পক্ষে রাজনীতি তাকে জয়ী করতে হবে। রাজনীতি ভুললে চলবে না। আজকের দিনে দেশে জনগণের সামনে গুরুতর বিপদ ভোট চুরির রাজনীতি। কেন্দ্রের শাসক দল বিজেপির নেতৃত্বে নির্বাচন কমিশন মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের ভোটাধিকার কেড়ে নিতে নেমেছে। তার বিরুদ্ধে সংগ্রাম তীব্রতর করতে হবে।"

সম্মেলনের লক্ষ্য ব্যাখ্যা করে ধাওলে বলেন, "তিন কৃষি আইন এনে নরেন্দ্র মোদী সরকার কৃষকদের জমি কৃষি বাজার কর্পোরেটের হাতে তুলে দিতে চেয়েছিল। ৮১ কোটি কৃষক খেতমজুর গরিবকে খতম করতে চেয়েছিল। তার বিরুদ্ধে সংগ্রামে আপনারা সবাই দেশের সমস্ত কৃষিজীবী মানুষ একজোট হয়েছিলেন। সেই তিন আইন বাতিল করতে বাধ্য হয়েছিল নরেন্দ্র মোদী সরকার। কিন্তু আজও ফসলের ন্যূনতম সুনিশ্চিত করার আইন বা এমএসপি কার্যকর করেনি। আমরা দাবি করছি এমএসপি নিশ্চিত করতে আইন পাস করতে হবে। কৃষিবিজ্ঞানী ডক্টর স্বামীনাথনের নেতৃত্বাধীন কমিশন বলেছিল কেন কৃষককে আত্মহত্যা করতে হয়। গত ১০ বছরে ৫ লক্ষ কৃষক এবং ক্ষেতমজুর আত্মঘাতী হয়েছেন। সমস্যা হল কৃষি উপকরণের দাম প্রতিদিন বাড়ছে। সার, বীজ ও বিদ্যুতের খরচ প্রতিদিন বাড়ছে। অথচ ন্যায্য প্রতিদান তারা পাচ্ছেন না। সব ফসলের খরচের ওপর ৫০ শতাংশ টাকা দিয়ে সংগ্রহ করতে হবে সরকারকে। দেশের বড়লোকদের, কর্পোরেটদের ১৬ লক্ষ কোটি টাকার ঋণ মকুব করেছে নরেন্দ্র মোদী সরকার। অথচ কৃষি ঋণ মকুব করে না। সেই দাবি জোরালো করতে হবে। তেলেঙ্গানা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ সহ দেশের বিস্তীর্ণ অংশ খরায় ভুগছে। চলছে আকাল। রাজ্য বা কেন্দ্রের সরকার সহায়তা দিচ্ছে না। বড় লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে এই সম্মেলন থেকে।"

গণ-আন্দোলনের নেত্রী বৃন্দা কারাত তেলেঙ্গানার বিদ্রোহের শহীদদের স্মরণে রেখে বলেন, "পুঁজিবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবেই।" তিনি বলেন, কৃষি আইন বাতিল করতে হয়েছে মোদি সরকারকে। কিন্তু নতুন নতুন কৌশল আনছে। আমেরিকার সঙ্গে সমঝোতা করছে। শুধু দেশের বহু জাতিক নয় বিদেশি বহুজাতিকের জন্য দেশের কৃষি বাজার, কৃষি ক্ষেত্রকে তুলে দিতে চাইছে। ফলে এই লড়াই বড় লড়াই। এই লড়াইয়েও জিততে হবে।"

Comments :0

Login to leave a comment