12 February Strike

ধর্মঘটের সমর্থনে ১০ ফেব্রুয়ারি কেন্দ্রীয় মিছিল কলকাতায়

রাজ্য

শ্রমিক ভবনে ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ।

ধর্মঘটের সমর্থনে আগামী ১০ ফেব্রুয়ারি যৌথভাবে কেন্দ্রীয় মিছিল করবে বিভিন্ন ট্রেড ইউনিয়ন। যোগ দেবে বিভিন্ন কর্মচারী ফেডারেশনও। ১২ ফেব্রুয়ারি রাজ্যে শিল্প ধর্মঘটের সমর্থনে চলছে প্রচার। বারাকপুর শিল্পাঞ্চলে চটকল শ্রমিকদের মিছিল হবে রবিবার। 
শনিবার কলকাতায় শ্রমিক ভবনে সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেছেন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের নেতৃবৃন্দ। সিআইটিইউ পশ্চিমবঙ্গ কমিটির সম্পাদক জিয়াউল আলম বলেছেন, এর মধ্যে নাজিরাবাদে অগ্নিকাণ্ডে শ্রমিকদের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনা রয়েছে। এই ঘটনা আরেকবার বুঝিয়ে দিয়েছে যে শ্রম আইন লঙ্ঘনের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। 
শ্রম আইন বাতিল করে শ্রম কোড চালুর প্রতিবাদে ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ। সমর্থন করেছে সংযুক্ত কিসান মোর্চা। স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী কৃষকদের ফসলের উৎপাদন খরচের দেড়গুন দাম দেওয়ার দাবিতেও হচ্ছে ধর্মঘট। এর মধ্যেই সারা দেশে কৃষক এবং খেতমজুর সংগঠনগুলি প্রচার চালিয়েছে। 


আলম বলেছেন, এই সময়ের মধ্যেই কেন্দ্রীয় এবং রাজ্য বাজেট পেশ হয়েছে। কেন্দ্রীয় বাজেটে দেশের শ্রমজীবী জনতার পক্ষে কোনও কথা নেই। রাজ্য বাজেটে একইভাবে শ্রমের ওপর নির্ভরশীল ক্ষেত্রগুলির জন্য কোনও কথা নেই। চটশিল্প বা চা-শিল্পের জন্য কোনও পরিকল্পনা নেই। তার ওপর কেন্দ্রীয় এবং রাজ্য বাজেটে যে বিপুল ঘাটতি রয়েছে তার জেরে জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। শ্রমজীবী সব অংশের খরচ করার ক্ষমতা কমে যাবে। 
উল্লেখ্য, রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জন্য সাধারণ ধর্মঘট করবে না শ্রমিক শ্রেণি। শিল্প ধর্মঘট হবে। গণ পরিবহণ ক্ষেত্রকে চালু রাখা হবে। সন্ধ্যা ৬টা থেকে ৬.১০ পরিবহণ শ্রমিকরা ধর্মঘটের সমর্থনে প্রতিবাদ জানাবেন। 
এদিন ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ জানান যে ৭-৮ ফেব্রুয়ারি কৃষক, খেতমজুর, শ্রমিক, অসংগঠিত
শ্রমিক, ছাত্র, যুব, মহিলা সংগঠনগুলি প্রচার চালাবে। ১০ ফেব্রুয়ারির কেন্দ্রীয় মিছিল হবে বিকেল পাঁচটায় ধর্মতলা থেকে শিয়ালদহ। মিছিলে কৃষক, খেতমজুর সংগঠনগুলির পাশাপাশি অন্য সংগঠন গুলি শামিল হবে।

Comments :0

Login to leave a comment