Post Editorial

সংবিধান দিবস তো হলো, সংবিধান মানছে কি

সম্পাদকীয় বিভাগ

শামিম আহমেদ

ভারতবর্ষের সংবিধান রচনার কাজ শুরু হয় ১৯৪৬ সালে, যা ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬ নভেম্বর ভারতের গণপরিষদে গৃহীত হয় এবং ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি কার্যকর হয়। প্রতিবছর ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালন হলেও ভারতের গণপরিষদে সংবিধান গৃহীত হওয়ার দিন, অর্থাৎ ২৬ নভেম্বর, সংবিধান দিবস হিসাবে ঘোষিত হয় ২০১৫ সালে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার যখন দেশের সংবিধান গৃহীত হওয়ার দিনটিকে সংবিধান দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত ঘোষণা করে, তখন দেশের সাধারণ মানুষ তাঁর নেতৃত্বে সবচেয়ে বেশি সাংবিধানিক অধিকার খর্ব হতে দেখেছে। সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্সের দায়িত্বে থাকা প্রতিটি নিরপেক্ষ সংস্থাকে ধ্বংস করার চক্রান্তের নেতৃত্বেও তিনি। আর সে কারণেই যখনই বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে বা যখনই নির্বাচন কমিশনের চক্রান্তে সাধারণ মানুষের ভোটাধিকার খর্ব হওয়ার কথা আলোচিত হয়, তখনই সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করার প্রশ্নে চর্চিত হয় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের কথা। ফলে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, স্বাধীনতা এবং স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে শুরু করে স্বাধীনতা-উত্তর সময়কালে সংবিধান রচনায় সংবিধান প্রণেতাদের ভূমিকা সম্পর্কে উপলব্ধি করতে না পারলে সংবিধান দিবসকে যথার্থ রূপে পালন করা হয় না।
সংবিধান কোনও সরকারের তৈরি নয়; বরং সরকার গঠনকারী জনগণই তৈরি করেন সংবিধান। আরও স্পষ্ট ভাষায় বলতে গেলে, সরকার নিজেই সংবিধানের সৃষ্টি মাত্র। 
সাংবিধানিক ব্যবস্থাপনার মাধ্যমে উন্নত রাজনৈতিক ও সামাজিক পরিণতি অর্জনের তত্ত্বকে আমরা সংবিধানবাদ (Constitutionalism) বলি। এর মূল তাৎপর্য হলো সরকারি ক্ষমতার সীমারেখা নির্ধারণ করা, অর্থাৎ রাষ্ট্রব্যবস্থার কোনো অঙ্গকেই নিরঙ্কুশ ক্ষমতা প্রদান না করা। রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে থাকা বিভিন্ন অঙ্গের স্বেচ্ছাচারী ক্ষমতা প্রয়োগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে সংবিধানবাদ। দায়বদ্ধ শাসনব্যবস্থা প্রতিষ্ঠাই এর অন্যতম মৌলিক বৈশিষ্ট্য। সংবিধানবাদ মূলত শাসন পরিচালনার একটি তত্ত্ব, আর সংবিধান এমন কতগুলি প্রতিষ্ঠান গড়ে তোলে, যাদের সম্মিলিত কার্যক্রমের মাধ্যমে রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত হয়। সংবিধানবাদ নিজে কোনও নির্দিষ্ট ধরনের শাসন ব্যবস্থাকে নির্দেশ করে না। এই তত্ত্বের প্রয়োগ সর্বজনীন। উদারনৈতিক গণতান্ত্রিক সংবিধানও এই তত্ত্বের অন্তর্ভুক্ত, যেখানে নাগরিকদের ব্যক্তিগত অধিকার সাংবিধানিকভাবে সুরক্ষিত থাকে এবং নাগরিকরাই তাঁদের শাসন পরিচালনার জন্য প্রতিনিধি নির্বাচন করেন। আমাদের মতো দেশে সাংবিধানিক গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রব্যবস্থা গঠিত হয়েছে। ফলে দেশে সরকারের প্রতিটি বিভাগ এবং প্রতিটি বিভাগের আধিকারিককে তাঁদের কর্তব্য সম্পাদনের সময় সংবিধানের ব্যাখ্যা মাথায় রাখা জরুরি। অন্ততপক্ষে, রাষ্ট্র পরিচালনা, আইন প্রণয়ন এবং নাগরিকদের অধিকার সংক্রান্ত বিচারকার্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের তাঁদের সাংবিধানিক দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের জন্য যতটা প্রয়োজন, ততটা সংবিধানের মূল পাঠ ও বিধান সম্পর্কে অবহিত থাকা আবশ্যক, যাতে সাংবিধানিক অধিকার সুনিশ্চিত করা এবং সাংবিধানিক দায়বদ্ধতা পালনের ক্ষেত্রে তাঁদের অজ্ঞতা প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে না পারে।
কোন প্রেক্ষাপটে সংবিধান রচিত হয়েছে, কী ছিল আমাদের আকাঙ্ক্ষা, তা বিশ্লেষণের পূর্বে ইংরেজ শাসনকালে সামাজিক ও অর্থনৈতিক অবস্থা বুঝে নেওয়া জরুরি। মহারাষ্ট্রে বস্ত্রকলের শ্রমিকদের মধ্যে এক বড় অংশ ছিলেন তথাকথিত ‘অস্পৃশ্য’ (অচ্ছুত), যাঁরা মাহার সম্প্রদায়ের। এই সম্প্রদায়ের শ্রমিকদের স্বল্প মজুরিতে কাজ করানো হতো। বস্ত্র বোনার সময় ছিঁড়ে যাওয়া সুতো জোড়া লাগানোর জন্য সুতো মুখে নিতে হয়। তথাকথিত অস্পৃশ্য সম্প্রদায়ের শ্রমিকদের মুখের লালা এই সুতোয় লাগলে তার কারণে পণ্যটি দূষিত হবে বলে সেই সময় একটি ধারণা প্রচলিত ছিল। এই বৈষম্যের প্রশ্নটি ১৯২৮ সালের বস্ত্রকল শ্রমিকদের ধর্মঘটের সময় সামনে আসে। ড. বিআর আম্বেদকর তাঁর বক্তব্যে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তুলে ধরে বলেন যে, শুধুমাত্র ‘ইকুয়াল এনটাইটেলমেন্ট’ (সমান প্রাপ্য বা অধিকার) নয়, আসলে ‘ইকুয়ালিটি অ্যান্ড ইকুয়াল এনটাইটেলমেন্ট উইদিন দ্য সেম র্যাডঙ্ক অব ওয়ার্কার্স’—অর্থাৎ একই স্তরের শ্রমিকদের মধ্যে সমতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই সমান সুযোগ-সুবিধা ভোগের প্রশ্নটিও সমানভাবে গুরুত্বপূর্ণ। শ্রমিকদের এক বড় অংশ, যাঁরা নিম্নবর্গ বা তথাকথিত অস্পৃশ্য সম্প্রদায়ের ছিলেন, তাঁদের সঙ্গে অন্যান্য শ্রমিকের সম্প্রদায়গত পরিচয়ের ভিত্তিতে বিভেদ তৈরি করা হলো— কাঠামোগতভাবে (স্ট্রাকচারালি) একটি বিভাজন তৈরি করা হলো। যাঁরা তথাকথিত অস্পৃশ্য বা নিম্নবর্গের মানুষ ছিলেন, তাঁদের একই ক্যান্টিনে খাওয়ার সুযোগও ছিল না। তাঁদের পানীয় জলের ব্যবস্থা ছিল আলাদা, থাকার ব্যবস্থা ছিল আলাদা।
এইরকম একটি প্রেক্ষাপট মাথায় রেখেই আসলে যখন সংবিধান রচনার প্রশ্ন আসে, তখন এই প্রশ্নটি সামনে আসে যে, শুধুমাত্র অর্থনৈতিক বৈষম্য নয়, সামাজিক বৈষম্যও একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সংবিধানের কাঠামোর মধ্যেই তার সমাধানের ব্যবস্থা করতে হবে, যাতে এই সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করা যায়। সংবিধান যখন মর্যাদার কথা বলে, তখন সেই মর্যাদা একমাত্র তখনই নিশ্চিত করা যাবে, যখন সামাজিক ও অর্থনৈতিক ভিত্তিতে সমাজে কাউকে বিচ্ছিন্ন করা হবে না—বা অন্যভাবে বলতে গেলে, সমাজকে বর্ণপরিচয় বা অর্থনৈতিক অবস্থানের ভিত্তিতে ভাগ করা যাবে না।
স্বাধীনতার ৮০ বছর পূর্তির কাছাকাছি আমরা পৌঁছে গেছি, অথচ সেই অর্থনৈতিক ন্যায় বা সামাজিক ন্যায় এখনো অধরাই রয়ে গেছে। এখনো আমরা জানি, সামাজিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ—তাঁরা তফসিলি জাতি (শিডিউলড কাস্ট) বা তফসিলি উপজাতি (শিডিউলড ট্রাইব)-র অন্তর্ভুক্ত হতে পারেন—বিশেষত যাঁরা প্রত্যন্ত গ্রামে বাস করেন, তাঁদের ক্ষেত্রে সংবিধান স্বীকৃত এই অধিকার থাকা সত্ত্বেও তার পূর্ণ বাস্তবায়ন হয়নি।
সেটা শিক্ষা পৌঁছানোর ক্ষেত্রে হতে পারে, স্বাস্থ্য নিশ্চিত করার প্রশ্নে হতে পারে। যেমনভাবে তফসিলি সম্প্রদায়ের মানুষের জন্য পর্যাপ্ত স্কুলের বন্দোবস্ত করা হয়নি, তেমনভাবেই তাঁদের জন্য পর্যাপ্ত হাসপাতালের ব্যবস্থাও করা যায়নি। ফলে শিক্ষা ও স্বাস্থ্য উভয় ক্ষেত্রেই তাঁরা পিছিয়ে পড়া সম্প্রদায় হিসাবে রয়ে গেছেন, কারণ রাষ্ট্রীয় নীতি রূপায়ণের ক্ষেত্রে সংবিধানের এই স্বীকৃত অধিকার তাঁদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আলাদা কোনও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি।
অনগ্রসর শ্রেণির (ব্যাকওয়ার্ড ক্লাস) বা অন্যান্য অনগ্রসর শ্রেণির (আদার ব্যাকওয়ার্ড ক্লাস) হালও একই। মানুষের কাছে কাজের অধিকার পৌঁছাতে পারেনি। নারীর স্বাধীনতার প্রশ্নেও আমরা এখনো পিছিয়ে। প্রতিনিয়ত আমরা পিতৃতান্ত্রিক সমাজে নারীদের ওপর আক্রমণের ঘটনা ঘটতে দেখেছি এবং তার পাশাপাশি নীরব প্রশাসনকেও দেখেছি।
ফলে কোথাও গিয়ে আমাদের এই ধারণাতেই পৌঁছাতে হয়েছে যে, আসলে রাষ্ট্রীয় মদতে সাধারণ মানুষের অধিকার খর্ব হচ্ছে। সংবিধান যে অধিকার নিশ্চিত করতে চেয়েছে, তার যথাযথ রূপায়ণের অভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যেমন এগোতে পারছেন না, তেমনই লিঙ্গভিত্তিক (জেন্ডার) বৈষম্যের কারণে নারীসমাজও সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে এগোতে পারছে না। রাষ্ট্র নীতি গ্রহণ করলেও তা রূপায়ণের প্রশ্নে রাষ্ট্রের যথেষ্ট উদাসীনতা চোখে পড়ে।
তাহলে যখন সাধারণ মানুষের শিক্ষা, কাজ, স্বাস্থ্য ও জীবনধারণের অধিকার, যেগুলি সংবিধানের ২১ ও ২১ক অনুচ্ছেদে স্বীকৃত মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের আলোকে নিশ্চিত করার কথা—তা যখন নিশ্চিত করা গেল না, তখন আমাদের অভিজ্ঞতা আরও দেখিয়েছে যে, নির্বাচন কমিশনও তার সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ।
আসলে যখন নির্বাহী বিভাগ (এক্সিকিউটিভ) বা আইনসভা (লেজিসলেচার) কিংবা নির্বাচিত প্রতিনিধিরা তাঁদের দায়িত্ব পালনে ব্যর্থ হন, তখন ‘চেক অ্যান্ড ব্যালেন্স’-এর দায়িত্বে থাকা বিচার ব্যবস্থা (জুডিশিয়ারি) বা সংবিধানের কাঠামোর মধ্যে থাকা অন্যান্য নিরপেক্ষ সংস্থার ওপর দায়িত্ব বর্তায়, রাষ্ট্রব্যবস্থা যাতে সংবিধানের নিরিখে পরিচালিত হয়, তা নিশ্চিত করার।
যখন একটি রাষ্ট্রব্যবস্থা, তার নির্বাচিত সরকার ও নির্বাচিত প্রতিনিধিরা, যাঁরা রাষ্ট্রক্ষমতা পরিচালনার দায়িত্বে আছেন, তাঁরা তাঁদের দায়িত্ব পালন করতে পারছেন না, সংবিধানের নিরিখে রাষ্ট্রকে পরিচালনা করতে পারছেন না, তখন সাধারণ মানুষের যে অধিকার সংবিধানে লিপিবদ্ধ হয়েছে, অর্থাৎ প্রতিবাদের অধিকার এবং রাজনৈতিক ন্যায়ের (পলিটিক্যাল জাস্টিস) প্রশ্ন, তা সামনে আসে। এই রাজনৈতিক অধিকারকে যদি দুটি ভাগে ভাগ করা যায়, তবে একটি হলো দেশের নাগরিকদের সাধারণত প্রতি পাঁচ বছর অন্তর নির্বাচনের সময় তাঁদের প্রতিনিধি নির্বাচন করার অধিকার; এবং দ্বিতীয়টি হলো, এই নির্বাচিত সরকার বা প্রতিনিধিরা যে নীতি প্রণয়ন করেন বা গ্রহণ করেন, তা যদি সাধারণ নাগরিকের স্বার্থবিরোধী হয়, সংবিধানবিরোধী হয় বা আইনবিরোধী হয়, তবে তার বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার—রাস্তায় নেমে আওয়াজ তুলে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার। এটিও আরেকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকারের প্রশ্ন।
তাহলে যখন সংবিধানের অন্তর্ভুক্ত নিরপেক্ষ সংস্থাগুলি ব্যর্থ, রাষ্ট্র তার দায়িত্ব পালনে ব্যর্থ এবং সাধারণ নাগরিক যখন নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের প্রতিনিধি বেছে নিতে চান বা যাঁরা আগে ব্যর্থ হয়েছেন তাঁদের বিপরীতে অন্য কোনও প্রার্থীকে বেছে নিতে চান, তখন নির্বাচন কমিশন—যার দায়িত্ব নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করা—সেই কমিশনই যদি সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা পালন করে, তবে তা অত্যন্ত উদ্বেগজনক। এই ধরনের ভূমিকা যখন আলোচিত ও সমালোচিত হচ্ছে, তখন অত্যন্ত গুরুত্ব দিয়ে যে কথাটি বলা প্রয়োজন, তা হলো: নির্বাচন কমিশন সংবিধানের অন্তর্ভুক্ত একটি নিরপেক্ষ সংস্থা। সেই সংস্থা যখন নিজের দায়িত্বের বিপরীতে গিয়ে কাজ করে—যেখানে তার দায়িত্ব হলো বৈধ ভোটারদের নাম অন্তর্ভুক্ত করে সুষ্ঠু ভোট পরিচালনা করা, সেখানে সে যদি বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে ভোটার তালিকা তৈরির পরিকল্পনা করে—তখন আরও একবার রাজনৈতিক ন্যায় চক্রান্তের শিকার হয়।
আর যখন এই ঘটনা ঘটে, তখন শেষ ভরসা হিসাবে রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম ও গণতান্ত্রিক প্রতিরোধই আমাদের একমাত্র অবলম্বন হয়ে দাঁড়ায়। যখন মানুষের আস্থা বিচারব্যবস্থার প্রতি কমতে থাকে, এবং নির্বাচন কমিশন দেশের নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রশ্নে পক্ষপাতিত্ব করে, তখন ঠান্ডা মাথায় পরিকল্পনা করে এই সংবিধানকে বাঁচানোর কৌশল আমাদের গ্রহণ করতে হবে—যাতে যে স্বপ্ন নিয়ে আমরা এই সংবিধানকে গ্রহণ করেছিলাম, সেই স্বপ্নের বাস্তবায়ন করা যায়।
আমরা ভারতবর্ষের নাগরিকরা এই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকে গ্রহণ করেছি এবং আমাদের নির্বাচিত প্রতিনিধিদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার দিয়েছি। সংসদ ও বিধানসভার প্রতিটি নির্বাচিত সদস্যকে সংবিধানের প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করতে হয়, যার মূল তাৎপর্য হলো, তাঁরা সংবিধানের নিরিখে এবং দেশের আইনের নিরিখে রাষ্ট্রব্যবস্থাকে পরিচালনা করবেন। অথচ আজকের বাস্তবতা হলো, সমাজবিরোধীদের একটা বড় অংশ রাজনীতিতে অংশগ্রহণ করেছে এবং তারা তাদের ক্ষমতাকে প্রয়োগ করে (মূলত আর্থিক ও পেশিশক্তিকে ব্যবহার করে) প্রথমে নির্বাচনী ব্যবস্থাকে কলুষিত করেছে। প্রশ্ন উঠছে নির্বাচনের প্রক্রিয়াকে নিয়ে। নির্বাচন প্রক্রিয়া প্রভাবিত হওয়ার অর্থ হলো প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা। আজকের বাস্তবতা হলো, এসআইআর নামক প্রক্রিয়াকে আমদানি করা হয়েছে শুধুমাত্র সাধারণ নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়াকে নিশ্চিত করার জন্য এবং নির্বাচনী প্রক্রিয়াকে কলুষিত করার জন্য। আর ফলশ্রুতিতে রাজনৈতিক ক্ষমতায় যাঁরা আসছেন, তাঁদের সংবিধান রচনার প্রেক্ষাপট উপলব্ধি বা বিশ্লেষণ করার দক্ষতা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। হয়তো বা সে কারণেই যাঁরা সংবিধানের শপথ নিয়ে সংবিধান দিবস উদ্‌যাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন, তাঁরাই নির্দ্বিধায় প্রতিনিয়ত সাধারণ নাগরিকের সংবিধান প্রদত্ত অধিকারগুলিকে খর্ব করেন।
Highlights
রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম ও গণতান্ত্রিক প্রতিরোধই আমাদের একমাত্র অবলম্বন । যখন মানুষের আস্থা বিচার ব্যবস্থার প্রতি কমতে থাকে এবং নির্বাচন কমিশন দেশের নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রশ্নে পক্ষপাতিত্ব করে, তখন  এই সংবিধানকে বাঁচানোর কৌশল আমাদের গ্রহণ করতে হবে, যাতে যে স্বপ্ন নিয়ে আমরা এই সংবিধানকে গ্রহণ করেছিলাম, সেই স্বপ্নের বাস্তবায়ন করা যায়।

Comments :0

Login to leave a comment