Editorial

মোদী-শাহ’র গোপন প্রস্তুতি

সম্পাদকীয় বিভাগ

সংসদের বাদল অধিবেশন মুলতবি হয়েছে একশো দিনের বেশি হয়ে গেল। ইতিমধ্যে শীতকালীন অধিবেশন শুরুর সময় হয়ে গেছে। এই নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর সন্দেহ, আশঙ্কা ও দুরভিসন্ধি নিয়ে চর্চা হলেও সরকার নীরব। কোনোরকম মন্তব্য করা হচ্ছে না। যে কোনও অস্বাভাবিক পরিস্থিতিতে একটা দায়বদ্ধ সরকারের কর্তব্য সরকারের অবস্থান স্পষ্ট করা। এটা সংসদীয় গণতন্ত্রে অত্যাবশ্যকীয় শর্তও বটে। সংসদের বাদল অধিবেশনের মুলতবি হয়েছে গত ১৩ আগস্ট। অথচ সমাপ্তি ঘোষণা করা হয়নি। ফলে খাতাকলমে বাদল অধিবেশন এখনও সচল আছে। এদিকে শীতকালীন অধিবেশন শুরু হবার কথা নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝির মধ্যে। নতুন অধিবেশন শুরুর ১৪ দিন আগে নোটিস জারি করতে হয়। চালু অধিবেশনের ক্ষেত্রে দু’দিন আগে নোটিসই যথেষ্ট।
এখন প্রশ্ন হলো কোনও প্রয়োজন ছাড়া সাড়ে তিন মাস ধরে বাদল অধিবেশন আটকে রাখা হচ্ছে কেন? দেশে এমন কোনও অপ্রত্যাশিত পরিস্থিতি নেই যার জন্য শীতকালীন অধিবেশনের সময় এসে গেলেও বাদল অধিবেশনকে রসহ্যজনকভাবে জিইয়ে রাখা হয়েছে। অথচ এই প্রশ্নে সরকার ব্যাখ্যা বা মন্তব্য করছেন। সন্দেহ এখান থেকেই দানা বেঁধেছে। বিরোধী দলসমূহ তথা রাজনৈতিক মহলের স্থির বিশ্বাস সরকার বিশেষ কোনও রাজনৈতিক স্বার্থ সিদ্ধির লক্ষ্যে এমন অনৈতিক, গণতন্ত্রবিরোধী, অসাংবিধানিক ষড়যন্ত্রের জাল বুনেছে যা আগাম প্রকাশ্যে এলে তাদের অসৎ উদ্দেশ্য ব্যর্থ হতে পারে।
কি সেই গোপন ছক। ২০১৯ সালের বিরাট জয়ের পর ২০২৪ সালে কোনোক্রমে সরকার রক্ষার পর মোদী-শাহ’রা বুঝে গেছেন ২০২৯ সালে তাদের ক্ষমতা হারানো কার্যত নিশ্চিত। তাছাড়া অর্থনীতি যেভাবে চলছে তাতে মানুষের ক্ষোভ-অসন্তোষ ঠেকানো কঠিন। তরুণ সমাজ যেভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করছে তাতে মোদী জমানার অবসান আর শুধু কথার কথা নয়। এই অবস্থায় শুধু ধর্মীয় বিদ্বেষ, বিভাজন করে জেতা যাবে না। তাই পরিকল্পনা হয় লোকসভার আসন সংখ্যা চলতি জনগণনার তথ্যের ভিত্তিতে বাড়ানো হবে। গোবলয়ে জনসংখ্যা বিপুল বেড়েছে। দক্ষিণ ও পূর্ব ভারতে তুলনায় অনেক কম। ফলে বর্ধিত আসনের সবটাই চলে যাবে উত্তর ও পশ্চিম ভারতের রাজ্যগুলিতে এখানে বিজেপি সর্বাধিক শক্তিশালী। তাই বর্ধিত আসনের বেশিটাই যাবে বিজেপি’র দখলে। তখন গোবলয়ের আসন জিতেই মোদীরা জিতে যেতে পারবে।
এই পরিকল্পনা সফল করতে সংবিধান সংশোধন দরকার। এনডিএ’র সেই সংখ্যা নেই। তলে তলে অন্য দল ভাঙিয়ে, নানা ধরনের লোভ দেখিয়ে সমর্থন আদায়ের মরিয়া চেষ্টা চলছে। নিদেনপক্ষে বিরোধী কিছু দলকে ভোটদানে বিরত রাখারও চেষ্টা চলছে। গোপনে প্রস্তুতি সেরে বিরোধীদের সুযোগ না দিয়ে তড়িঘড়ি অধিবেশন চালু করে বিল পাশ করানোর জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে বাদল অধিবেশন। জ্ঞানেশ কুমারকে দিয়ে ১৩ কোটি মানুষের ভোটাধিকার কেড়েও মোদীরা নিশ্চিত নন। তাই দরকার নিজেদের শক্ত মাটিতে আসন সংখ্যা বাড়িয়ে জেতা আসন সংখ্যা বাড়ানো। তার জন্য এমনভাবে আসন পুনর্বিন্যাস করতে চায় যাতে বিরোধীদের শক্ত ভিতগুলি ভেঙে দেওয়া যায়। সেটাই করা হচ্ছে গোপনে, মানুষের অগোচরে। এটা কোনও অবস্থাতেই মেনে নেওয়া যায় না। চালাকি বা শয়তানি করে ভোটে জেতার সব ধরনের অপকৌশল প্রতিহত করতে হবে বিরোধীদের ঐক্যবদ্ধভাবে।

Comments :0

Login to leave a comment