পরিষ্কার আকাশ, নেই কোন নিম্নচাপের ভ্রুকুটি। উত্তরের হাওয়ার প্রবেশ করতে শুরু করেছে রাজ্যে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঠান্ডা উপভোগ করতে শুরু করেছে মানুষজন। আবহাওয়া দপ্তরের কথা অনুযায়ী বৃহস্পতিবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.০৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ৩.৮ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় কলকাতায় তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি কমেছে।
হাওয়া অফিস জানিয়েছে আগামী দু’দিনে পারদ নামতে পারে ২ থেকে ৩ ডিগ্রি। আপাতত রাজ্যজুড়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তুরে হাওয়ার দাপটে ভোর ও রাতের দিকে ঠান্ডা আরও বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ তুলনায় বেশি অনুভূত হতে পারে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪-১৫ ডিগ্রির ঘরে।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী দু’দিনে উত্তরবঙ্গের কিছু জায়গায় রাতের তাপমাত্রাও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
Weather
নেই নিম্নচাপের ভ্রুকুটি, কমবে তাপমাত্রা
×
Comments :0