Road Accident

টোটো-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে শিশুসহ মৃত ২, আহত ১১

জেলা

বিশ্বকর্মা পুজোর দিনেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক শিশু-সহ দু’জনের। আরও ১১জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে ময়নাগুড়ি ব্লকের ভোটপাট্টি গোডাউন মোড় সংলগ্ন এশিয়ান হাইওয়েতে যাত্রীবাহী টোটো এবং একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে খবর মৃতদের মধ্যে মেটেলি ব্লকের উত্তর ধূপঝোড়ার বাসিন্দা তৃতীয় শ্রেণির পড়ুয়া মহম্মদ সামার(১০) এবং মাথাভাঙার বাসিন্দা বিশ্বনাথ বিশ্বাস (৩২) রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশ্বকর্মা পুজোর কারণে ওইদিন যাত্রীবাহী বাসের সংখ্যা তুলনামূলক কম থাকায় ময়নাগুড়ির ইন্দিরা মোড় থেকে চালক-সহ প্রায় ১০ জন যাত্রী নিয়ে একটি টোটো চ্যাংড়াবান্ধার দিকে যাচ্ছিল। অন্যদিকে, কোচবিহারের দিনহাটা থেকে রোগী-সহ চারজনকে নিয়ে অ্যাম্বুলেন্সটি শিলিগুড়ির দিকে যাচ্ছিল। ওইসময় এলাকায় হালকা বৃষ্টি চলছিল। ভোটপাট্টি গোডাউন মোড়ের কাছে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে টোটোটি দুমড়ে-মুচড়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী ভিতরে আটকে পড়েন।
খবর পেয়ে ভোটপাট্টি পুলিশ ফাঁড়ি ও ময়নাগুড়ি ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে উদ্ধারকাজে হাত লাগান ওই রাস্তা দিয়ে যাওয়া বিএসএফের জওয়ানরাও। আহতদের কয়েকজনকে বিএসএফের গাড়িতেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহতদের ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মহম্মদ সামারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিশ্বনাথ বিশ্বাসের মৃত্যু হয়।
টোটোয় থাকা আহতরা কৃষ্ণগোপাল শর্মা, ফতেমা বেগম, মহেশ সরকার, ঋতুপর্ণা সাহা, মানু শর্মা, সুচিত্রা শর্মা এবং চালক রফিকুল হুসেন রয়েছে। অ্যাম্বুলেন্সে থাকা শেফালি বর্মন, সবিতা রায়, রাজমল রায় ও রঞ্জিত বর্মনেরও চিকিৎসা চলছে।
দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স চালক মেহবুব মিঞা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
শিশু সামার ঠাকুমা ফতেমা বেগমের সঙ্গে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। নাতির মৃত্যুর খবর এখনও তাঁকে জানানো হয়নি। সামারের বাবা মহম্মদ শাজাহান হাসপাতালে ছেলের মৃত্যু সংবাদ পেয়ে ভেঙে পড়েছেন।
দুর্ঘটনাকে ঘিরে এশিয়ান হাইওয়েতে টোটোর অতিরিক্ত যাত্রী বহন এবং বেপরোয়া গতিতে চলাচল নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে এর আগেও ওই টোটো চালককে ময়নাগুড়ি ট্রাফিক গার্ড সতর্ক করেছিল। যদিও এই অভিযোগের সত্যতা তদন্ত সাপেক্ষ।
ময়নাগুড়ি থানার আইসি শীর্ষেন্দু দাস জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি আটক করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Comments :0

Login to leave a comment