বাজারে বহুল পরিচিত বোতলজাত পানীয় জলের ব্র্যান্ড বিসলেরির জল কতটা নিরাপদ, তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সংস্থার গোয়া কারখানায় উৎপাদিত এক ব্যাচের বোতলজাত জলের নমুনায় নির্ধারিত মাত্রার বেশি ক্ষতিকর রাসায়নিক ব্রোমেট পাওয়ার অভিযোগে বিসলেরির বিরুদ্ধে মামলা শুরুর অনুমতি দিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে সংস্থা। বিসলেরির দাবি, পরবর্তী সময়ে স্বাধীন পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করে ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যেই পাওয়া গিয়েছে।
গত ২৩ নভেম্বর প্রকাশিত এক বিবৃতিতে বিসলেরি জানিয়েছে, এই বিতর্ক ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে গোয়া কারখানায় উৎপাদিত একটি নির্দিষ্ট ব্যাচের জল নিয়ে। সংস্থার দাবি, পানীয় জলের গুণমান নিয়ে তারা কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা মেনে চলে এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত।
বিসলেরির বক্তব্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর গোয়ার উৎপাদন কেন্দ্র থেকে এফএসএসএআই ছ'টি নমুনা সংগ্রহ করে। প্রাথমিক পরীক্ষায় পাঁচটি নমুনা নির্ধারিত মান পূরণ করলেও ষষ্ঠ নমুনায় প্রতি লিটারে ১২ মাইক্রোগ্রাম ব্রোমেট পাওয়া যায়। অথচ নির্ধারিত সর্বোচ্চ সীমা প্রতি লিটারে ১০ মাইক্রোগ্রাম। উল্লেখ্য, ব্রোমেট এমন একটি রাসায়নিক যৌগ, যা মানুষের শরীরে দীর্ঘমেয়াদি ক্ষতির পাশাপাশি ক্যানসারের ঝুঁকির সঙ্গেও যুক্ত।
এই পরীক্ষার ফলকে চ্যালেঞ্জ করে ২০২৫ সালের ২২ নভেম্বর আবেদন জানায় বিসলেরি। এরপর নমুনাটি পুনরায় পরীক্ষার জন্য রেফারেল ল্যাবরেটরিতে পাঠানো হয়। সংস্থার দাবি, সেখানে পরীক্ষায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে পাওয়া গেলেও পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনস (PAHs) নামে অন্য একটি রাসায়নিকের উপস্থিতির কথা জানানো হয়।
পরীক্ষার ফলাফলে এই পার্থক্য নিয়ে প্রশ্ন তুলে একই নমুনা এফএসএসএআই অনুমোদিত অন্য একটি পরীক্ষাগারে পরীক্ষা করায় বিসলেরি। সংস্থার দাবি, সেখানেও ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যেই পাওয়া যায়। গত ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সংশ্লিষ্ট পরীক্ষার রিপোর্ট এফএসএসএআই-এর পশ্চিমাঞ্চলীয় দপ্তরে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছিল বলে জানিয়েছে সংস্থা।
বিসলেরির আরও দাবি, রিপোর্ট জমা দেওয়ার পর নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে তারা আর কোনও যোগাযোগ পায়নি। ফলে বিষয়টি নিষ্পত্তি হয়ে গিয়েছে বলেই তাদের ধারণা হয়েছিল। সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, এখনও পর্যন্ত ই-মেল বা ডাকযোগে কোনও নোটিশ তারা পায়নি। এমনকি এফএসএসএআই-এর ওয়েবসাইটেও সংশ্লিষ্ট নোটিস খুঁজে পাওয়া যায়নি বলে দাবি বিসলেরির।
অন্যদিকে, এফএসএসএআই-এর বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। নিয়ন্ত্রক সংস্থার দাবি, প্রাথমিক পরীক্ষায় ব্রোমেটের নির্ধারিত মাত্রা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গিয়েছে। পরবর্তী সময়ে রেফারেল ল্যাবরেটরির পরীক্ষাতেও নমুনাটিকে অনিরাপদ বলে ঘোষণা করা হয়েছে। সেখানে PAHs-এর উপস্থিতির বিষয়টিও উঠে এসেছে। এই পরীক্ষার ফলের ভিত্তিতে খাদ্য নিরাপত্তা ও মান আইন, ২০০৬-এর অধীনে অনিরাপদ খাদ্য সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে মামলা শুরুর অনুমোদন দিয়েছে এফএসএসএআই।
বিসলেরি অবশ্য দাবি করেছে, তাদের উৎপাদন প্রক্রিয়ায় ১০টি ধাপে ৯০টিরও বেশি গুণমান পরীক্ষা করা হয়। পানীয় জলের নিরাপত্তা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। সংস্থার বক্তব্য, দীর্ঘদিনের পরিচিত ব্র্যান্ড বিসলেরির জল পান করার ক্ষেত্রে নিরাপদ।
তবে এই ঘটনায় বোতলজাত পানীয় জলের গুণমান নিয়ন্ত্রণ এবং খাদ্য নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষত, পরীক্ষাগারগুলির রিপোর্টে যখন ভিন্ন ফল পাওয়া যাচ্ছে, তখন কোন পরীক্ষার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট সংস্থার বক্তব্য কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। একই সঙ্গে পানীয় জলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে সাধারণ মানুষের স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Bisleri
বিসলেরির বোতলজাত জল নিয়ে বিতর্ক, নমুনায় ক্ষতিকর রাসায়নিকের অভিযোগে সংস্থার বিরুদ্ধে মামলা শুরুর অনুমতি এফএসএসএআই-এর
×
Comments :0