ভূতনির বন্যার পরবর্তী দুই মাস পার হলেও সুরাহা হয়নি সেখানকার সাধারণ জনজীবনের সমস্যার। এই পরিস্থিতি জানিয়ে মালদহের জেলা শাসককে চিঠি দিলেন সিপিআই(এম) নেতা দেবজ্যোতি সিন্হা।
পাশাপাশি, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরও ক্ষতিপূরণের অর্থ যে বহু পরিবার পাচ্ছেন না চিঠিতে তারও উল্লেখ করেছেন তিনি। দেবজ্যোতি সিন্হা বলেছেন যে আগামী জানুয়ারিতে মালদা-মুর্শিদাবাদে পদযাত্রা হবে গঙ্গা ভাঙন কবলিত এলাকায়। ফরাক্কায় সমাবেশ। উপস্থিত থাকবেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে সাম্প্রতিক বৃষ্টির জেরে ভূতনির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একদিকে দক্ষিণ চণ্ডীপুরে কাটা বাঁধে ড্রাম ব্রিজের ভগ্ন অবস্থা বেহাল। অন্যদিকে উত্তর চণ্ডীপুর-গোবর্ধনটোলার রাস্তা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া দক্ষিণ চণ্ডীপুরে লক গেট নির্মাণ এবং মথুরাপুর-গোবর্ধনটোলা ও আটশইয়া হয়ে ভূতনি হাসপাতাল যাওয়ার রাস্তা নির্মাণের দাবিও তিনি চিঠিতে করেছেন। সিপিআই(এম)’র দাবি, ভূতনির কেশরপুর কলোনি বাঁধের উপর বসবাসকারী হাজারের উপরে পরিবারকে জমি ও আবাস দেওয়া এবং মথুরাপুর ফার্মের জমি ও নূরপুরে ফারাক্কা ব্যারেজের জমিতে পুনর্বাসন দেওয়ার উদ্যোগ নেওয়ার কথাও তিনি লিখেছেন।
দেবজ্যোতি সিন্হা জানিয়েছে যে জেলা শাসক তাঁর বক্তব্য শুনেছেন। ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন।
দেবজ্যোতি বলেছেন, জলের নিচে রয়েছে কালুটনটোলা প্রাথমিক বিদ্যালয়, ভাট্টা কার্তিকটোলা প্রাথমিক বিদ্যালয় এবং পশ্চিম রতনপুর প্রাথমিক বিদ্যালয়। ফলে কাছাকাছি এলাকায় স্কুল খোলা দরকার। গদাই চরে বন্ধ হয়ে যাওয়া প্রাথমিক বিদ্যালয় খোলার দাবিও জানান তিনি। পূর্বতন বামফ্রন্ট সরকার উঁচু জমি তৈরি করেছিল। যাতে জল বাড়লে মানুষ এবং গবাদি পশু আশ্রয় নিতে পারে। এমন ‘হাইল্যান্ড’ আরও বানানো দরকার।
এর পাশাপাশি বিদ্যুৎ পৌঁছাতে পর্যাপ্ত সোলার লাইট লাগানো, মহিলাদের জন্য শৌচাগার নির্মান, কমিউনিটি টয়লেট নির্মাণ,
বন্যা নিয়ন্ত্রণে বিকল্প বাঁধ ও স্থায়ী ভাঙ্গন রোধে শুখা মরসুমে সেচ দপ্তর সক্রিয় কাজ এবং ভূতনি হাসপাতালে ডাক্তার ও মেডিক্যাল স্টাফ বাড়ানো দাবিও তিনি চিঠিতে করেন।
উল্লেখ্য, এর আগে বন্যার পর ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এলাকায় গিয়ে সভাও করেন। এই প্রসঙ্গে দেবজ্যোতি বলেছেন, নিরান্দপুরের কয়েকটি এলাকা ছাড়া আর কেউ টাকা পায়নি। প্রাপকদের টাকা পাঠানোর হোক। উপভোক্তাদের তালিকা বিডিও দপ্তর এবং জেলা অফিসে টাঙানো হোক।
Compensation remains unpaid despite the Chief Minister’s announcement; CPI(M) writes to the District Magistrate regarding Bhutni.
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরও ক্ষতিপূরণ মিলছে না, ভূতনি নিয়ে জেলা শাসককে চিঠি সিপিআই(এম)’র
×
Comments :0