রাজ্যে গো রক্ষায় এবার নতুন আইন আনতে চলেছে সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি। মুখ্যমন্ত্রী বলেন, এ রাজ্যে ‘গোমাতা’-কে হত্যা করতে দেওয়া হবে না। এই সংক্রান্ত বিলও আনা হবে। তিনি বলেন, ‘রাজ্যে গোমাতাকে হত্যা করতে দেব না। যে ভাবেই ব্যাখ্যা করুন না কেন!’ উল্লেখ্য বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই গো রক্ষার নাম করে একাধিক জায়গায় অশান্তি তৈরি করেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৯৫০ সালের প্রাণিসম্পদ আইন (ক্যাটল অ্যাক্ট) মেনেই কাজ করা হবে।
এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের নাম ইংরেজিতেও ‘পশ্চিমবঙ্গ’ করার প্রস্তাবে বিল আনা হবে রাজ্য বিধানসভায়। ৯ ডিসেম্বর এই প্রস্তাব আনা হবে। তিনি জানিয়েছেন রাজ্য মন্ত্রিসভা ৪-১৪ ডিসেম্বর পর্যন্ত বিধানসভার শীতকালিন অধিবেশন অনুমোদন করেছে।
নিয়োগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন পিএসসি, পিআরবি ও হেলথ্ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এবং কিছু চুক্তি ভিত্তিক নিয়োগ হবে। মোট ১০,১৪৬ নিয়োগ হবে। রাজ্য সরকারি দপ্তর গুলির পরীক্ষার জন্য কোন ফি নেওয়া হবে না বলেও তিনি জানিয়েছেন। এসএসসি নিয়োগ দুর্নীতিতে যেই ২৬ হাজার চাকরি গিয়েছে তাদেরও নিয়োগ প্রক্রিয়া জানুয়ারি থেকে শুরু হবে।
এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন তৃণমূল সরকারের আমলে চালু হওয়া যুবসাথী প্রকল্পের নাম বদল করে করা হবে ‘ভরসা’। এই প্রকল্পে স্নাতকরা পাবেন তিন হাজার, আইআইটি পড়ুয়ারা দু’হাজার, বাকিরা পাবে মাসে দেড় হাজার টাকা করে।
শুভেন্দু জানিয়েছেন, ডিসেম্বর পর্যন্ত বিগত সরকারের আমলে পাওয়া ৫৪ লক্ষের যাচাই পর্ব চলবে। আর জানুয়ারি থেকে প্রকল্পে টাকা দেওয়া শুরু।
মুখ্যমন্ত্রী এও স্পষ্ট করেন, এতদিন যারা আবেদন করেননি তারাও এবার এই প্রকল্পে আবেদন করতে পারেন। তবে দুটো ভাতা একসঙ্গে পাওয়া যাবে না। সর্বোচ্চ একটি পরিবারে ২ জন পাবেন, অন্নপূর্ণাতেও যেমন করা হয়েছে। অন্নপূর্ণা যোজনা যারা পাচ্ছেন তারা ভরসা প্রকল্পের সুবিধা পাবেন না। উল্লেখ্য এবারের বাজেটেই বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছিল ২১ থেকে ৪৫ বছর বয়সী বেকার যুবক যুবতীদের সরকারের পক্ষ থেকে ভাতা দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন জানুয়ারি মাস থেকে রাজ্য বিদ্যুৎ পর্ষদ এলাকার গ্রাহকদের ত্রিমাসিক বিদ্যুৎ বিলের বদলে প্রতিমাসে বিল পাঠানো হবে।
Comments :0