Bangladesh Awami League

বাংলাদেশের কালিয়ায় আওয়ামি লিগের নেতা-কর্মীদের বাড়িতে হামলা, আগুন

আন্তর্জাতিক

ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি।

মীর আফরোজ জামান: ঢাকা  
বাংলাদেশের নড়াইলের কালিয়া উপজেলায় আওয়ামি লিগের প্রাক্তন সাংসদ বিএম কবিরুল হক মুক্তির বাড়িতে হামলা ও আগুন লাগানোর অভিযোগ উঠেছে। আওয়ামি লিগের কার্যক্রম নিষিদ্ধ এখন। তবে নড়াইলের এই ঘটনায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাও কর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। 
গত শুক্রবার, ২০ নভেম্বর, বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বেন্দারচর গ্রাম ও আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে। 
ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হামলার অভিযোগও উঠেছে। তবে পুলিশ সেই অভিযোগ অস্বীকার করেছে।
কালিয়া উপজেলা আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ও প্রাক্তন উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ এবং প্রাক্তন পৌর মেয়র মুশফিকুর রহমান লিটনের বাড়িতেও হামলা হয়েছে।
তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশের বক্তব্য, দেশের সরকারে আসীন বিএনপি’র মিছিলে হামলার ঘটনার জেরে পালটা হামলা হয়। গত বুধবার, ১৮ নভেম্বর, কালিয়ায় বিএনপির মোটরসাইকেল মিছিলে হামলার ঘটনায় দুই নেতা নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা এবং পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম।
পুলিশের বক্তব্য, ওই হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত শুক্রবার বিকেলে নিহতদের বিক্ষুব্ধ স্বজন ও অন্য কয়েকজন বেন্দারচর এলাকায় জড়ো হয়ে আওয়ামি লিগের নেতাকর্মীদের কয়েকটি বাড়িতে হামলা চালান। স্থানীয়রা জানিয়েছেন, বেন্দারচর গ্রামে অন্তত ২০ থেকে ২৫টি বাসভবনের পঞ্চাশটিরও বেশি বসতঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বড়দিয়া বাজারের কয়েকটি দোকানেও অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ রয়েছে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের বক্তব্য অনুযায়ী, ঘটনাটিকে সাম্প্রদায়িক হামলা হিসেবে শোশাল মিডিয়ায় প্রচার করা হয়েছে। তা সঠিক নয়। কালিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
কালিয়া উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবিরের বক্তব্য অনুযায়ী, শুক্রবার বিকেলে বেন্দারচর গ্রামে আগুন লাগার খবর পাওয়া যায়। তবে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে রাখায় এবং নিরাপত্তাজনিত সমস্যায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি।
পরে রাতের দিকে ঘটনাস্থলে গিয়ে তাঁরা একাধিক বাড়িতে আগুন দেখতে পান। ফায়ার সার্ভিসের হিসাবে, প্রায় ২০ থেকে ৩০টি বাড়িতে আগুনের ঘটনা দেখা গেছে।

Comments :0

Login to leave a comment