ফের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়ে মঙ্গলবার গোপালপুরের বুড়াবুড়ি গ্রামের বাড়িতে কফিন বন্দী দেহ ফিরলো এক কলেজ পড়ুয়া যুবকের মৃতদেহ। মরদেহ বাড়িতে আসার পর বিজেপির পঞ্চায়েত সদস্য মৃতর কাগজপত্র চেয়েছিল সরকারি আর্থিক সাহায্য দেবে বলে। পরিবার সেই সাহায্য নিতে অস্বীকার করলো। মৃত যুবকের নাম শুভঙ্কর কার্যী(২০)। পরিবারের পক্ষ থেকে মৃত শুভংকরের জামাইবাবু বলেন লক্ষীপুজোর পরদিন এলাকার আরও কয়েকজনের সাথে নির্মান কর্মীর কাজ করতে সেকেন্দ্রাবাদে গিয়েছিল শুভংকর। কিন্তু যেখানে কাজে গিয়েছিল সেখানে কাজ না থাকায় ওই মালিকের নির্দেশে অটোতে চেপে আরেক জায়গায় যাবার সময় অটোর চাকা ফেটে উলটো দিক থেকে আসা একটি মারুতিতে ধাক্কা মারে অটোটিকে। ঘটনায় শুভঙ্কর সহ সাতজন মারা যায়। এদের মধ্যে মেখলিগঞ্জের রাণীরহাটের আরেক যুবকও ছিল। মঙ্গলবার ভোরেই কফিনবন্দী মৃতদেহ বাড়িতে আসে।
মৃত যুবকের বাবা জয়ন্ত কার্যী বলেন, গ্রামে তো কাজ নেই। বাড়িতে একটা ঘর তুলছিলও। এর আগেও সেকেন্দ্রাবাদে কাজে গিয়ে মাস দেড়েক কাজ করে পুজোর আগে বাড়ি ফিরে এসেছিল। এবার যাবার আগে বলে গিয়েছিল, ‘‘বাবা কিছুদিন কাজ করে টাকা উপার্জন করে এসে ঘরের কাজ শেষ করবো। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। কফিন বন্দী হয়ে ফিরলো একমাত্র ছেলে।
মৃত যুবকের দিদি জয়শ্রী বর্মন বলেন, ‘‘আমার ভাইয়ের পুলিশ, বিএসএফে চাকরি করার খুব ইচ্ছে ছিল। পুলিশের চাকরিতে টাকা লাগে তাই ও বলেছিল,টাকা দিয়ে চাকরি নেবো না। বিএসএফের চাকরির পরীক্ষায়ও বসেছিল। বাবা কিছুদিন আগেই মেরুদন্ড ভেঙ্গে ঘরে রয়েছে। অনেক টাকা খরচ করেও বাবাকে সুস্থ করতে পারে নি ভাই। গ্রামে কাজ থাকলে কিংবা এরাজ্যে কাজে ঘুষ না লাগলে আমার ভাই কিংবা অন্য বাড়ির ছেলেরা তো আর ভিন রাজ্যে কাজে যেত না। সংসারের হাল ধরতেই সবার বাধা উপেক্ষা করে কাজে গেছিল ও। ভাইয়ের মৃতদেহ আসার পর বিজেপির প্রধান পঞ্চায়েতেরা ভাইয়ের কাগজ পত্র চেয়েছিল। সেগুলো দিলে নাকি সরকারি সাহায্য মিলবে। আমরা না বলে দিয়েছি। কাজ না থাকাতেই তো ভিন রাজ্যে মারা গেল ভাই। এখন ওর মরদেহ দেখিয়ে সরকারি টাকা নিয়ে আমরা কি করবো?’’ রবিবার সকালে একমাত্র ছেলের মৃত্যুর খবর পেয়ে শোকে স্তব্ধ হয়ে গেছেন মা শ্যামলী কার্যী। তিনি বলেন, ‘‘শনিবার রাতেও ছেলে ফোনে আমার সাথে এবং ওর বাবার সাথে কথা বলেছিল। তখন ও আমাকে জানিয়েছিল, মা চিন্তা কোর না, যেখানে কাজে এসেছি এখানে কাজ আপাতত বন্ধ। এই মালিকের অন্য " সাইটে" কাজে যাবো। ওখানে গিয়েই তোমাদের ফোন করবো। তখনও ভাবি নি আর ওর গলা শুনতে পাবো না। রবিবার সকাল সাড়ে দশটায় ফোন এলো সব শেষ হয়ে গেছে।’’
শুভঙ্কের ঘরে ফিরেছে ঠিকই। তবে কফিন বন্দী লাশ হয়ে। পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে প্রাণ হারানো মৃতের তালিকায় আরও একটা সংখ্যা বাড়লো। প্রশ্ন একটাই আর কতদিন পর রাজ্যের বেকার যুবকেরা এরাজ্যেই কাজ পাবে? পরিযায়ী শ্রমিকদের জন্য কবে গ্রামেই কাজের ব্যবস্থা করবে সরকার?
Migrant Worker
সেকেন্দ্রাবাদে দুর্ঘটনায় নিহত পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল কোচবিহারে
×
Comments :0