কর্পোরেটের আধিপত্য সুনিশ্চিত করতেই সারা বিশ্বে উগ্র দক্ষিণপন্থী শক্তি আক্রমণ নামিয়ে আনছে মানুষের ওপর। এ দেশে এবং রাজ্যে সেই পরিস্থিতি দেখা যাচ্ছে। মানুষের অধিকার রক্ষা, জীবিকা রক্ষার লড়াইয়ে মুখোমুখি দাঁড়িয়ে উগ্র দক্ষিণপন্থাকে একজোটে চ্যালেঞ্জ জানাতে হবে বামপন্থীদের।
মঙ্গলবার, ১৭ নভেম্বর, মালদহে নভেম্বর বিপ্লব বার্ষিকী পালনে আলোচনাসভা থেকে এই আহ্বান জানানো হয়েছে। আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী।
তিনি বলেন, দেশে বর্তমানে কর্পোরেট নিয়ন্ত্রিত আরএসএস পরিচালিত উগ্র দক্ষিণপন্থী সরকার আছে। শুধু তাই নয় দেশের নির্বাচন ব্যবস্থাও পরিচালিত হচ্ছে কর্পোরেট শক্তির নির্দেশে। যার নেতৃত্বে জ্ঞানেশ কুমার। রাজ্যে রাজ্যে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ নির্বাচনে জিততে বিজেপি-কে সহায়তা করছে। এর বিরুদ্ধে বামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে মুখোমুখি লড়াইয়ে নেমেছে।
সিপিআই(এম) মালদহ জেলা কমিটির আহ্বানে মঙ্গলবার বিকেলে মালদহ কলেজ অডিটরিয়ামের সানাউল্লাহ মঞ্চে এই আলোচনা সভার বিষয় ছিল ‘উগ্র দক্ষিণপন্থা বনাম বামপন্থা: মুখোমুখি লড়াই’।
এদিন আলোচনা সভার শুরুতে ভি আই লেনিনের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান হয়। শ্রদ্ধা জানান সদস্য আভাস রায়চৌধুরী, জেলা সম্পাদক কৌশিক মিশ্র, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অম্বর মিত্র, দেবজ্যোতি সিনহা, প্রণব দাস, দোলন চাকি, অনিমেষ সিনহা, এবং প্রবীণ পার্টি সদস্য বিশ্বনাথ ঘোষ, রণজিৎ চক্রবর্তী, বিদ্যুৎ বিশ্বাস প্রমুখ নেতৃত্ব ও সদস্যরা। এরপর গণসঙ্গীতের পর শুরু হয় আলোচনা সভা অম্বর মিত্রের সভাপতিত্বে।
নভেম্বর বিপ্লবের তাৎপর্য তুলে ধরে আভাস রায়চৌধুরী বলেন, লেনিনের নেতৃত্বে যে বিপ্লব হয়েছিল তার প্রভাব গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। বিশ্বের বিভিন্ন দেশে কমিউনিস্ট পার্টি গঠিত হয়। তিনি বলেন, আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনেও তার প্রভাব পড়ে। আজকের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন যে গোটা বিশ্বে, ফ্রান্স থেকে শুরু করে আমেরিকা, বামপন্থার প্রভাব বাড়ছে। বিশ্বের রাজনীতিতে প্রভাব ফেলছে। আর তাই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে কমিউনিস্টদের প্রধান শত্রু হিসাবে চিহ্নিত করে আক্রমণ নামিয়ে আনছে। এর বিরুদ্ধে বামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে পরে নেমেছে। উগ্র দক্ষিণপন্থার সঙ্গে মুখোমুখি লড়াই চলছে বামপন্থার।
শুরুতে জেলা সম্পাদক কৌশিক মিশ্র আগামী দিনের কর্মসূচি তুলে ধরে বলেন আগামীদিনে মালদহ ও মুর্শিদাবাদ জেলার ভাঙন ও সীমান্ত সমস্যা নিয়ে কর্মসূচি নেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলার সঙ্গে ফারাক্কায় সমাবেশ করা হবে। ১ ডিসেম্বর দিল্লিতে শ্রমিকদের সমাবেশের সমর্থনে জেলায় কর্মসূচি হবে। তিনি পার্টির বিশেষ অধিবেশনের ঘোষণা করেন।
Maldah Meeting Abhash Roychowdhury
দক্ষিণপন্থাকে সরাসরি চ্যালেঞ্জের বার্তা মালদহের আলোচনা সভায়
কলেজ স্ট্রিটে ছাত্রদের বুকস্টলে পুলিশের জুলুমে প্রতিবাদ মিছিল মালদহে। রয়েছেন আভাস রায়চৌধুরী, কৌশিক মিশ্র সহ নেতৃবৃন্দ।
×
Comments :0