ছ’মাসেই বিজেপি এ রাজ্যে যে আক্রমণাত্মক চেহারা নিয়েছে, তা শুধু বর্তমান বাংলার সর্বনাশকেই দেখাচ্ছে না, ভবিষ্যৎ বাংলাকে ধ্বংস করার শঙ্কা চোখে আঙুল দিয়ে দিখিয়ে দিচ্ছে। পনেরো বছর ধরে তৃণমূল শাসনে ধ্বংস যজ্ঞ সহ্য করতে হয়েছে এ রাজ্যের মানুষকে। তৃণমূলের সরকার রাজ্যের সর্বক্ষেত্রে যে অপকর্ম করেছিল মানুষ তার বিরুদ্ধে নির্বাচনে রায় দিয়েছে। আর বিজেপি সরকারে এসে সেই সর্বনাশকেই তীব্রতর করে বাংলাকে ধ্বংস করার পথে চলেছে। এই সর্বনাশকে রুখে দেওয়াই বাংলার মানুষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের মধ্যে যেমন রয়েছে সবার ভোটাধিকার ফেরানোর সংগ্রাম, স্কুলশিক্ষা থেকে উচ্চশিক্ষায় বিজেপি’র নির্লজ্জ আক্রমণ, রয়েছে ভয়াবহ বেকারি, গ্রামে হাহাকার- কাজ না পাওয়ার যন্ত্রণা, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, সেই সঙ্গে রয়েছে পুলিশ পরিবেষ্টিত শাসক দলের দুষ্কৃতীদের দাপাদাপি। শিক্ষক পদ থেকে পুলিশের শূন্যপদে নিয়োগ, শিল্পায়ন, আইনশৃঙ্খলা রক্ষা কোনোক্ষেত্রেই বিজেপি সরকারে এসে প্রতিশ্রুতি পূরণের পথে হাঁটেনি। শুধু তাই নয়, শিক্ষাক্ষেত্রে বিজ্ঞানমনস্কতা প্রসারের বদলে অপবিজ্ঞান প্রচার করছে। বিজেপি’র নেতামন্ত্রী থেকে শুরু করে আরএসএস প্রধান মোহন ভাগবত পর্যন্ত প্রচার করছেন যে বাজি পোড়ালে পরিবেশ শুদ্ধ হয়। শুধু অপবিজ্ঞান নয়, ঘৃণা বিদ্বেষ প্রচারের জন্যও আরএসএস-বিজেপি’র লাগাতার প্রচেষ্টা। সব মিলিয়ে অবস্থা এমনই যে, মানুষের জীবন-জীবিকার নানা সঙ্কটে জর্জরিত এক রাজ্যের নাম এখন পশ্চিমবঙ্গ। আক্রমণের তালিকায় জীবন-জীবিকা শুধু নয়, উগ্র বিজেপি হুঙ্কার বদলে দিতে চাইছে বাঙালির নিজস্ব পরিসর। বদলে দিতে চাইছে বাঙালিয়ানা। রাতারাতি বাংলায় যেন গুজরাট-হরিয়ানার প্রতিচ্ছবি। ধমকে-চমকে গুন্ডামিতে বাংলায় এখন ভিন রাজ্যের ঢঙ।
বইয়ের ওপর নাশকতা, লাইব্রেরিতে নিষেধাজ্ঞা এর আগে এ রাজ্যর মানুষ দেখেনি এমনটা নয়। কিন্তু এবার শারদোৎসবের সময় যা দেখা গেল তা অভূতপূর্ব। বইয়ের ওপর সংগঠিত বর্বর আক্রমণ। বইয়ের স্টল ভাঙতে এল বুলডোজার। ভাঙা হলো একের পর এক বইয়ের স্টল। এ শুধু বইয়ের স্টলের ওপরে আক্রমণ নয়, বাংলার মননে, বইয়ের ওপর বাঙালির আবেগের ওপর গভীর ক্ষত তৈরি করার বিজেপিয়ানা। আর সেকারণেই প্রতিরোধের মেজাজেও অন্য ধারা। প্রতিরোধ করেই বই প্রকাশ, বইয়ের স্টল সাজানো, বই বিক্রিতে সাফল্য, বইয়ের হাট, বাড়ি বাড়ি বই বিক্রির অভিনব উদ্যোগ আসলে বাংলারই নিজস্ব অনুভবের প্রকাশ।
এখানেই প্রতিরোধের পরিসর, গণতান্ত্রিক অধিকারগুলি রক্ষার লড়াই আরও তীব্রভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে। যে লড়াই লাগাতারভাবে বামপন্থীরাই চালিয়ে যাচ্ছে। সিপিআই(এম) পশ্চিমবঙ্গে বিজেপি’র বিরুদ্ধে বাম ব্যক্তি, গোষ্ঠী, দল সবাইকে একজোট করে যৌথ কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর জোর দিয়েছে। সদ্য শেষ হওয়া সিপিআই(এম)’র‘ রাজ্য কমিটির বৈঠকের পর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন এ রাজ্যে বামদলগুলি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছে। একই সঙ্গে সব বাম ব্যক্তি, গোষ্ঠী, দলকে ঐক্যবদ্ধ করে যৌথ কার্যক্রমের পথে আগ্রসর হতে হবে। এভাবেই রাজ্য আরও আন্দোলনমুখী হবে। বাংলাকে ধ্বংসের পথ থেকে বাঁচাতে পারে এই ঐক্যবদ্ধ আন্দোলনই।
United Struggle
ঐক্যবদ্ধ আন্দোলনই পথ
×
Comments :0