November Revolution and Lenin

স্বপ্নের বাস্তবায়ন ও বিপর্যয় থেকে শিক্ষা

সম্পাদকীয় বিভাগ

দেবব্রত ঘোষ
একটা স্বপ্নকে বুকে নিয়ে আমরা পথ চলি। তারজন্য একটার পর একটা স্তর আমাদের অতিক্রম করতে হবে। বৈজ্ঞানিক সমাজতন্ত্র, তার আগে আমাদের দেশে জনগণতান্ত্রিক বিপ্লব করে জনগণতান্ত্রিক সরকার গঠন করা। শুধু ভোটে লড়া আমাদের কাজ নয়, শুধু রাজ্য সরকার, পঞ্চায়েত, পৌরসভা পরিচালনাই একমাত্র লক্ষ্য নয়, তাহলে ভুল হবে। শেষ পর্যায়ে পৌঁছানোর জন্য এটা আমাদের একটা হাতিয়ার।
অনেক বিষয়ে আলোচনার মধ্যে না গিয়ে পরিবারের ওপরে সাম্যবাদী সমাজের প্রভাব কী রকম হবে, এ সম্পর্কে কার্ল মার্কস ও ফ্রেডরিখ এঙ্গেলসের তত্ত্ব জানায়— নারী ও পুরুষের সম্পর্ককে একান্ত ব্যক্তিগত সম্পর্ক হিসাবে গড়ে তুলবে এই ব্যবস্থা; যে সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিরাই যুক্ত থাকবে, এবং এক্ষেত্রে সমাজের হস্তক্ষেপ করার কোনও সুযোগ থাকবে না। সাম্যবাদী ব্যবস্থা এই কাজটি করতে সক্ষম কারণ এই সমাজব্যবস্থা ব্যক্তি মালিকানার সম্পত্তির অবলুপ্তি ঘটায় এবং স্বশাসনের সার্বিক অধিকার সম্পর্কে শিশুদের শিক্ষা দেয়। এর মধ্যে দিয়ে ধ্বংস হয় বর্তমানে প্রচলিত বিবাহ ব্যবস্থার যুগ্ম ভিত্তি—ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির হাত ধরে সৃষ্ট স্বামীর ওপরে স্ত্রীর নির্ভরশীলতা এবং পিতা-মাতার ওপরে শিশুদের নির্ভরশীলতা। সাম্যবাদী সমাজ বা কমিউনিজম সম্পর্কে মার্কস বলেছেন— ‘‘শ্রম এখন জীবিকার উপায় মাত্র নয়; তা জীবনের প্রথম প্রয়োজনে পরিণত হয়েছে। সমাজের এই স্তরে অর্থাৎ সাম্যবাদী সমাজে কাজ করার জন্য কোনো আকর্ষণ বা পুরস্কারের প্রয়োজন হবে না। কারণ এই সমাজে নরনারীর পক্ষে সামাজিক অগ্রগতির কাজে নিজ নিজ অবদান দেওয়া ছাড়া অন্য কোনো দৃষ্টিভঙ্গি থাকবে না।’’

সাম্যবাদ ও সমাজতন্ত্র
কমিউনিজমে পৌঁছানোর আগে দেশে দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার কাজ করতে হবে। এই পর্যায়ে ‘বুর্জোয়া অধিকার’ সম্পূর্ণ লোপ পায় না, শুধু অংশত লোপ পায়। এজন্য সমাজতন্ত্র ও কমিউনিজমের মধ্যে বৈজ্ঞানিক পার্থক্য স্পষ্ট। মার্কস একে কমিউনিজমের নিম্নতর বা প্রথম পর্যায় হিসাবে উল্লেখ করেছেন। এই বিষয়ে কমরেড লেনিন ব্যাখ্যা দিয়ে বলেছেন— ‘‘সোশালিস্ট সমাজ হইতেছে সেই সমাজ, যাহা সরাসরি ধনতন্ত্রের জঠর হইতে জন্মলাভ করে, নতুন সমাজের প্রথম রূপ হইতেছে এই সোশালিস্ট সমাজ। পক্ষান্তরে কমিউনিস্ট সমাজ হইতেছে সমাজের এক উন্নততর রূপ, সমাজতান্ত্রিক সমাজ দৃঢ় প্রতিষ্ঠা লাভ করিবার পরেই কেবল এই সমাজের বিকাশ সম্ভব হয়। সোশালিস্ট সমাজ বলিতে বুঝায় সেই সমাজ, যেখানে পুঁজিপতিদের সাহায্য ছাড়াই কার্যনির্বাহ হয়। শ্রম সেখানে সামাজিক হইয়াছে, আর সেই সঙ্গে সংগঠিত অগ্রগামী বাহিনী অর্থাৎ শ্রমজীবীদের সর্বাপেক্ষা অগ্রগামী অংশ সেখানে কড়াকড়িভাবে সমস্ত কিছুর হিসাব রাখে, নিয়ন্ত্রণ করে ও তদারকি করে। অধিকন্তু, সোশালিস্ট সমাজ বলিতে ইহাও বুঝায় যে, শ্রমের মান ও শ্রমের ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করিতে হইবে। নির্ধারণ করিতে হইবে এই কারণে যে, সমস্ত কৃষিপ্রধান দেশে অসমন্বিত শ্রম, সামাজিক আর্থিক ব্যবস্থায় বিশ্বাসের অভাব, ছোট উৎপাদকের পুরানো অভ্যাসের মতো পুঁজিতান্ত্রিক সমাজের জের ও অভ্যাস অনেক আমাদের মধ্যে থাকিয়া গিয়াছে। এই সবকিছুই প্রকৃত কমিউনিস্ট অর্থনীতির বিরোধী। পক্ষান্তরে কমিউনিস্ট সমাজ বলতে আমরা সেই সমাজকেই বুঝি, যেখানে মানুষ লোকহিতকর কর্তব্য সম্পাদনে স্বতঃই অভ্যস্ত হইয়া উঠিবে এবং তাহাকে এই কাজে বাধ্য করার কোনও বিশেষ যন্ত্রের প্রয়োজন হইবে না এবং সেখানে বিনা পারিশ্রমিকে সাধারণের হিতকর কাজ করা একটা সাধারণ ব্যাপার হইয়া দাঁড়াইবে।’’
প্যারিস কমিউন
১৮৭১ সালে সর্বহারা কর্তৃক প্রথম রাষ্ট্রক্ষমতা দখল হয়। মাত্র ৭২ দিন টিকে ছিল এই কমিউন। এই ৭২ দিনের মধ্যেই কমিউন যে কাজগুলির কথা ঘোষণা এবং কার্যকর করতে শুরু করেছিল সেটাই ছিল শ্রমিক শ্রেণির লক্ষ্যের কিছু বিষয়ে বাস্তব প্রয়োগ। যেমন ধর্মনিরপেক্ষতার জন্য রাষ্ট্র থেকে গির্জাকে বিচ্ছিন্ন করা হয় এবং ধর্মনিরপেক্ষ, বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা চালু করার উদ্যোগ নেওয়া হয়, শ্রমিকদের দৈনিক কাজের সময়সীমা নির্ধারণ, পুরুষ ও মহিলা শিক্ষক ও নার্সদের জন্য সমান বেতনের নীতি প্রবর্তন করা হয়েছিল, বিধবা ও অবিবাহিত মহিলাদের পেনশন সহ মহিলা সহ সমগ্র সমাজের জন্য আরও বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছিল কমিউন। পরবর্তীকালে ২১ মে সরকারি বাহিনী প্যারিসে প্রবেশ করে এই কমিউন উচ্ছেদ অভিযান শুরু করে। ৩০ হাজার কমিউন সদস্যকে হত্যা করা হয়, হাজার হাজার কমিউনার্ডকে গ্রেপ্তার করলে কমিউনের পতন ঘটে। কমিউনের পতন ঘটলেও পরবর্তীকালে বিশ্বব্যাপী শ্রমিক ও বিপ্লবী আন্দোলনকে গভীরভাবে প্রভাবিত করে। ব্যর্থতার কারণগুলি এখানে সার্বিক উল্লেখ না করলেও প্রধান দুটি বিষয় ছিল— প্রথমতঃ শ্রমিক শ্রেণির পার্টির অনুপস্থিতি এবং দ্বিতীয়তঃ কৃষক সমাজ সহ সমাজের সব অংশকে এই সংগ্রামে যুক্ত করতে না পারা।
এর অনেক আগেই ১৮৪৮ সালে প্রকাশিত হয়েছে ‘কমিউনিস্ট ইশ্‌তেহার’। এই ঘটনায় মার্কস ও এঙ্গেলসের উপর ভীষণ প্রভাব পড়ে। ২৪ জুন, ১৮৭২ ‘কমিউনিস্ট ইশ্‌তেহার’-এর জার্মান সংস্করণের সর্বশেষ ভূমিকায় উল্লেখ করলেন ‘মজুর শ্রেণি আগের তৈরি রাষ্ট্রযন্ত্র শুধুই করায়ত্ত করিয়া তাহার নিজস্ব উদ্দেশ্য সাধনের জন্য চালনা করিতে পারে না’। এই সংশোধনটিকেই ধরে সুবিধাবাদী সহ শত্রু শিবির তৎকালীন সময়ে ভীষণভাবে অপব্যাখ্যা করতে শুরু করে। আসলে তিনি এই সংশোধনীর মাধ্যমে বলতে চেয়েছিলেন, শুধু রাষ্ট্র যন্ত্রকে দখল করলেই হবে না তাকে ভেঙে চুরমার করতে হবে। এ সম্পর্কে তিনি প্যারিস কমিউনের পতনের আগেই ‘অষ্টাদশ ব্রুমেয়ার’-এ উল্লেখ করেছেন যা তিনি কুগেলমানকে পত্র লিখে জানান।
রুশ বিপ্লব
ফ্রান্সে ১৮৪৮ ও ১৮৭১ সালের দুটি বিপ্লবের নিদারুণ বিপর্যয়ের অন্যতম কারণ ছিল কৃষিক্ষেত্রের মজুত বাহিনী বুর্জোয়াদের পক্ষে চলে গিয়েছিল। নভেম্বর বিপ্লবে কৃষিক্ষেত্রের মজুত বাহিনীকে সর্বহারার পক্ষে নিয়ে আসতে সফল হয়েছিল। লেনিনের নেতৃত্বে এই বিপ্লবের প্রাক্কালে পার্টির অভ্যন্তরেও কয়েকজন নেতৃত্ব নানানভাবে সেই সময়কার পরিস্থিতি, দেশের পরিস্থিতি এবং বিপ্লবের সময় সম্পর্কে নানান বিভ্রান্তিমূলক তত্ত্ব প্রচার করতে থাকেন। এর মধ্যে একটি তত্ত্ব ছিল, উন্নত পুঁজিবাদী দেশগুলিতে আগে বিপ্লব সম্পন্ন হতে পারে, রাশিয়ার মতো এত অনুন্নত, পিছিয়ে থাকা পুঁজিবাদী দেশে বিপ্লব সফল হতে পারে না। রুশ বিপ্লবের মাধ্যমে লেনিন প্রমাণ করে দিলেন, ‘একটি দেশে সমাজতন্ত্রের বিজয় সম্পূর্ণত সম্ভব ও সম্ভাবনাপূর্ণ; তা সেই দেশটি পুঁজিবাদের দিক থেকে যতই কম উন্নত হোক না কেন এবং পুঁজিবাদের দিক থেকে তারা যতই বেশি উন্নত হোক না কেন।’
সমাজতন্ত্র
বিপ্লবের পর সমাজতন্ত্র গড়ে তুলতে তিনি প্রথমেই নয়া আর্থিক নীতি (এনইপি)  গ্রহণ করেন। এই নীতি গ্রহণের ক্ষেত্রেও তাকে পার্টির অভ্যন্তরে একটি অংশের বিরোধিতার মুখে পড়তে হয়। সমালোচকদের বক্তব্য ছিল বাজার ও ব্যক্তিগত বাণিজ্যকে অনুমোদন করলে পুঁজিবাদী সম্পর্ক আবার শক্তিশালী হবে। তারা আরও বলল পুঁজিবাদী ব্যবস্থাকে উৎখাত করা হয়েছে, সেই ব্যবস্থার উপাদানগুলিকেই আবার ফিরিয়ে আনা হবে কেন? আবার এই প্রশ্নও এসেছিল ব্যক্তিগত পুঁজির বিকাশের ফলে শ্রমিকদের ওপর শোষণ ও বৈষম্য বাড়বে। নয়া আর্থিক নীতি গ্রহণ করার আগে অর্থাৎ রাশিয়ায় বিপ্লবের পর সেই দেশ যেসব সঙ্কটের মুখোমুখি হয়েছিল তাকে বুঝতে হবে। ১৯১৮-১৯২১ গৃহযুদ্ধ ও বিদেশি সামরিক হস্তক্ষেপ, শিল্প উৎপাদন মারাত্মকভাবে কমে যায়, কৃষি উৎপাদন বিপর্যস্ত হয়, শহরে শ্রমিকদের খাদ্য সরবরাহে সঙ্কট দেখা দেয়, শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ এবং কৃষক বিদ্রোহ দেখা দেয়।
এই পরিপ্রেক্ষিতে লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টি, যে অর্থনৈতিক নীতি গ্রহণ করছিল, তাকে বলা হলো ওয়ার কমিউনিজম বা যুদ্ধকালীন সাম্যবাদ। এর বৈশিষ্ট্যগুলি হলো— বড় শিল্প ও বাণিজ্যের রাষ্ট্রায়ত্তকরণ, কৃষকদের কাছ থেকে নির্ধারিত প্রয়োজনের অতিরিক্ত খাদ্যশস্য রাষ্ট্রের দ্বারা সংগ্রহ, ব্যক্তিগত বাণিজ্যের ওপর কঠোর নিষেধাজ্ঞা এবং অর্থনীতিতে রাষ্ট্রের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ। যুদ্ধকালীন পরিস্থিতিতে এই নীতি গ্রহণ করা হলেও যুদ্ধ শেষ হওয়ার পরেও এই ব্যবস্থা চালিয়ে যাওয়া অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটকে বাড়িয়ে তুলেছিল।
লেনিন এটা উপলব্ধি করলেন যে শ্রমিক শ্রেণির রাষ্ট্রক্ষমতা বজায় রাখতে হলে কৃষকদের সঙ্গে রাজনৈতিক জোটকে পুনরায় শক্তিশালী করা জরুরি। ১৯২১ সালের মার্চ মাসে দশম পার্টি কংগ্রেসে এনইপি-র পরিবর্তন আনা হয়। এই পরিবর্তনগুলি ছিল— জোর করে উদ্বৃত্ত শস্য সংগ্রহের পরিবর্তে নির্দিষ্ট পরিমাণ খাদ্য কর দেওয়ার পর কৃষকদের উদ্বৃত্ত শস্য বাজারে বিক্রির অধিকার, ক্ষুদ্র শিল্পে ব্যক্তিগত উদ্যোগের অনুমতি, বৃহৎ শিল্প, ব্যাঙ্ক, রেল, বৈদেশিক বাণিজ্য রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া হলো।
লেনিনের বক্তব্য ছিল এটি পুঁজিবাদে ফিরে যাওয়া নয়, এই পদক্ষেপ সমাজতন্ত্রে উত্তরণের একটি বিশেষ পর্যায়, তিনি মনে করেছিলেন অর্থনৈতিক উৎপাদনশীলতা বাড়ানো ছাড়া সমাজতন্ত্র নির্মাণ সম্ভব নয়। এই নয়া আর্থিক নীতি গ্রহণ করার পর রাশিয়ার অর্থনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল। ১৯২১ সালে যে অর্থনীতি প্রায় ভেঙে পড়েছিল, ১৯২৮ সালের মধ্যে তার অনেকাংশে পুনরুদ্ধার হয়। এই সাফল্য লেনিনের চিন্তা, ভাবনা, দূরদর্শিতা বাস্তব ভিত্তি দিয়েছিল।
সমাজতন্ত্রের সাফল্য
একটি পিছিয়ে পড়া দেশ দ্রুতগতির সাথে এগিয়ে যেতে থাকে, অর্থনীতি, শিল্প, কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রীড়া, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক ক্ষেত্রে যে পরিবর্তনগুলি ঘটল তা আজও বিস্ময় লাগে। কৃষিপ্রধান দেশ থেকে বৃহৎ শিল্পশক্তিতে পরিণত হয় সোভিয়েত। ১৯২৮ থেকে ১৯৪০ সালের মধ্যে উৎপাদন হয়েছিল তিন গুণ। ১৯৬৫ সালের মধ্যে এই উৎপাদন ১২-১৪ গুণ বৃদ্ধি পেয়েছিল। ১৯৫৪ সালে বিশ্বের প্রথম বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হয়। ১৯৫৭ সালে পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক উৎক্ষেপণ, ১৯৬১ সালে ইউরি গ্যাগারিনের প্রথম মানুষ হিসাবে মহাকাশযাত্রা, ১৯৬৩ সালে ভ্যালেন্তিনা তেরেশকোভার প্রথম নারী হিসাবে মহাকাশযাত্রা, বিপুল সংখ্যক নিরক্ষর মানুষকে অল্পদিনের মধ্যে সার্বিক সাক্ষরতার মধ্যে আনা হয়, কারিগরি শিক্ষা, বিজ্ঞান শিক্ষা ও বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ ঘটে।
রাষ্ট্রীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে ওঠে, বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা গড়ে ওঠে। ওইসিডি-এর ঐতিহাসিক তথ্য অনুযায়ী সোভিয়েত ইউনিয়নে মানুষের গড় আয়ু ১৯২০-র দশকের প্রায় ৩২.৬ বছর থেকে ১৯৬০-এর দশকে প্রায় ৬৯ বছরে পৌঁছেছিল। নারীদের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হয়। কৃষিক্ষেত্রে অগ্রগতি ঘটে। রুশ বিপ্লবের পর সোভিয়েত ইউনিয়নের অন্যতম উল্লেখযোগ্য সামাজিক ও অর্থনৈতিক সাফল্য ছিল কর্মসংস্থানের ব্যাপক প্রসার এবং বেকারত্বকে নির্মূল করা। ক্রীড়া ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়নের সাফল্য ছিল বিস্ময়ের। ১৯৫২ সালে অলিম্পিকে অংশগ্রহণ করার পর মাত্র চার বছর পর ১৯৫৬ সালে সোভিয়েত ইউনিয়ন পদক তালিকায় প্রথম স্থান অধিকার করে। এরপর ১৯৫৬ থেকে ১৯৮৮ সালের মধ্যে অনুষ্ঠিত আটটি অলিম্পিকের ছয়টিতেই সোভিয়েত ইউনিয়ন পদক তালিকায় প্রথম হয়েছিল। এই সাফল্যকে শুধু অলিম্পিকের পদকের সংখ্যা দিয়ে বিচার করলে পুরো চিত্রটি পাওয়া যাবে না। এর একটি গুরুত্বপূর্ণ সামাজিক দিক ছিল খেলাধুলাকে সুযোগ হিসাবে না রেখে সাধারণ মানুষের জীবনযাত্রায় অংশগ্রহণ করা।
বিশ্বের মানুষের কাছে সোভিয়েত ইউনিয়নের অন্যতম ঐতিহাসিক অবদান হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি ফ্যাসিবাদকে পরাস্ত করা, ১৯৪১ সালের ২২ জুন হিটলারের জার্মানি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করার পর যুদ্ধের পূর্ব রণাঙ্গন মানবসভ্যতার ইতিহাসে এক ভয়াবহ ও রক্তক্ষয়ী সংগ্রামের ক্ষেত্র হয়ে ওঠে। এই যুদ্ধে সোভিয়েত জনগণ, লাল ফৌজ এবং দেশের শ্রমিক-কৃষক সহ সর্বস্তরের মানুষ যে আত্মত্যাগ ও প্রতিরোধের পরিচয় দিয়েছিল তা ইতিহাসে আজও এক নজিরবিহীন অধ্যায় যার মধ্য দিয়ে পৃথিবী ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা পেয়েছিল। প্রায় ২ কোটির বেশি মানুষ যুদ্ধে প্রাণ হারান, এই বিজয়ের মূল্য অপরিসীম। স্তালিনের নেতৃত্বে এই লড়াইয়ে ফ্যাসিবাদকে পরাস্ত না করতে পারলে আজকের পৃথিবীটা সম্পূর্ণ অন্যরকম হতো। আজকের দুনিয়ায় মানবসভ্যতার ও সমাজসভ্যতার এই অগ্রগতি না ঘটে পশ্চাৎপদ হওয়ার সম্ভাবনাই ছিল।
আন্তর্জাতিক প্রভাব
রুশ বিপ্লবে রাশিয়ার সমাজ, সভ্যতা এবং মানুষের জীবনের অভূতপূর্ব অগ্রগতি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদকে পরাস্ত করার পর দুনিয়াজুড়ে সমাজতন্ত্রের প্রতি যে তীব্র আকর্ষণ তৈরি হয় তার প্রতিফলনে পোল্যান্ড, পূর্ব জার্মানি, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, রোমানিয়া, যুগোস্লাভিয়া, আলবেনিয়া প্রভৃতি দেশে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এই পরিস্থিতিতে ১৯৪৯ সালে মাও জে দঙ-এর নেতৃত্বে সাফল্যমণ্ডিত হয় চীনের বিপ্লব। বিপ্লব সফল হয় ভিয়েতনাম ও কোরিয়ায়। ১৯৫৯ সালে ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে কিউবার বিপ্লব। এই সব ঘটনা বিপুল প্রভাব সৃষ্টি করে সাম্রাজ্যবাদ কবলিত দেশগুলির জনগণের মুক্তিসংগ্রামগুলিতে। ভারত সহ ১৫০টির অধিক দেশ স্বাধীনতা অর্জন করে।
সোভিয়েতের বিপর্যয় ও শিক্ষা
সাম্রাজ্যবাদের প্রথম থেকেই সোভিয়েত বিরোধী ষড়যন্ত্র ছিল কিন্তু ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙন ছিল একটি দীর্ঘমেয়াদি রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সঙ্কটের পরিণতি। এর পিছনে ছিল দীর্ঘদিন কাঠামোগত দুর্বলতাকে উপেক্ষা করা, প্রশাসনিক ও রাজনৈতিক সঙ্কট, অর্থনৈতিক স্থবিরতা, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সমাজের বহুধা বিচিত্র বৈষয়িক উৎপাদন-বণ্টনে ব্যর্থতা, শ্রমিকশ্রেণির একনায়কতন্ত্রের প্রশ্নে মারাত্মক শৈথিল্য এবং বিকৃতি, জনগণ থেকে পার্টির ব্যাপকভাবে বিচ্ছিন্নতা। মতাদর্শগত অবক্ষয়। মার্কসবাদের আদর্শ থেকে বিচ্যুতি, পার্টি নীতির জন্য যা কার্যকর সেই গণতান্ত্রিক কেন্দ্রিকতা জনগণের মধ্যে প্রয়োগ করা।
সোভিয়েত ইউনিয়নের বিপর্যয় কোনও মতাদর্শের পরাজয় নয় এটা ছিল প্রয়োগের বিচ্যুতি। এর থেকে শিক্ষা হলো সমাজতান্ত্রিক রাষ্ট্র কীভাবে নিজের অর্থনৈতিক সাফল্যের পাশাপাশি গণতান্ত্রিক, রাজনৈতিক শক্তি এবং মতাদর্শগত ভিত্তিকে ধারাবাহিকভাবে উন্নত ও বিকশিত করতে পারে তার চ্যালেঞ্জ যা বর্তমানে চীন, কিউবা, ভিয়েতনাম তাদের দেশের বাস্তবতায় চ্যালেঞ্জগুলি গ্রহণ করে এগিয়ে চলেছে।
সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র বিপর্যয় হলেও তার অবদানগুলিকে চিরকালের জন্য সমাজের মধ্যে যে গভীর দাগ কেটে দিয়ে গেছে তাকে হাজার চেষ্টা করেও মুছে ফেলা যাবে না। কিন্তু বাস্তবে এই শিক্ষা আরও জোরালো করেছে যে সমাজতান্ত্রিক পরিবর্তনের প্রক্রিয়া দীর্ঘস্থায়ী আর জটিল হতে বাধ্য। বিপ্লব বা বিপ্লবোত্তর নির্মাণ কোনোটাই একই রেখায়, একই গতিতে, একইভাবে এগোবে না। ইতিহাস প্রমাণ করেছে ধনতন্ত্র থেকে সমাজতন্ত্রে উত্তরণ—তীব্র শ্রেণিসংগ্রামের এক দীর্ঘস্থায়ী পর্ব তা সমাজতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার আগে, বিপ্লবের সময়, আবার সমাজতন্ত্র প্রতিষ্ঠার পর বরং আরও বেশি দীর্ঘস্থায়ী পর্ব।
 

Comments :0

Login to leave a comment