স্কুলে দেরি করে ঢোকার ‘শাস্তি’ এড়াতে অপহরণের রুদ্ধশ্বাস গল্প ফাঁদল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে ধূপগুড়ি ব্লকের গাদং ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জুড়াপানি এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। তবে পুলিশের কয়েক ঘণ্টার তৎপরতায় শেষমেশ প্রকাশ্যে এল আসল সত্য।
সোমবার জুড়াপানি হাইস্কুলের ওই ছাত্রী নির্ধারিত সময়ের অনেক পরে বিদ্যালয়ে পৌঁছায়। স্কুলে ঢুকেই এক শিক্ষিকার সামনে কান্নায় ভেঙে পড়ে সে দাবি করে, পথে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাকে সাইকেলে তুলে নিয়ে গিয়েছিল। তাকে মাদক মিশ্রিত জল খাইয়ে একটি বন্ধ ঘরে আটকে রাখা হয়। জ্ঞান ফেরার পর সে জানালা দিয়ে পালিয়ে কোনোক্রমে স্কুলে পৌঁছেছে।
স্বাভাবিকভাবেই এই লোমহর্ষক কাহিনী শুনে স্কুল চত্বরে হুলস্থুল পড়ে যায়। প্রধান শিক্ষক ছাত্রীর পরিবারকে খবর দিলে আতঙ্কিত অভিভাবকরা মেয়েকে নিয়ে ধূপগুড়ি থানায় ছোটেন। ঘটনার গুরুত্ব বিচার করে তৎক্ষণাৎ তদন্তে নামে পুলিশ। সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই দেখা যায় চাঞ্চল্যকর তথ্য— অপহরণের কোনো চিহ্নই সেখানে নেই।
পুলিশি জেরার মুখে শেষমেশ ভেঙে পড়ে ওই ছাত্রী। সে স্বীকার করে, বান্ধবীর সঙ্গে স্কুলে এলেও গেট থেকে সে একা ঘুরতে চলে গিয়েছিল। অনেকটা সময় পেরিয়ে যাওয়ায় স্কুল ও বাড়ির বকুনি থেকে বাঁচতেই এই মিথ্যা গল্প সাজায় সে। সত্য সামনে আসতেই স্বস্তি ফিরেছে এলাকায়। তবে একটি কাল্পনিক ঘটনার পেছনে পুলিশের দীর্ঘ সময় ও শ্রম নষ্ট হওয়ায় ছাত্রীর এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে চায়নি।
Story of Kidnapping
'শাস্তি’ এড়াতে অপহরণের গল্প ধূপগুড়ির ছাত্রীর
×
Comments :0