Amal Haldar AIKS Bardhaman

হামলা করে কৃষক আন্দোলন দমানো যাবে না, রক্তাক্ত হয়েও বললেন অমল হালদার

রাজ্য জেলা

বৃহস্পতিবার বর্ধমানে কৃষক সমাবেশ।

শঙ্কর ঘোষাল: বর্ধমান
বিজেপি দুষ্কৃতীদের আক্রমণে আহত হয়েছেন ২০জন কৃষকনেতা। আহত হয়েছেন সংযুক্ত কিসান মোর্চার রাজ্য যুগ্ম আহ্বায়ক অমল হালদার। রক্তাক্ত হয়েছেন তিনি। প্রতিরোধও গড়েছেন কৃষকরা। কৃষক, খেতমজুরদের দাবি নিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে পূর্ব বর্ধমানের জেলা শাসককে। এদিন বর্ধমানে দেখা গিয়েছে এই ছবি।
রাজ্যের কৃষক ক্ষেতমজুররা ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। কৃষক, খেতমজুরদের জীবন যন্ত্রণার কথা প্রশাসন ও সরকারের কাছে জানাতে আসেন কৃষকরা। এদিন দেশজুড়েই দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের ছয় বছর পূর্তি ও সংবিধান দিবসে ছিল কর্মসূচি।
রাজ্যের সংযুক্ত কিসান মোর্চার যুগ্ম আহ্বায়ক অমল হালদার  বলেছেন, হামলা করে, গুন্ডা দিয়ে কৃষকদের আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। তিনি বলেন, রাজ্যের কৃষক খেমজুররা ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। কৃষকরা ফসলের লাভ, দাম পাচ্ছে না। (আরও দেখুন: বর্ধমানে কৃষক বিক্ষোভে হামলা বিজেপি’র, রক্তাক্ত অমল হালদার)
তিনি বলেন যে সার, বীজ, কীটনাশক সহ সমস্ত কৃষি উপকরণের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। তার উপর রয়েছে নানা প্রাকৃতিক দুর্যোগ। অতি সম্প্রতি অকাল বর্ষনে ধান, আলু, লঙ্কা সহ অনেক সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চাষিরা ঋণগ্রস্থ হয়ে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। খেতমজুরদের সারা বছরের কাজ নেই। জব কার্ডে যে কাজ‌ দেওয়ার কথা তাও সেভাবে দেওয়া হচ্ছে না।  
এদিন খেতমজুর, কৃষকদের ৯ দফা দাবি নিয়ে সংযুক্ত কিষান মোর্চার ডাকে পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান স্টেশন থেকে মিছিল করে বাদামতলা মোড়ে আসেন কৃষক, খেতমজুররা। সেখানেই সভা হওয়ার কথা ছিল। সেই সভা চলাকালীন হঠাৎ বিজেপি’র কয়েকজন দুষ্কৃতী বিনা প্ররোচনায় সভা বন্ধ করার জন্য হৈ হট্টগোল শুরু করে। 
পুলিশ সামনে থাকা সত্ত্বেও ওই বিজেপি কর্মীদের না সরিয়ে তারা হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকে। এরপর আরও কয়েকজন বিজেপি’র কর্মী জড়ো হয়ে গালিগালাজ দিতে শুরু করে, চিৎকার করে বলতে শোনা যায়, ‘হিন্দুর রাজত্বে লাল ঝান্ডার মিছিল চলবে না’। এই বলে হামলা শুরু করলে পুলিশ তখনও চুপ ছিল। কিন্তু আরো কিছু বিজেপির কর্মী জড়ো হয়ে সরাসরি সমাবেশের উপর হামলা করে। ততক্ষণে সভা বাঁচাতে দুষ্কৃতীদের বাধা দেয় কৃষক, খেতমজুররা। 


হামলাকারীরা ‘সমাবেশ চলতে দেবো না, বন্ধ কর মিটিং’ বলে লাঠি, রড নিয়ে ঝাঁপিয়ে পড়ে কৃষক, খেতমজুর কর্মী ও নেতৃত্বের উপর। এই হামলাতে আহত হয়েছেন ২০জনের বেশি সংযুক্ত কিষান মঞ্চের কর্মী। হামলার মধ্যেই সভায় বক্তব্য চালিয়ে যেতে থাকলে অমল হালদারের মাথায় লাঠি দিয়ে আঘাত করে বিজেপি’র হামলাকারীরা। তিনি রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন। এই দৃশ্য দেখে কিসান মোর্চার কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। রাস্তার প্রত্যক্ষদর্শীরা বলতে শুরু করেন এই জঙ্গলের রাজত্ব, গুন্ডারাজ আর কত দিন চলবে? 
এখানেই স্পষ্ট দেখা গিয়েছে বিজেপি নেতারা হামলায় প্ররোচনা দিচ্ছেন। যা থেকে স্পষ্ট, পরিকল্পিতভাবেই এই সভায় হামলা চালিয়েছে। 
এদিন বর্ধমান স্টেশন থেকে যে বিশাল লাল ঝান্ডার স্রোত শহরে প্রবেশ করে। কৃষক, খেতমজুরদের জীবন যন্ত্রণার কথা ফুটে ওঠে। তাতেই ভয় পেয়ে বিজেপি এই হামলা করেছে এই সমাবেশে। কৃষক নেতৃবৃন্দ বলেছেন যে ভাগচাষি, লিজ চাষি ও বর্গা চাষিরা কিসান আইডি করার সুযোগ থেকে বঞ্চিত হওয়াতে তাঁরা সরকারি কৃষি যোজনার কোনও সুবিধা পাবেন না। অথচ আমাদের রাজ্যে এই কৃষকের সংখ্যা সব থেকে বেশি। তার উপরে প্রশাসনের নাকের ডগায় চলছে সারের লাগামহীন কালোবাজারি। সেই কৃষকদের দুঃখ যন্ত্রণার কথা প্রশাসনের কাছে বলতে এসেই আক্রান্ত হতে হয়েছে শাসকদলের গুন্ডাদের হাতে। 
উল্লেখ্য, পুলিশ ও প্রশাসনকে এই কর্মসূচি জানানো হয়েছিল। সংযুক্ত কিসান মঞ্চের ৫ সদস্যের প্রতিনিধিদল কৃষকদের দাবি নিয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন। উল্লেখ্য, এদিন সারা দেশে এবং রাজ্যে হয়েছে কর্মসূচি।

Comments :0

Login to leave a comment