কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর্স ক্লাব থেকে সরানো হলো বিডি সাভারকার, শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি। এই ছবি লাগানোর চব্বিশ ঘন্টার মধ্যেই কাউন্সিলর্স ক্লাব থেকে ছবি সরিয়ে ফেলা হয়ে বুধবার।
তার আগে, মঙ্গলবার, এই ছবি লাগানোকে কেন্দ্র করেই রাজনৈতিক চাপানো উতোর। বিরোধী সহ বিভিন্ন অংশ প্রশ্ন তোলে যে যাদের সঙ্গে কলকাতা কর্পোরেশনের কোনও যোগাযোগই নেই তাঁদের ছবি কাউন্সিলর্স ক্লাবে কেন লাগানো হবে। এই সিদ্ধান্তই বা কোথায় নেওয়া হলো?
এই ছবি কেন লাগানো হলো এবং কেনই বা খুলে ফেলা হলো তা সম্পর্কে পৌর প্রশাসক স্মিতা পান্ডের থেকে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিজেপি’র প্রাক্তন কাউন্সিলর ও বিধায়ক সজল ঘোষ বলেছেন, ‘ওই ছবি সঠিক জায়গায় লাগানো হয়নি বলেই খোলা হয়েছে। নির্ধারিত জায়গায় সসম্মানে আবার সেই ছবি লাগানো হবে।’ তিনি বলেন, ‘যেখানে ছবি লাগানো হয়েছিল সেখানে প্রাক্তন কাউন্সিলরদের ছবি থাকার কথা।’
কলকাতা কর্পোরেশনের প্রাক্তন বাম পরিষদীয় দলনেতা মধুছন্দা দেব বলেছেন, "এই ছবি লাগানোর সিদ্ধান্ত কে নিল তার কোনও ব্যাখ্যা নেই। কারণ কলকাতার পৌর বোর্ড এখন নেই। কার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা-ও জানা যাচ্ছে না। যাদের সঙ্গে কর্পোরেশনের কোনও যোগাযোগই নেই তাঁদের ছবি কেন লাগানো হবে কাউন্সিলার্স ক্লাবে?"
মধু্ছন্দা দেবের আশঙ্কা, অতীতকে মুছে দিয়ে ওপর থেকে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। ভবিষ্যতে তো কর্পোরেশনের চিরায়ত লাল রঙ মুছে গেরুয়াও হয়ে যেতে পারে।
তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ও মেয়র পরিষদ সদস্য বৈশ্বনর চ্যাটার্জি বলেছেন, ‘‘কেন এই ছবি লাগানো হলো কেনই বা এই ছবি সরানো হলো তা বলতে পারবেন যারা লাগিয়েছেন বা যারা সরিয়েছেন।’’
তাঁর বক্তব্য, তৃণমূল কংগ্রেসের তরফে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। ই-মেইলের মাধ্যমে পৌর প্রশাসকের কাছে প্রতিবাদ জানিয়ে চিঠি দেবো।
kmc
কর্পোরেশনে সরানো হলো সাভারকর-শ্যামাপ্রসাদের ছবি, ‘রাখা হবে সঠিক জায়গায়‘ বলছে বিজেপি
×
Comments :0