Sheikh Hasina

১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা শেখ হাসিনার, ‘হাতকড়া পরেই ফিরতে হবে’, কড়া বার্তা বাংলাদেশের সরকারের

আন্তর্জাতিক

বাংলাদেশে ফেরার বিষয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণাকে কার্যত উড়িয়ে দিল তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের সরকার। ১৬ ডিসেম্বর দেশে ফেরার যে ইচ্ছা প্রকাশ করেছেন শেখ হাসিনা, তা বাস্তবসম্মত নয় বলে জানিয়ে দিলেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তার স্পষ্ট বক্তব্য, শেখ হাসিনা কোনও সাধারণ যাত্রী হিসেবে বাংলাদেশে ফিরতে পারবেন না। তাকে ফিরতে হবে হাতকড়া পরেই, অথবা কঠোর নজরদারিতে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির শেখ হাসিনার বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ ফের সামনে আনেন। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ সন্ত্রাসবাদের একটাই রূপ চেনে, তা হল শেখ হাসিনার মদতপুষ্ট আওয়ামী সন্ত্রাসবাদ। তিনি একজন দণ্ডিত অপরাধী এবং পলাতক সন্ত্রাসবাদী।’

শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছাকে কটাক্ষ করে বিদেশ প্রতিমন্ত্রী বলেন, টাকা খরচ করে, লোক নিয়োগ করে কিংবা বিভিন্ন মহলের সাহায্যে সংবাদমাধ্যমে অনেক কিছু প্রকাশ করানো যেতে পারে। কিন্তু ইচ্ছা আর বাস্তবতা এক নয়। তার কথায়, ‘কোনও সন্ত্রাসবাদীকে প্রত্যর্পণ ছাড়া দেশে ফিরতে দেওয়া হবে না।’ শেখ হাসিনা দেশে ফেরার স্বপ্ন দেখছেন, এমন মন্তব্যও করেন তিনি।

সম্প্রতি শেখ হাসিনা ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার নির্দিষ্ট দিন ঘোষণা করেছিলেন। পাশাপাশি বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে সরকারের কাছে আবেদন জানান তিনি। দেশে ফেরার জন্য প্রয়োজনীয় নথিপত্রও চেয়েছেন হাসিনা। উল্লেখ্য, বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর গত ২০২৪ এর আগস্ট মাসে দিল্লিতে আশ্রয় নেন তিনি। সেই সময় তার পাসপোর্ট-সহ একাধিক নথি বাতিল করা হয়েছিল।

তবে শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবি মানতে নারাজ বাংলাদেশের সরকার। তাদের বক্তব্য, ভারত থেকে প্রত্যর্পণের মাধ্যমেই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব। গত বছর বাংলাদেশের একটি আদালত তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে। ছাত্র আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগে এই সাজা দেওয়া হয়েছিল। যদিও নির্বাসনে থাকা শেখ হাসিনা তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

হুমায়ুন কবির বলেন, ‘না, তিনি কোনও নিয়মিত বাণিজ্যিক বিমানের যাত্রী নন। তাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা যেতে পারে।’

অন্যদিকে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান আমিনুল ইসলামও শেখ হাসিনার দেশে ফেরার দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য, একজন দণ্ডিত পলাতক অপরাধী কীভাবে সরকারের কাছে নিজের দেশে ফেরার জন্য বিমান ও অন্যান্য ব্যবস্থা করে দেওয়ার দাবি জানাতে পারেন, তা বোধগম্য নয়।

রবিবার রয়টার্সকে বাংলাদেশের এক মন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে। তাকে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের সঙ্গে কোনও বিমান পাঠানো নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানিয়েছেন তিনি।

শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে এই কড়া অবস্থান বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ থাকা এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিংসার ঘটনা বৃদ্ধির প্রেক্ষাপটে বিষয়টি নতুন করে তাৎপর্য পেয়েছে।

উল্লেখ্য, শেখ হাসিনার সরকারের পতন ঘটানো ছাত্র-জনতার আন্দোলনের সময় বাংলাদেশে ব্যাপক হিংসা ছড়িয়েছিল। রাষ্ট্রসংঘের হিসাব অনুযায়ী, সেই অশান্তিতে প্রায় ১,৪০০ মানুষের মৃত্যু হয়েছিল। ফলে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং তার বিরুদ্ধে চলা আইনি প্রক্রিয়া আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে।

 

Comments :0

Login to leave a comment