বিশিষ্ট ইতিহাসবিদ কে এন পানিক্কর প্রয়াত হয়েছেন। তিরুবনন্তপুরমে একটি হাসপাতালে সোমবার মারা যান তিনি।
বিজ্ঞানভিত্তিক দৃষ্টিভঙ্গিতে ইতিহাসের চর্চায় বিশিষ্ট ছিলেন এই ইতিহাসবিদ। মার্কসীয় বিশ্লেষণ প্রয়োগ করেছেন তাঁর কাজে।
কেরালার গুরুভায়ুরে ১৯৩৬ সালে জন্ম পানিক্করের। চাভাক্কড় হাই স্কুল, পালাক্কাড ভিক্টোরিয়া কলেজ এবং রাজস্থান বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি। কর্মজীবনে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে যুক্ত হন। এই বিশ্ববিদ্যালয়ে স্কুল অব সোশাল স্টাডিজের ডিন থেকেছেন তিনি। আধুনিক ইতিহাস আর্কাইভের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।
অধ্যাপক পানিক্কর বিদেশের বহু বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর ছিলেন। শ্রী শঙ্করাচার্য সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন তিনি। কেরালার উচ্চশিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
প্রয়াণের সময় এই ইতিহাসবিদের বয়স হয়েছিল ৮৯। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন শোকবার্তায় বলেছেন, বিজ্ঞানসম্মত এবং মার্কসবাদী ইতিহাস চর্চায় স্তম্ভের মতো ছিল তাঁর ভূমিকা। ভারতের ধর্মনিরপেক্ষ এবং বহুত্ববাদী ধারাকে বিকৃত করার প্রয়াসের বিরুদ্ধে বিরামহীন লড়াই করেছেন। তাঁর চিন্তা এবং জ্ঞানচর্চা বাম ও গণতান্ত্রিক আন্দোলনে আলোকরেখা হয়ে থেকেছে। তাঁর প্রয়াণে জ্ঞানচর্চা এবং সাংস্কৃতিক পরিসরে বড় শূন্যতা তৈরি করল।
K N Panikkar
ইতিহাসবিদ কে এন পানিক্করের জীবনাবসান
×
Comments :0