রাজস্থানের শহরাঞ্চলের পৌরসভা নির্বাচনে ভালো ফল করলেও গ্রামীণ এলাকার পঞ্চায়েত নির্বাচনে সেই সাফল্য ধরে রাখতে পারল না বিজেপি। বরং গ্রামাঞ্চলের ভোটে বড়সড় সাফল্য পেল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল শাসক বিজেপির গ্রামীণ সংগঠন ও জনসমর্থন নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। বিশেষ করে রাজ্যের একাধিক মন্ত্রী এবং প্রভাবশালী বিজেপি নেতার নিজস্ব রাজনৈতিক এলাকায় দলের পরাজয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
নির্বাচনে নগরোন্নয়ন ও আবাসনমন্ত্রী ঝাবর সিং খারার পরিবারের সদস্যরা পরাজিত হয়েছেন। অন্যদিকে, বিজেপির প্রাক্তন মন্ত্রী রাজেন্দ্র রাঠোরের ছেলে ও পুত্রবধূ নির্বাচনে জয়ী হয়েছেন। সব মিলিয়ে ১৭ জন মন্ত্রী এবং তিনজন কেন্দ্রীয় মন্ত্রী নিজেদের প্রভাবাধীন এলাকায় রাজনৈতিক জমি ধরে রাখতে ব্যর্থ হয়েছেন।
উপমুখ্যমন্ত্রী প্রেমচাঁদ বৈরওয়ার দুদু বিধানসভা কেন্দ্র, স্বাস্থ্যমন্ত্রী গজেন্দ্র সিং খিনভসরের লোহাওয়াত এবং কৃষিমন্ত্রী কিরোরি লাল মিনার সওয়াই মাধোপুর বিধানসভা এলাকাতেও বিজেপিকে পরাজয়ের মুখ দেখতে হয়েছে। রাজনৈতিক মহলের মতে, রাজ্য সরকারের ক্ষমতা এবং নেতাদের ব্যক্তিগত প্রভাব সবসময় যে স্থানীয় স্তরে ভোটে প্রতিফলিত হয় না, এই ফলাফল তারই ইঙ্গিত দিচ্ছে।
অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে কংগ্রেস। রাজ্যের মোট ১,২৭১টি জেলা পরিষদ আসনের মধ্যে ৭৯৪টিতে জয় পেয়েছে তারা। পঞ্চায়েত সমিতির ৭,৫২০টি আসনের মধ্যে কংগ্রেসের দখলে এসেছে ৩,৭৫৮টি আসন।
অন্যদিকে বিজেপি পেয়েছে ৩৫৭টি জেলা পরিষদ আসন এবং ২,২১৩টি পঞ্চায়েত সমিতির আসন। রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (আরএলপি) পেয়েছে যথাক্রমে ৫১টি ও ৪৯৭টি আসন।
এই ফলাফলের ফলে পঞ্চায়েত সমিতিগুলিতে প্রধান নির্বাচনের ক্ষেত্রে কংগ্রেসের অবস্থান বিজেপি ও আরএলপির তুলনায় সুবিধাজনক হয়েছে। আগামী ২৫ নভেম্বর জেলা পরিষদের জেলা প্রধান নির্বাচন এবং ২৭ নভেম্বর পঞ্চায়েত সমিতির প্রধান নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাজস্থানের পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে শহর ও গ্রামের রাজনৈতিক সমীকরণের পার্থক্য স্পষ্ট হয়েছে। শহরাঞ্চলের নির্বাচনে জাতীয় রাজনীতি, নাগরিক পরিষেবা এবং বৃহত্তর রাজনৈতিক প্রচারের প্রভাব থাকলেও পঞ্চায়েত নির্বাচনে স্থানীয় নেতৃত্ব, জনপ্রতিনিধিদের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ, সামাজিক সমীকরণ এবং দৈনন্দিন সমস্যাগুলি বেশি গুরুত্ব পায়।
গ্রামীণ এলাকায় রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, জমি দখল, সরকারি প্রকল্পের কাজ এবং স্থানীয় উন্নয়নমূলক কাজের দীর্ঘসূত্রিতা ভোটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ, দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব এবং নিচুতলার কর্মীদের সঙ্গে নেতৃত্বের যোগাযোগের অভাবও বিজেপির ফলাফলে প্রভাব ফেলেছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।
২০২১ সালের পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের সঙ্গে এবারের ফলাফলের তুলনাতেও পরিবর্তনের ছবি উঠে এসেছে। ২০২১ সালে মোট ৬,৯৯২টি পঞ্চায়েত সমিতির আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ২,৮৫৯টি এবং কংগ্রেস পেয়েছিল ২,৯৯৮টি আসন। ৩৩টি জেলার জেলা পরিষদ নির্বাচনে বিজেপি পেয়েছিল ৫০৫টি আসন, কংগ্রেসের দখলে এসেছিল ৪৫৬টি।
নির্বাচনের ফলাফল সামনে আসার পর শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কংগ্রেস এই ফলাফলকে বিজেপি সরকারের কাজকর্মের বিরুদ্ধে গ্রামীণ মানুষের রায় বলে দাবি করেছে। অন্যদিকে, বিজেপি জানিয়েছে, তারা মানুষের রায়কে সম্মান করে।
বিজেপির রাজ্য সভাপতি মদন রাঠোরের অভিযোগ, কংগ্রেস মিথ্যা প্রচার এবং বিভ্রান্তিকর বয়ানের মাধ্যমে নির্বাচনে লড়াই করেছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রশ্ন তোলা, ভোট চুরির অভিযোগ এবং ইভিএম কারচুপির অভিযোগের জন্য কংগ্রেসের ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।
অন্যদিকে, কংগ্রেসের রাজ্য সভাপতি গোবিন্দ সিং দোতাসরা দাবি করেছেন, পৌরসভা নির্বাচনে সীমানা পুনর্বিন্যাসের ক্ষেত্রে অনিয়ম করে বিজেপি বেশি আসন পেয়েছিল। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে গ্রামের মানুষ বিজেপি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাকে উপযুক্ত জবাব দিয়েছেন।
রাজ্যের বিরোধী দলনেতা টিকা রাম জুলিও দাবি করেছেন, বিজেপি সরকারের তিন বছরের শাসনে মানুষের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে, পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে তারই প্রতিফলন ঘটেছে। গ্রামীণ রাজস্থানে কংগ্রেসের জনভিত্তি এখনও যথেষ্ট শক্তিশালী বলেও দাবি তার।
পৌরসভা নির্বাচনে সীমানা পুনর্বিন্যাস নিয়ে ওঠা বিতর্কের প্রসঙ্গও তুলে ধরেছে কংগ্রেস। দোতাসরার বক্তব্য, শহরাঞ্চলের নির্বাচনে বিজেপি যে পদ্ধতি অনুসরণ করেছিল, পঞ্চায়েত নির্বাচনে তার জবাব দিয়েছেন গ্রামীণ ভোটাররা।
এবারের পঞ্চায়েত নির্বাচনে রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির (আরএলপি) ফলাফলও বিশেষভাবে উল্লেখযোগ্য। দলটি ৪৯৭টি পঞ্চায়েত সমিতির আসন এবং ৫১টি জেলা পরিষদের আসনে জয় পেয়েছে। এর ফলে রাজস্থানের গ্রামীণ রাজনীতিতে বিজেপি ও কংগ্রেসের পাশাপাশি আরএলপিও একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উঠে এসেছে।
বিশেষ করে যে সমস্ত পঞ্চায়েত সমিতিতে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, সেখানে প্রধান নির্বাচনের ক্ষেত্রে আরএলপির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
২০২৮ সালের রাজস্থান বিধানসভা নির্বাচনের আগে এই পঞ্চায়েত ফলাফল কংগ্রেসকে রাজনৈতিকভাবে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে। তবে স্থানীয় নির্বাচনে পাওয়া সাফল্যকে বিধানসভা নির্বাচনের লড়াইয়ে কতটা কাজে লাগানো যাবে, তা নির্ভর করবে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, অভ্যন্তরীণ মতবিরোধ মেটানো এবং গ্রামীণ মানুষের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ বজায় রাখার উপর।
পাশাপাশি নির্বাচিত জনপ্রতিনিধিরা স্থানীয় স্তরে কতটা উন্নয়নমূলক কাজ করতে পারেন, সাধারণ মানুষের সমস্যা কতটা সমাধান করতে পারেন, তার উপরও কংগ্রেসের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নির্ভর করবে।
অন্যদিকে, বিজেপির কাছে এই ফলাফল গ্রামীণ সংগঠন নিয়ে নতুন করে পর্যালোচনার বার্তা দিয়েছে। শহরাঞ্চলে নির্বাচনী সাফল্য সত্ত্বেও কেন গ্রামে সেই সমর্থন ধরে রাখা গেল না, কেন একাধিক মন্ত্রী ও প্রভাবশালী নেতার এলাকায় দলকে পরাজয়ের মুখ দেখতে হল, তা খতিয়ে দেখতে হবে বিজেপি নেতৃত্বকে।
তবে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলকে সরাসরি ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের পূর্বাভাস হিসেবে দেখা ঠিক হবে না। কারণ স্থানীয় নির্বাচনে প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, জাতপাত ও সম্প্রদায়গত সমীকরণ এবং গ্রামভিত্তিক সমস্যার প্রভাব অনেক বেশি থাকে।
তবুও রাজস্থানের সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিয়ে গেল রাজ্যের ক্ষমতায় থাকা কিংবা শহরাঞ্চলে নির্বাচনী সাফল্য অর্জন করলেই গ্রামীণ স্তরে জনসমর্থন নিশ্চিত হয় না। আগামী দিনে রাজস্থানের রাজনীতিতে এই গ্রামীণ জনমতের প্রভাব কতটা পড়ে, এখন সেটাই দেখার।
Rajasthan
রাজস্থানে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ধাক্কা বিজেপির, এগিয়ে কংগ্রেস
×
Comments :0