চলতি বছর ফুটবল দুনিয়াকে বার বার অবাক করেছে। ২২ বছর পর ইপিএল জয়ী হয়েছে আর্সেনাল। ২২ বছর পর ভারতীয় ফুটবলের শীর্ষ লিগ জিতেছে ইস্টবেঙ্গল। এই সব দেখেই সিআর ৭ এর সমর্থকরা মনে করছেন এবারের বিশ্বকাপ উঠবে তাদের তারকার হাতে। গত বিশ্বকাপ মেসির হলে এবার রোনাল্ডোর।
সমর্থকরা যখন এই মনে করছেন তখন পর্তুগালের অধিনায়ক ম্যাচ ধরে ধরে এগোতে চাইছেন। বিশ্বকাপ শুরুর আগে পর্তুগাল দলকে সংযত থাকার বার্তা দিয়েছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে রোনাল্ডো বলেছেন, এখনই শিরোপা জয়ের কথা না ভেবে দলের মূল লক্ষ্য হওয়া উচিত প্রতিযোগিতায় ভালো শুরু করা।
৪৮ দলের বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে পর্তুগাল। ৪১ বছর বয়সী রোনাল্ডো এবার খেলতে চলেছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপে, যা বিশ্ব ফুটবলে একটি রেকর্ড।
দেশ ছাড়ার আগে সাংবাদিকদের রোনাল্ডো বলেন, ‘প্রথমে ভালো শুরু করা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ও দ্বিতীয় ম্যাচে ভালো খেলতে হবে এবং গ্রুপের শীর্ষে থেকে শেষ করতে হবে। এরপর ম্যাচ ধরে এগোতে হবে। শুরু থেকেই বিশ্বকাপ জয়ের প্রত্যাশা নিয়ে নামা উচিত নয়। ধাপে ধাপে এগোতে হবে। ভালো শুরুটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
গ্রুপ কে-তে থাকা পর্তুগাল আগামী বুধবার হিউস্টনে নিজেদের প্রথম ম্যাচে কঙ্গোর মুখোমুখি হবে। এরপর ২৩ জুন উজবেকিস্তানের বিরুদ্ধে এবং ২৭ জুন মায়ামিতে কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে তারা।
রোনাল্ডোর মতে, টুর্নামেন্ট যত এগোবে, ততই প্রকৃত শক্তির পরীক্ষা হবে। তিনি বলেন, ‘যখন প্রতিযোগিতা কঠিন হয়ে উঠবে, মানসিক ও শারীরিক ক্লান্তি প্রভাব ফেলতে শুরু করবে, তখনই বোঝা যাবে প্রকৃত চ্যাম্পিয়ন কারা।’
এবারের বিশ্বকাপ পর্তুগালের নবম অংশগ্রহণ। ১৯৬৬ সালে তৃতীয় এবং ২০০৬ সালে চতুর্থ স্থান অর্জনই বিশ্বকাপে তাদের সেরা সাফল্য। উল্লেখ্য, ২০০৬ সালের বিশ্বকাপেই প্রথমবার খেলেছিলেন রোনাল্ডো। ২০২২ সালে পর্তুগাল কোয়ার্টার ফাইনালে পৌঁছলেও মরক্কোর কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল।
২০১৬ সালে পর্তুগালকে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জেতানো রোনাল্ডো জানিয়েছেন, বিশ্বকাপের প্রস্তুতি পর্বে দল কঠোর অনুশীলন করেছে এবং তিনি নিজেও শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
বর্তমানে সৌদি আরবে ক্লাব ফুটবল খেললেও দীর্ঘ ক্যারিয়ারের বড় অংশ তিনি কাটিয়েছেন রিয়াল মাদ্রিদ এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো ঐতিহ্যবাহী ক্লাবে।
পর্তুগালের বর্তমান দল সম্পর্কে আশাবাদী রোনাল্ডো বলেন, ‘এটি অত্যন্ত প্রতিভাবান একটি প্রজন্ম। তবে এমন অনেক বিষয় রয়েছে যা আমাদের নিয়ন্ত্রণে নেই। জয় বা পরাজয় অনেক কিছুর উপর নির্ভর করে। কিন্তু আমি নিশ্চিত, এই দল পর্তুগালের সমর্থকদের গর্বিত করবে।’
প্রথম বিশ্বকাপ শিরোপার সন্ধানে নামা পর্তুগালের সামনে তাই আপাতত একটাই লক্ষ্য শুরুটা যেন হয় নিখুঁত।
Christiano Ronaldo
বিশ্বকাপ জয়ের স্বপ্ন নয়, ভালো শুরুতেই জোর রোনাল্ডোর
×
Comments :0