Bilkis Banu fears re-attack after Supreme Court verdict

সুপ্রিম কোর্টের রায়ের পর ফের আক্রান্ত হওয়ার আশঙ্কা বিলকিস বানুর

জাতীয়

‘যারা আমার জীবনে অন্ধকার ডেকে এনেছিল তারাই এখন সারা দেশে অন্ধ কার নামিয়ে আনছে।’’
কেরালায় এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছে গুজরাট গণহত্যার আক্রান্ত বিলকিস বানু। বিলকিস বানুকে ধর্ষণ এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যার দায়ে সাজাপ্রাপ্তদের দু’জনের শাস্তি সম্প্রতি স্থগিত করেছে সুপ্রিম কোর্ট।  
গুজরাটের বিলকিস বানুর মামলা ঘিরে বিতর্কে সারা দেশ আলোড়িত। নৃশংসতার শিকার হয়েছিলেন তিনি। ২০০২ সালে গুজরাট গণহত্যার সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। বিলকিস বানুকে বিচারের জন্য ঘুরে বেড়াতে হয়েছে বছরের পর বছর। 
কেরালার এই অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘‘বিচারবিভাগের ওপর আস্থা রেখেই বছরের পর বছর লড়াই করেছি। এখন আদালতের সিদ্ধান্ত আমাকে হতাশ করেছে।’’ তিনি বলেন, ‘‘ফের আক্রান্ত হওয়ার আশঙ্কাও করছি।’’ 
উল্লেখ্য, বিলকিস এবং তার পুরো পরিবারকে নিজস্ব ভিটে ছেড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে হয়েছে শুধুমাত্র অপরাধীদের আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। 
গত ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টের দুই বিচারপতি এম এম সুন্দ্রেশ এবং পিবি ভারালের বেঞ্চ সাজা প্রাপ্তদের মধ্যে বিপানচান্দ কানাইয়ালাল যোশী এবং প্রদীপ রমনলাল মোধিয়ার শাস্তি স্থগিত করে জামিন মঞ্জুর করে। আদালতের রায়ে বলা হয় এরা এর মধ্যেই ১৭ বছর জেল খেটেছে।
উল্লেখ্য, ২০১৭’র ৪ মে বম্বে হাইকোর্ট বিলকিস বানুকে ধর্ষণ এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যার দায়ে ১১ জনকে আজীবন সশ্রম কারাদণ্ড দেয়। 
কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে একাধিক প্রশ্ন রয়েছে আইন বিশারদদের মধ্যেও। জামিন দেওয়ার যুক্তিতে স্বচ্ছতার অভাব নিয়ে প্রশ্ন উঠেছে। আরও গুরুত্বপূর্ণ আক্রান্ত বিলকিস বানুকে বক্তব্য জানানোর নোটিশ না দিয়েই জামিনের রায় ঘোষণা করা হয়েছে। 
এদিকে শনিবার কোচির টাউন হলে ‘ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া’-র রাজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান আয়েজিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় বিলকিস বলেন, ‘‘সেই যন্ত্রণার জন্য দায়ী ব্যক্তিরা এখনও তাঁর পরিবারের পিছু ছাড়েনি।’’ 
তিনি জানান যে, তাঁর ওপর হামলায় দন্ডপ্রাপ্ত দুই আসামির সাজা সুপ্রিম কোর্ট স্থগিত রাখার বিষয়টি তাঁকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। তিনি আরও বলেন, ‘‘বিচার বিভাগের কাছ থেকেও এমন হতাশার মুখোমুখি হওয়াটা অত্যন্ত বেদনাদায়ক, অথচ এই বিচার বিভাগই ছিল তাঁর শেষ ভরসা।’’
তিনি জানান, ‘‘এমন অন্ধকারময় সময়েও, আমি আশা নিয়ে কেরালার দিকে তাকিয়ে রয়েছি।’’ অনুষ্ঠানে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি ন্যায়বিচারের লড়াইয়ে তাঁর পাশে থাকা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ওয়েলফেয়ার পার্টি কেরালাম-এর সভাপতি রাজাক পালেরি এবং উইমেন জাস্টিস মুভমেন্ট-এর সভাপতি ভি এ ফায়িজা তাঁকে কৃতজ্ঞতাস্বরূপ একটি স্মারক দেন। আয়োজকরা বলেন, "বিলকিস কোনো ভুক্তভোগী নন, বরং তিনি বিশ্বজুড়ে সংগ্রামের এক প্রতীক।"

Comments :0

Login to leave a comment