দেশজুড়ে বিভিন্ন ইস্যুতে চলা প্রতিবাদকে এক ছাতার তলায় আনতে ‘সত্যাগ্রহ’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার এই প্ল্যাটফর্মের উদ্বোধন করে তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন প্রান্তে সত্যকে দমন করা হচ্ছে। সেই পরিস্থিতিতে প্রতিবাদকারীদের পাশে দাঁড়ানো তার দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকীর এক দিন পর এই প্ল্যাটফর্ম চালু করেন রাহুল। তার আহ্বান, দেশের যে কোনও প্রান্তে অন্যায় বা অধিকার সংক্রান্ত আন্দোলনে যুক্ত মানুষ তাদের প্রতিবাদের কথা ‘সত্যাগ্রহ’ প্ল্যাটফর্মে নথিভুক্ত করুন। এর মাধ্যমে বিভিন্ন আন্দোলনকে একটি মানচিত্রে তুলে ধরে পরস্পরের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এক্স-এ দেওয়া পোস্টে রাহুল লেখেন, দেশের বিভিন্ন প্রান্তে মানুষ নিজেদের অধিকারের জন্য লড়াই করছেন। জেন জি, পড়ুয়া, কৃষক, আদিবাসী, দলিত এবং মহিলাদের প্রত্যেকের আন্দোলনের নিজস্ব গল্প রয়েছে। কিন্তু একা একটি কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া তুলনামূলক সহজ। সেই কারণেই বিভিন্ন প্রতিবাদী কণ্ঠস্বরকে একই মানচিত্রে নিয়ে আসার উদ্যোগ ‘সত্যাগ্রহ’।
মহাত্মা গান্ধীর প্রসঙ্গ তুলে রাহুল বলেন, বাপু শিখিয়েছিলেন সত্যই সবচেয়ে বড় অস্ত্র। তবে সত্যের পাশে একসঙ্গে দাঁড়ানো আরও শক্তিশালী। অন্যায়ের বিরুদ্ধে কেউ আন্দোলন করলে তাকে নিজের সেই আন্দোলনের কথা জানাতে আহ্বান জানান তিনি। তার দাবি, মাত্র দু’মিনিট সময় নিয়ে আন্দোলনের তথ্য এই প্ল্যাটফর্মে নথিভুক্ত করা যাবে।
রাহুল জানান, কোনও আন্দোলন ‘সত্যাগ্রহ’ মানচিত্রে জায়গা পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি দেখতে পারবেন দেশের আর কোথায় একই ধরনের দাবিতে মানুষ আন্দোলন করছেন।
একটি ভিডিও বার্তাতেও রাহুল বলেন, দেশের বিভিন্ন প্রান্তে একাধিক প্রতিবাদ চলছে। জমি, মহিলাদের অধিকার, দলিতদের অধিকার, ওবিসি অধিকার, শিক্ষা এবং পরীক্ষা-সহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে মানুষ আন্দোলনে নেমেছেন। এই সমস্ত আন্দোলনকে সংগঠিত করে একটি জায়গায় তুলে ধরার পাশাপাশি আন্দোলনকারীদের দাবির সমাধানে তাদের সঙ্গে কাজ করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান তিনি।
ভিডিও বার্তায় রাহুল বলেন, ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করে নিজেদের আন্দোলন নথিভুক্ত করতে হবে। এরপর আন্দোলনগুলিকে কীভাবে সমর্থন করা যায়, তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হবে বলেও জানান তিনি।
লোকসভার বিরোধী দলনেতা হিসেবে মানুষের পাশে দাঁড়ানো তার দায়িত্ব বলে উল্লেখ করে রাহুল বলেন, যেখানে সত্যকে দমন করা হচ্ছে, সেখানে মানুষকে প্রতিরোধে সহায়তা করা গুরুত্বপূর্ণ। তার মতে, দেশের সর্বোচ্চ স্তরে যেমন সত্যের গুরুত্ব রয়েছে, তেমনই দেশের প্রতিটি প্রান্তে সত্যের পক্ষে লড়াই করাও জরুরি।
এই নতুন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশজুড়ে বিভিন্ন ইস্যুভিত্তিক আন্দোলনকে এক জায়গায় এনে তাদের মধ্যে সমন্বয় তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে।
Rahul Gandhi
দেশজুড়ে ‘সত্যাগ্রহ’ আন্দোলনকে এক ছাতার তলায় আনতে ডিজিটাল প্ল্যাটফর্ম রাহুল গান্ধীর
×
Comments :0