West Bengal Election Alipurduar

বাম প্রার্থীর সমর্থনে মহিলাদের টোটো মিছিল আলিপুরদুয়ারে

জেলা বাংলা বাঁচানোর ভোট

আলিপুরদুয়ারে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে বৃহস্পতিবার এক টোটো মিছিল অনুষ্ঠিত হয়। শহর থেকে গ্রামীণ এলাকায় ছড়িয়ে পড়ে এই প্রচার অভিযান, যার মূল লক্ষ্য ছিল আলিপুরদুয়ার জংশন কেন্দ্র করে সাধারণ মানুষের কাছে পৌঁছানো এবং বাম প্রার্থী শ্যামল রায়ের সমর্থনে জনমত গড়ে তোলা।
মিছিল জুড়ে নারী নির্যাতন, লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ধর্মের নামে বিভাজনের বিরুদ্ধে স্লোগান উঠে আসে। টোটো বাহিত এই প্রচার যাত্রা পথে পথে থেমে ছোট ছোট পথসভায়  হয়, যেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন সংগঠনের নেতৃত্ব।
এদিন বক্তব্য রাখেন জেলা সম্পাদিকা শিলা রায় এবং জেলা সভাপতি তাপসী দে। তাঁদের বক্তব্যে উঠে আসে, দেশের বিভিন্ন প্রান্তে মহিলারা ক্রমাগত নির্যাতনের শিকার হচ্ছেন এবং কর্মক্ষেত্রেও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। চা শ্রমিক থেকে কৃষি শ্রমিক-শ্রমনিবিড় নানা ক্ষেত্রে যুক্ত মহিলারা তাঁদের পরিশ্রম দিয়ে উৎপাদনকে এগিয়ে নিয়ে গেলেও পাচ্ছেন না ন্যায্য ও সম্মানজনক মজুরি।
নেতৃত্ব আরও অভিযোগ করেন, রাজ্য সরকার এক দশক আগে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করলেও তা এখনও কার্যকর হয়নি। ফলে এই শ্রমজীবী মহিলাদের জীবনযাত্রার মান উন্নত হয়নি। পাশাপাশি, দেশজুড়ে বিভাজনের রাজনীতির বিরুদ্ধেও তীব্র সমালোচনা শোনা যায় তাঁদের বক্তব্যে।
তাঁরা বলেন, মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলতে হবে। ভারতীয় জনতা পার্টি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ-এর বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে এবং কর্পোরেট স্বার্থনির্ভর নয়া উদারনীতির বিরুদ্ধেও সংগ্রাম জোরদার করার আহ্বান জানানো হয়।
রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও এ রাজ্যে নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনক বলেও দাবি করা হয়। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে মহিলাদের সুরক্ষা, সম্মান ও অধিকার নিশ্চিত করতে বামপন্থী শক্তিকে, বিশেষ করে লাল ঝান্ডাকে সমর্থন করার জন্য সকলের কাছে আবেদন জানান সংগঠনের পক্ষ থেকে।

Comments :0

Login to leave a comment