FIFA World cup 2026

সেমিফাইনালে স্পেন, লড়াই ফ্রান্সের সাথে

খেলা বিশ্বকাপ ২০২৬

টানটান উত্তেজনাপূর্ণ লড়াইয়ের শেষে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন। নির্ধারিত সময়ের শেষদিকে মিকেল মেরিনোর দুর্দান্ত গোলে জয় নিশ্চিত করে লুইস দে লা ফুয়েন্তের দল। এই জয়ের ফলে সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স।
ম্যাচের শুরু থেকেই বলের দখল রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। ৩০ মিনিটে ফাবিয়ান রুইজের গোলে এগিয়ে যায় তারা। তবে পিছিয়ে পড়েও দমে যায়নি বেলজিয়াম। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৪১ মিনিটে চার্লস ডি কেটেলারের গোলে সমতা ফেরায় রেড ডেভিলস।
দ্বিতীয়ার্ধে স্পেন একের পর এক আক্রমণ শানালেও বেলজিয়ামের রক্ষণ শুরুতে দৃঢ় ছিল। কিন্তু ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে চোট পেয়ে মাঠ ছাড়েন গোলরক্ষক থিবো কুর্তোয়া। তার পরিবর্তে নামা সেনে ল্যামেন্স ৮৮ মিনিটে একটি শট পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হলে সেই সুযোগ কাজে লাগিয়ে জয়সূচক গোল করেন বদলি ফুটবলার মিকেল মেরিনো।
শেষ মুহূর্তে সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালায় বেলজিয়াম। রোমেলু লুকাকুর একটি সুযোগও তৈরি হয়, তবে স্পেনের রক্ষণ তা সফলভাবে সামলে নেয়। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে বিশ্বকাপের শেষ চারে জায়গা নিশ্চিত করে স্পেন।
এই জয়ের ফলে ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠল স্পেন। এখন তাদের সামনে আরও বড় পরীক্ষা শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠার লড়াই।

Comments :0

Login to leave a comment