Tea Garden Workers

ডুয়ার্সকন্যায় কর্মসূচির প্রচারে চা শ্রমিকদের গেট সভা, মিটিং

জেলা

‘চা শিল্প, চা শ্রমিক বাঁচা’ এই স্লোগানকে সামনে রেখেই আগামী ২১ সেপ্টেম্বর  আলিপুরদুয়ারের ডুয়ার্সকন্যায় সারাদিন ব্যাপী কর্মসূচি। জেলার বিভিন্ন চা বাগানে ইতিমধ্যেই শুরু হয়েছে গেটসভা, মিটিং ও মিছিল। এক মাস ধরে চলা এই প্রচারের মূল লক্ষ্য- চা শ্রমিকসহ সমস্ত শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং লাগামছাড়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ।
দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রশ্নে স্থায়ী সমাধান হয়নি। সরকার পরিবর্তনের আগে নির্বাচনী প্রচারে শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মুজুরি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু আজও সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের স্পষ্ট উদ্যোগ দেখা যাচ্ছে না। ভোটের আগে প্রতিশ্রুতি, ভোটের পরে নীরবতা এই দ্বিচারিতার জবাব চাইছেন চা শ্রমিকরা।
পিএফ, গ্রাচুয়িটি, জমির অধিকার, পেনশন--দীর্ঘদিনের একাধিক সমস্যা এখনও ঝুলে রয়েছে। শ্রমিকদের ঘাম-রক্তে যে চা শিল্প দাঁড়িয়ে আছে, সেই শ্রমিকরাই আজ শিক্ষা, স্বাস্থ্য, রেশন, আবাসন ও নিরাপত্তার অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। শ্রমিক আইনে মালিকদের দায়বদ্ধতা থাকলেও তার বাস্তব প্রয়োগ নিয়ে প্রশ্ন রয়েছে। বন্ধ বাগান, শূন্যপদ এবং শ্রমিকদের নিরাপত্তার সমস্যাও ক্রমশ গভীর হচ্ছে।
শ্রমিক নেতা বিকাশ মাহালী শুক্রবার বলেন, ‘‘তৃণমূল সরকার যেভাবে চা শ্রমিকদের বঞ্চিত করেছে, বর্তমান সরকারও একইভাবে প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের হতাশ করছে। ভোটের আগে বলা হয়েছিল, চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করা হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি কোথায়? এই প্রশ্নই আজ শ্রমিকদের মুখে মুখে। চা বলয়ে শিক্ষা, স্বাস্থ্য, রেশন, আবাসন ও নিরাপত্তার নিশ্চয়তা নেই। শ্রম আইন অনুযায়ী মালিকদের দায়িত্ব থাকলেও তা যথাযথভাবে পালন করা হচ্ছে না, অথচ কার্যকর শাস্তিও নেই। লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে শ্রমিকদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। শ্রমিকদের অধিকার ও জীবন জীবিকা সুরক্ষিত না হলে আগামী দিনে তার প্রভাব চা শিল্পের উপরও পড়বে।’’
২১ সেপ্টেম্বরের কর্মসূচিতে দাবি উঠবে—ন্যূনতম মজুরি ৫০০ টাকা, পেনশন ৯,০০০ টাকা, জমির অধিকার, নারী শ্রমিকদের নিরাপদ ও উন্নত কর্মপরিবেশ, বন্ধ বাগান অধিগ্রহণ, সমস্ত শূন্যপদ পূরণ, বৈধ ভোটারদের নাম তালিকাভুক্ত করা এবং প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা যোজনায় সকল দুঃস্থ মহিলাকে অন্তর্ভুক্ত করা। প্রতিশ্রুতি নয়, চাই অধিকার। আশ্বাস নয়, চাই বাস্তবায়ন। চা শ্রমিক বাঁচলেই বাঁচবে চা শিল্প।

Comments :0

Login to leave a comment