রুটিরুজির সন্ধানে গিয়ে ফের নিথর দেহে ফিরছেন উত্তরবঙ্গের এক পরিযায়ী শ্রমিক। মৃত শ্রমিকের নাম শান্তি রঞ্জন সরকার(৫৬)। তাঁর বাড়ি ধুপগুড়ি ব্লকের বারোঘোরিয়া গ্রাম পঞ্চায়েতের বালাপাড়ায়। কেরালার কন্যাকুমারীতে কাজ করতে গিয়ে অকাল প্রয়াণ হয়েছে তাঁর। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, পেটের দায়ে সুদূর কেরালায় শ্রমিকের কাজে গিয়েছিলেন শান্তি সরকার। প্রতিদিনের মতো এদিনও কাজে যাওয়ার সময় আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে তাঁর মরদেহ কেরালার একটি হাসপাতালের মর্গে রাখা আছে। আগামী ২-৩ দিনের মধ্যে নিথর দেহটি বাড়িতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
ঘরে দুই সন্তান ও পরিজনদের রেখে অভাবের তাড়নায় ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন বছর পঞ্চান্নর এই প্রৌঢ়। তাঁর মৃত্যুতে পরিবারটি আজ সম্পূর্ণ দিশেহারা। পরিবারের একমাত্র উপার্জনকারীর এভাবে চলে যাওয়া বালাপাড়া গ্রামে গভীর বিষাদের আবহ তৈরি করেছে।
উল্লেখ্য, উত্তরবঙ্গে কর্মসংস্থানের অভাবের চিত্রটি ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। কিছুদিন আগেই বানারহাট ব্লকের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল ভিন রাজ্যে। ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ধুপগুড়িতে। সামনেই নির্বাচন। ভোটের উত্তাপের মাঝেই এই মৃত্যু আরও একবার রাজ্যের কর্মসংস্থান ও পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশাসনের দিকে বড়সড় প্রশ্ন ছুড়ে দিল। কেন নিজের এলাকা ছেড়ে হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে শ্রমিকদের প্রাণ দিতে হচ্ছে, তা নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
Migrant Worker Dies
ফের ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু
×
Comments :0